Logo
Logo
×
   

Advertisement

লাইফ স্টাইল

রান্নাঘর পরিষ্কার করতে যেভাবে লেবুর খোসা কাজে লাগাতে পারেন

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পিএম

রান্নাঘর পরিষ্কার করতে যেভাবে লেবুর খোসা কাজে লাগাতে পারেন

Advertisement

লেবু শুধু খাবারের স্বাদ বাড়ায় না, দৈনন্দিন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজেও বেশ উপকারী। লেবুর রস ব্যবহার করার পর যে খোসাটি সাধারণত ফেলে দেওয়া হয়, সেটিই কাজে লাগিয়ে রান্নাঘরের নানা জিনিস পরিষ্কার করা সম্ভব।

তেলচিটে দাগ পরিষ্কারে

বাসনপত্রে জমে থাকা তেলচিটে ভাব কিংবা রান্নাঘরের স্ল্যাব ও কাউন্টারটপ পরিষ্কার করতে লেবুর খোসা ব্যবহার করতে পারেন। বাসন মাজার তরল সাবানের সঙ্গে লেবুর খোসা দিয়ে ঘষে নিলে তেল-ময়লা পরিষ্কার হতে সাহায্য করবে। কাউন্টারটপ পরিষ্কারের ক্ষেত্রে সামান্য নুন ছড়িয়ে তার ওপর লেবুর খোসা দিয়ে ঘষে নিন। এতে পরিষ্কার হওয়ার পাশাপাশি লেবুর সতেজ গন্ধও থাকবে।

কাটিং বোর্ডের দুর্গন্ধ দূর করতে

রসুন, পেঁয়াজ বা মাছ কাটার পর কাটিং বোর্ডে অনেক সময় গন্ধ থেকে যায়। এমন ক্ষেত্রে বোর্ডের ওপর লেবুর খোসা ভালোভাবে ঘষে নিন। এতে ময়লা ও দুর্গন্ধ কমাতে সাহায্য করবে এবং লেবুর অ্যাসিডিক উপাদান পরিষ্কার করার কাজেও সহায়ক হতে পারে।

সিঙ্ক ও ডাস্টবিনের গন্ধ কমাতে

রান্নাঘরের সিঙ্ক বা ডাস্টবিন থেকে দুর্গন্ধ বের হলে লেবুর খোসা কাজে লাগাতে পারেন। সিঙ্ক বা ডাস্টবিনের জায়গায় সামান্য বেকিং সোডা ছড়িয়ে লেবুর খোসা দিয়ে ঘষে নিন। আবার ডাস্টবিনের ভেতর কয়েক টুকরো লেবুর খোসা রেখে দিলেও দুর্গন্ধ কমাতে সহায়তা করতে পারে।

ধাতব জিনিসে আনুন চকচকে ভাব

তামা, পিতল কিংবা স্টেইনলেস স্টিলের বিভিন্ন জিনিসে দাগ বা কালচে ভাব দেখা দিলে লেবুর খোসা দিয়ে ঘষে দেখতে পারেন। প্রয়োজনে সামান্য নুন ব্যবহার করা যায়। লেবুর অম্লীয় উপাদান দাগ ও ময়লা পরিষ্কার করতে সাহায্য করতে পারে, ফলে ধাতব জিনিস আরও পরিষ্কার ও উজ্জ্বল দেখাতে পারে।

তৈরি করুন ঘরোয়া ক্লিনিং স্প্রে

লেবুর খোসা দিয়ে ঘরেই তৈরি করা যায় একটি সহজ ক্লিনিং স্প্রে। একটি কাচের জারে কয়েকটি লেবুর খোসা নিয়ে তাতে ভিনিগার ঢেলে ১–২ সপ্তাহ রেখে দিন। এরপর মিশ্রণটি ছেঁকে লেবুর খোসাগুলো ফেলে দিন। তৈরি তরলটি রান্নাঘরের স্ল্যাব, তাক, গ্যাসের চুলা, ওভেন কিংবা টাইলস পরিষ্কারের কাজে ব্যবহার করতে পারেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম