জন্মনিয়ন্ত্রণ পিল খেলে কি সত্যি ওজন বাড়ে? যা বলছে গবেষণা
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৬ পিএম
প্রতীকী ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়ার ফলে নারীদের ওজন বেড়ে যায়—এমন একটি ধারণা সমাজে প্রচলিত রয়েছে। তবে বেশিরভাগ গবেষণাই এই ধারণার বিরোধিতা করে বলছে যে হরমোনাল জন্মনিয়ন্ত্রণ পিলের কারণে সরাসরি ওজন বাড়ার কোনো জোরালো প্রমাণ নেই।
অবশ্য পিল খাওয়া শুরু করার পর প্রথম কয়েক সপ্তাহ বা মাসে কিছু মানুষের সামান্য ওজন বাড়ার অভিজ্ঞতা হতে পারে। তবে চিকিৎসকদের মতে, এটি সাধারণত প্রকৃত কোনো ফ্যাট বা চর্বি বাড়ার কারণে হয় না, বরং শরীরে পানি জমার কারণে সাময়িকভাবে এমনটা ঘটে থাকে। এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
পিল এবং ওজন পরিবর্তন নিয়ে গবেষণা কী বলছে?
কয়েক দশক আগে জন্মনিয়ন্ত্রণ পিলগুলোতে আধুনিক পদ্ধতির তুলনায় অনেক বেশি মাত্রায় কৃত্রিম ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোন ব্যবহার করা হতো। সে সময় প্রজেস্টেরন ক্ষুধা বাড়িয়ে দিত এবং উচ্চ মাত্রার ইস্ট্রোজেন শরীরে পানি জমিয়ে রাখত। তবে সময়ের সাথে সাথে গবেষণার অগ্রগতি এবং পিলের ফর্মুলায় পরিবর্তনের ফলে এই সমস্যাগুলোর সমাধান হয়েছে।
১৯৫০-এর দশকে তৈরি প্রথম জন্মনিয়ন্ত্রণ পিলে ১৫০ মাইক্রোগ্রাম ইস্ট্রোজেন (মেস্ট্রানল) ছিল। অথচ ২০১২ সালের একটি পর্যালোচনার তথ্য অনুযায়ী, আধুনিক পিলগুলোতে ইস্ট্রোজেনের পরিমাণ মাত্র ২০ থেকে ৫০ মাইক্রোগ্রামে নামিয়ে আনা হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে পিল ও প্যাচের মতো জনপ্রিয় হরমোনাল জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিগুলোর সঙ্গে ওজন বৃদ্ধির সম্পর্ক নিয়ে বহু গবেষণা হয়েছে। এসব গবেষণার বড় একটি অংশই দেখিয়েছে যে পিলের কারণে ওজন বাড়ার পক্ষে সীমিত প্রমাণই রয়েছে।
জন্মনিয়ন্ত্রণের শুরুর দিকে যে সামান্য ওজন বাড়ে, তা মূলত শরীরের পানি ধরে রাখার ফল, স্থায়ী ওজন বৃদ্ধি নয়। যেমন, একটি পর্যালোচনায় দেখা গেছে যে, শুধু প্রজেস্টেরনযুক্ত পিল ৬ বা ১২ মাস ব্যবহারের পর অংশগ্রহণকারীদের গড় ওজন ৪.৪ পাউন্ডের কম বৃদ্ধি পেয়েছিল।
ওজন বাড়ার অন্যান্য সাধারণ কারণ
যদি আপনি লক্ষ্য করেন যে আপনার ওজন বাড়ছে অথচ এর সুনির্দিষ্ট কারণ খুঁজে পাচ্ছেন না, তবে নিচে উল্লেখিত সাধারণ বিষয়গুলোর কারণে এমনটি হতে পারে:
রুটিনে পরিবর্তন: সম্প্রতি যদি আপনার চাকরি বা দৈনন্দিন কার্যক্রমে পরিবর্তন আসে এবং আপনি দিনের বেশিরভাগ সময় বসে কাটান, তবে ধীরে ধীরে ওজন বাড়তে পারে। দীর্ঘক্ষণ বসে থাকার ফলে ওজনের পাশাপাশি অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা দিতে পারে।
খাদ্যাভ্যাসে পরিবর্তন: আপনি কি আগের চেয়ে বাইরে বেশি খাচ্ছেন? প্রতিদিনের ক্যালোরি গ্রহণের পরিমাণ ধীরে ধীরে বাড়লে তা ওজন বৃদ্ধিতে ভূমিকা রাখে। বর্তমান ওজন ধরে রাখতে বা কমাতে প্রতিদিনের ক্যালোরি গ্রহণ পরিমাপ করতে ফুড-ট্র্যাকিং অ্যাপ ব্যবহার করতে পারেন।
বিপাকক্রিয়ার পরিবর্তন: বয়স বাড়ার সাথে সাথে শরীরের মেটাবলিজম ধীরগতির হয়ে যেতে পারে। ফলে প্রাকৃতিকভাবে ক্যালোরি পোড়ানোর ক্ষমতা কমে যাওয়ায় ওজন বৃদ্ধি পেতে পারে। অনেক সময় মেটাবলিজমের (বিপাকক্রিয়া) পরিবর্তন কোনো অন্তর্নিহিত শারীরিক সমস্যার কারণেও হতে পারে। এ বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে শারীরিক পরীক্ষা এবং মেটাবলিক ব্লাড টেস্ট করিয়ে নিতে পারেন।
জিম করার ধরনে পরিবর্তন: আপনি কি সম্প্রতি মাসল-বিল্ডিং এক্সারসাইজ বাড়িয়ে দিয়েছেন? পেশির ভর বৃদ্ধির কারণেও স্কেলে ওজন বেশি দেখাতে পারে। এক্ষেত্রে আপনার শরীরের মাপ আগের মতো বা আরও ভালো থাকতে পারে, কিন্তু পেশি গঠনের কারণে ওজনের কাঁটা একটু বেশি দেখাতে পারে।
অপ্রত্যাশিত ওজন বৃদ্ধি যেভাবে সামাল দেবেন
পিল খাওয়া শুরুর পর যদি ওজনে পরিবর্তন লক্ষ করেন, তবে নিচের বিষয়গুলো মাথায় রাখতে পারেন:
সময় দিন: পিল শুরু করার সঙ্গে সঙ্গেই ওজন সামান্য বাড়তে পারে, যা মূলত পানি জমার কারণে হয়। এটি প্রায় সবসময়ই সাময়িক। সময়ের সাথে সাথে এই বাড়তি পানি কমে গিয়ে ওজন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
আরেকটু সক্রিয় হন: নিয়মিত ব্যায়াম এবং সুষম ডায়েট মেনে চলা সবসময়ই উপকারী। একটি সক্রিয় জীবনধারা বজায় রাখলে পিল শুরুর পর সাময়িকভাবে বেড়ে যাওয়া সামান্য ওজন কমিয়ে ফেলা সহজ হতে পারে।
পরিশেষে, জন্মনিয়ন্ত্রণ পিলের কারণে আপনার ওজন বাড়ছে বলে যদি মনে হয় এবং তা নিয়ে যদি উদ্বেগ থাকে, তবে প্রেসক্রিপশন প্রদানকারী চিকিৎসক বা কোনো স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিন। সব জন্মনিয়ন্ত্রণ পিল একরকম নয়; তাই চিকিৎসকের সঙ্গে কথা বললে তিনি এমন পিল নির্বাচন করে দিতে পারেন যাতে ইস্ট্রোজেনের মাত্রা কম থাকে এবং যা আপনার ক্ষুধা বা ওজনকে প্রভাবিত করে না।
সূত্র: হেলথলাইন

