অতিরিক্ত ক্যাফেইনে বাড়ে স্ট্রোকের ঝুঁকি
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
গত কয়েক বছরে সাপ্লিমেন্ট বা পরিপূরক খাদ্যের বাজার ব্যাপকভাবে প্রসারিত হয়েছে। যদিও শরীরের জন্য প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্ট ও ম্যাক্রোনিউট্রিয়েন্টের চাহিদা পূরণ করা জরুরি। তবুও সব ধরণের জিম সাপ্লিমেন্ট সবার জন্য উপযুক্ত নয়।
মানসম্মত পণ্যের পাশাপাশি বাজারে এমন অনেক সাপ্লিমেন্ট রয়েছে যা উপকারের চেয়ে ক্ষতিই বেশি করতে পারে। এগুলোর মধ্যে কোনোটিতে ক্ষতিকর উপাদান থাকে, কোনোটি রাতারাতি অবাস্তব ফল পাওয়ার প্রতিশ্রুতি দেয়, আবার কোনোটি ভেজালযুক্তও হতে পারে।
ভারতের প্রখ্যাত নিউরোসার্জন ডা. ধ্রুমিতসিং রাও-এর মতে, গত বছর সাপ্লিমেন্ট শিল্প বিলিয়ন বিলিয়ন ডলার আয় করেছে, কিন্তু যারা এর জন্য প্রকৃত মূল্য দিয়েছে, তাদের শেষ পর্যন্ত অস্ত্রোপচারের টেবিলে যেতে হয়েছে।
ইনস্টাগ্রামে দেওয়া একটি পোস্টে ডা. রাও ২২ বছর বয়সি এক তরুণের ঘটনা তুলে ধরেছেন। টানা ১৮ মাস ধরে সপ্তাহে ছয় দিন প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্টের দুটি স্কুপ সেবনের ফলে ওই তরুণ স্ট্রোকের শিকার হয়েছিলেন।
কী ঘটেছিল?
তার বয়স ছিল ২২ বছর। শারীরিকভাবে ফিট। পরিবারে হৃদরোগের কোনো ইতিহাস ছিল না। তার নিজেরও কোনো হৃদরোগ ছিল না। সে টানা ১৮ মাস ধরে খালি পেটে একটি প্রি-ওয়ার্কআউট সাপ্লিমেন্ট নিয়েছেন যাতে ৩০০ মিলিগ্রাম ক্যাফেইন ছিল।
উচ্চমাত্রার স্টিমুল্যান্টগুলো তার শরীরে হঠাৎ করে রক্তচাপ মারাত্মকভাবে বাড়িয়ে দেয়। তার রক্তচাপ এমন পর্যায়ে পৌঁছায়, যা মস্তিষ্কের রক্তনালিগুলো সহ্য করতে পারেনি। ফলে একটি রক্তনালি ফেটে যায়। জিমের ভেতর, মঙ্গলবার সকালে তার স্ট্রোক হয়। অস্ত্রোপচারের পর সে বেঁচে যায়। চিকিৎসক ডা. রাও জানান এখনো তার বাম হাতের কার্যক্ষমতা ফিরে পাওয়ার জন্য পুনর্বাসন চলছে।
প্রি-ওয়ার্কআউট সাপ্লিমেন্ট সাময়িকভাবে আপনার শক্তি, মনোযোগ এবং ব্যায়ামের পারফরম্যান্স বাড়ানোর জন্য তৈরি করা হয়। সাধারণত ব্যায়াম শুরুর প্রায় ৩০ মিনিট আগে এগুলো গ্রহণ করা হয়।
তবে ডা. রাও বলেন, প্রি-ওয়ার্কআউট সাপ্লিমেন্টগুলোর ওপর নিয়ন্ত্রণ ও মান নজরদারি অনেক ক্ষেত্রেই সীমিত। অনেক পণ্যে ৩–৪ কাপ এসপ্রেসোর সমপরিমাণ ক্যাফেইন থাকে এক স্কুপেই। কিছু পণ্যে সাইনেফ্রিন, ইয়োহিম্বিন এবং অন্যান্য স্টিমুল্যান্ট থাকে, যেগুলো একসঙ্গে শরীরে উদ্দীপক প্রভাব আরও বাড়িয়ে দিতে পারে।
সঠিক প্রি-ওয়ার্কআউট কীভাবে বেছে নেবেন
১. প্রোপ্রিটারি ব্লেন্ড এড়িয়ে চলুন
যদি কোনো সাপ্লিমেন্টের লেবেলে প্রোপ্রিটারি ব্লেন্ড লেখা থাকে, কিন্তু প্রতিটি উপাদানের সঠিক মিলিগ্রাম উল্লেখ না থাকে, তাহলে সেটি না কেনাই ভালো। কোম্পানিগুলো অনেক সময় এসব ব্লেন্ডের আড়ালে কোনো কোনো উপাদান কম মাত্রায় ব্যবহার করতে পারে। এছাড়া, এতে আপনি ঠিক কতটা ক্যাফেইন বা অন্যান্য স্টিমুল্যান্ট গ্রহণ করছেন তা জানা কঠিন হয়ে যায়, যা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
২. আপনার ফিটনেস লক্ষ্য অনুযায়ী উপাদান বেছে নিন
প্রতিটি উপাদানের কাজ আলাদা এবং বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের জন্য ভিন্ন উপাদান বেশি উপকারী হতে পারে। তাই আপনার ফিটনেস লক্ষ্য ও ট্রেনিংয়ের ধরন অনুযায়ী ফর্মুলা বেছে নিন।
৩. স্টিমুল্যান্টের প্রতি আপনার সহনশীলতা বিবেচনা করুন
ক্যাফেইন পারফরম্যান্স বাড়াতে কার্যকর হতে পারে। তবে অতিরিক্ত ক্যাফেইন গ্রহণের ফলে হৃদস্পন্দন বেড়ে যাওয়া, উদ্বেগ এবং ঘুমের সমস্যা হতে পারে।
সাধারণভাবে, ১৫০–২৫০ মি.গ্রা. ক্যাফেইনযুক্ত একটি প্রি-ওয়ার্কআউট অনেকের জন্য যথেষ্ট হতে পারে। তবে প্রথমবার ব্যবহার করলে আপনার শরীর কীভাবে প্রতিক্রিয়া করে তা বোঝার জন্য তুলনামূলক হালকা ফর্মুলার অর্ধেক সার্ভিং দিয়ে শুরু করা ভালো।
আপনার কি সত্যিই প্রি-ওয়ার্কআউট দরকার?
না। স্বাস্থ্য বা ফিটনেসের জন্য প্রি-ওয়ার্কআউট অপরিহার্য নয়। ক্যাফেইন ও ক্রিয়েটিনের মতো কিছু উপাদানের অ্যাথলেটিক পারফরম্যান্সে প্রমাণিত উপকারিতা রয়েছে। তবে একটি সুষম খাবার, পর্যাপ্ত পানি পান এবং ভালো ঘুমের অভ্যাস একটি ভালো ও কার্যকর ওয়ার্কআউটের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।
তথ্যসূত্র: এনডিটিভি।
