বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আরও ভালো ঘুম নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পিএম
প্রতীকী ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্ববিদ্যালয় জীবন শুরু মানেই নতুন বন্ধু, নানা অনুষ্ঠান, রাত জাগা আর পড়াশোনার ব্যস্ততা। কিন্তু নতুন এই জীবনের শুরুতে শিক্ষার্থীরা অনেকেই ঠিকমতো ঘুমানোর সময় পান না। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ঘুমকে অবহেলা করলে পড়াশোনা, স্মৃতিশক্তি এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে।
কেন ঘুমের ব্যাঘাত ঘটে?
নতুন পরিবেশে মানিয়ে নেওয়া, হল জীবনে শেয়ার করা রুম এবং গভীর রাত পর্যন্ত আড্ডার কারণে প্রথম কয়েক সপ্তাহে শিক্ষার্থীদের স্বাভাবিক ঘুমের রুটিন নষ্ট হয়ে যায়। ঘুমের ঘাটতি মেটাতে অনেকে সারাদিন মাত্রাতিরিক্ত কফি বা এনার্জি ড্রিংকস পান করেন, যা পরিস্থিতি আরও খারাপ করে তোলে।
ভালো ঘুমের কিছু সহজ উপায়
শিক্ষার্থীদের জন্য কিছু জরুরি পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা:
সকালের রোদ পোহান: সকাল ১১টার মধ্যে একটু বাইরে যাওয়ার চেষ্টা করুন। সকালের প্রাকৃতিক আলো শরীরের ভেতরের ঘড়ি ঠিক রাখতে এবং ঘুম থেকে জেগে ওঠার চক্রকে স্বাভাবিক করতে সাহায্য করে।
জোর করে ঘুমানোর চেষ্টা নয়: ঘুম না আসলে বিছানায় শুয়ে ছটফট করবেন না। এতে মস্তিষ্ক বিছানাকে দুশ্চিন্তার জায়গা হিসেবে ধরে নেয়।
স্ক্রিন থেকে দূরে থাকুন: ঘুমানোর অন্তত দেড় ঘণ্টা আগে মোবাইল, ল্যাপটপ বা টিভির স্ক্রিন বন্ধ রাখুন। ভিডিও বা রিলস স্ক্রোল করলে মস্তিষ্ক সজাগ থাকে, ফলে সহজে ঘুম আসতে চায় না।
মনকে শান্ত রাখুন: ঘুমানোর আগে হালকা গরম পানিতে গোসল করতে পারেন, বই পড়তে পারেন বা শান্ত কোনো গান শুনতে পারেন।
বিছানা শুধু ঘুমের জন্য: বিছানায় বসে খাওয়া, পড়ালেখা বা ল্যাপটপে কাজ করা থেকে বিরত থাকুন। বিছানাকে কেবল ঘুমের জায়গা হিসেবেই ব্যবহার করুন।
অসুস্থতা ও যাতায়াতের চাপ
বিশ্ববিদ্যালয়ের শুরুর দিকে ঠান্ডা বা সর্দি-কাশির মতো সাধারণ অসুস্থতাও ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। তাই হাত পরিষ্কার রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া যেসব শিক্ষার্থীকে প্রতিদিন অনেক দূর থেকে যাতায়াত করতে হয়, তাদের ঘুমের সময় এমনিতেই কমে যায়। অতিরিক্ত ক্লান্তি দিন শেষের পড়াশোনাকে আরও কঠিন করে তোলে।
বিশেষজ্ঞদের মতে, রাত জাগাকে স্মার্টনেস বা স্টাইল ভাবা ভুল। পড়াশোনায় ভালো করতে এবং সুস্থ থাকতে নিয়মিত রুটিন মেনে পর্যাপ্ত ঘুমানো প্রতিটি শিক্ষার্থীর জন্যই অত্যন্ত জরুরি।

