জন্মনিয়ন্ত্রণের স্থায়ী ও অস্থায়ী পদ্ধতি কী কী, কোনটি বেশি নিরাপদ
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
জনসংখ্যা বৃদ্ধি যেকোনো উন্নয়নশীল দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তাই বাংলাদেশের মতো জনবহুল দেশে পরিবার পরিকল্পনা ও জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির সঠিক ব্যবহার সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে এক বিরাট আশীর্বাদ হিসেবে কাজ করেছে। স্বাধীনতার সময়ে বাংলাদেশে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের হার যেখানে মাত্র ৮ শতাংশ ছিল, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬৩ শতাংশে। তবে এখনো প্রান্তিক পর্যায়ে বা কর্মজীবী নারীদের মাঝে সঠিক ও নিরাপদ পদ্ধতি নির্বাচন নিয়ে নানা ধরনের দ্বিধাদ্বন্দ্ব কাজ করে।
নিরাপদ ও পরিকল্পনাভিত্তিক জীবনযাপনের জন্য জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি মূলত দুই ভাগে বিভক্ত— অস্থায়ী পদ্ধতি এবং স্থায়ী পদ্ধতি। কার জন্য কোন পদ্ধতিটি সবচেয়ে বেশি উপযোগী, তা নির্ভর করে মূলত তার বয়স, শারীরিক অবস্থা, পারিবারিক পরিকল্পনা এবং জীবনধারার ওপর।
১. অস্থায়ী পদ্ধতি: স্বল্প ও দীর্ঘমেয়াদি সুরক্ষা
যারা এখনই সন্তান নিতে চান না বা বিয়ের পর কিছু সময় বিরতি দিয়ে সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য অস্থায়ী পদ্ধতিগুলো অত্যন্ত কার্যকর। অস্থায়ী পদ্ধতি আবার কয়েকটি ভাগে বিভক্ত:
কনডম (ব্যারিয়ার পদ্ধতি): বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় ও বহুল ব্যবহৃত একটি পদ্ধতি। এর সবচেয়ে বড় সুবিধা হলো এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই এবং এটি জন্মনিয়ন্ত্রণের পাশাপাশি যৌনবাহিত রোগ প্রতিরোধে ৯৮ শতাংশ পর্যন্ত কার্যকরী। তবে কিছু ক্ষেত্রে ল্যাটেক্স অ্যালার্জি বা অসাবধানতাবশত ফেটে যাওয়ার ঝুঁকি থাকে।
মুখে খাওয়ার পিল: জন্মনিয়ন্ত্রণের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো পিল। বাজারে মূলত দুই ধরনের পিল পাওয়া যায়—
কম্বাইন্ড ওরাল পিল (OCP): ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের মিশ্রণে তৈরি এই পিল ৯৯.৯ শতাংশ পর্যন্ত সাফল্য দেয়। মাসিকের প্রথম দিন থেকে টানা ২১ দিন এটি খেতে হয়। তবে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, জন্ডিস কিংবা ৪০ বছরের বেশি বয়সি নারীদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে।
মিনিপিল: এটি কেবল প্রোজেস্টেরন হরমোননির্ভর হওয়ায় স্তন্যদানকারী মায়েরা এটি নিরাপদে সেবন করতে পারেন। এর পার্শ্বপ্রতিক্রিয়াও তুলনামূলক কম।
ইমার্জেন্সি পিল: অরক্ষিত মিলন বা কনডম ফেটে যাওয়ার মতো জরুরি পরিস্থিতিতে মিলনের পাঁচ দিনের মধ্যে এটি ব্যবহার করতে হয়। তবে এটি নিয়মিত জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে ব্যবহার করা অনুচিত।
ইনজেকশন: প্রোজেস্টেরন হরমোনভিত্তিক এই পদ্ধতি প্রতি তিন মাসে একবার নিতে হয়। পিলের মতোই কার্যকর হলেও এটি কারো কারো ক্ষেত্রে অনিয়মিত রজঃস্রাব বা সাময়িকভাবে মাসিক বন্ধ হওয়ার কারণ হতে পারে।
ইমপ্ল্যান্ট (দীর্ঘমেয়াদি): এটি হরমোনমিশ্রিত একটি ছোট ক্যাপসুল, যা চিকিৎসকের মাধ্যমে হাতের চামড়ার নিচে স্থাপন করা হয়। এটি তিন থেকে পাঁচ বছর পর্যন্ত প্রায় শতভাগ (৯৯.৯ শতাংশ) সুরক্ষা নিশ্চিত করে।
আইইউসিডি বা কপার-টি ও মিরেনা: টি-আকৃতির কপার বা হরমোনযুক্ত এই ডিভাইসগুলো জরায়ুর মধ্যে স্থাপন করা হয়। কোনো ধরনের অপারেশন ছাড়াই এটি পাঁচ বছর পর্যন্ত কার্যকর সুরক্ষা দেয়। দীর্ঘমেয়াদি বিরতি চাইলে এটি চমৎকার একটি বিকল্প।
২. স্থায়ী পদ্ধতি: পরিবার সম্পূর্ণ হলে
যাদের পরিবার সম্পূর্ণ হয়েছে এবং ভবিষ্যতে আর সন্তান নেওয়ার কোনো পরিকল্পনা নেই, তাদের জন্য স্থায়ী পদ্ধতি বা বন্ধ্যাত্বকরণ সবচেয়ে নিশ্চিত সমাধান।
পুরুষের ক্ষেত্রে (ভ্যাসেকটমি): ছোট একটি সাধারণ অপারেশনের মাধ্যমে শুক্রাণু বহনকারী নালি (ভাস ডিফারেন্স) কেটে বা বন্ধ করে দেওয়া হয়।
নারীদের ক্ষেত্রে (টিউবাল লাইগেশন বা টিউবেকটমি): ডিম্বাণু বহনকারী ফেলোপিয়ান টিউব অপারেশনের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়। সিজারিয়ান বা জরায়ুর অন্য কোনো অপারেশনের সময়ও এটি সহজে করা সম্ভব।
কোনটি বেশি নিরাপদ এবং আপনার জন্য উপযোগী?
কোন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিটি সবচেয়ে নিরাপদ বা ভালো, তার কোনো একক উত্তর নেই। এটি সম্পূর্ণ নির্ভর করে দম্পতির ব্যক্তিগত পছন্দ এবং শারীরিক সুস্থতার ওপর।
নববিবাহিত বা স্বল্পমেয়াদি বিরতিপ্রত্যাশীদের জন্য: যারা বিয়ের পর ১ থেকে ৪ বছর বিরতি দিতে চান, তাদের জন্য চিকিৎসকের পরামর্শে মুখে খাওয়ার পিল, কনডম বা ইনজেকশন বেশ উপযোগী।
বিশেষ করে কর্মজীবী নারীদের কর্মক্ষেত্রের ব্যস্ততা ও অবাঞ্চিত গর্ভপাত এড়াতে এই পরিকল্পনাগুলো আগে থেকেই করা উচিত।
দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কর্মজীবী নারীদের জন্য: যাদের একটি বা দুটি সন্তান রয়েছে এবং অন্তত ৩ থেকে ৫ বছর বিরতি চাচ্ছেন, তারা কপার-টি কিংবা ইমপ্ল্যান্ট বেছে নিতে পারেন। তবে উচ্চ রক্তচাপ বা দীর্ঘমেয়াদি কোনো শারীরিক জটিলতা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
পরিবার পূর্ণ হলে: যাদের ভবিষ্যতে আর সন্তান নেওয়ার ইচ্ছা নেই, তাদের জন্য স্থায়ী পদ্ধতিগুলোই সবচেয়ে কার্যকর।
অবাঞ্চিত গর্ভপাত বা অনিয়ন্ত্রিত জন্মহার মা ও শিশুর স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। তাই ভুল ধারণা কাটিয়ে, চিকিৎসকের পরামর্শ নিয়ে নিজের শরীরের উপযোগী নিরাপদ পদ্ধতিটি বেছে নেওয়াই হতে পারে একটি সুস্থ ও সুন্দর ভবিষ্যতের চাবিকাঠি।

