পিঠ-কোমরের ব্যথা কি মেরুদণ্ডের অকাল বার্ধক্যের সংকেত? চিনে নিন ৪ লক্ষণ
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সকালে ঘুম থেকে উঠে পিঠে টান লাগা, দীর্ঘক্ষণ বসে থাকলে কোমরে ব্যথা কিংবা শরীরের নমনীয়তা কমে যাওয়া—এসব সমস্যাকে অনেকেই সাধারণ ক্লান্তি ভেবে এড়িয়ে যান। তবে এগুলো মেরুদণ্ডের স্বাস্থ্যের অবনতির প্রাথমিক লক্ষণও হতে পারে। বিশেষ করে দীর্ঘ সময় ডেস্কে বসে কাজ করা, ভুল ভঙ্গিতে বসা ও শারীরিক পরিশ্রমের অভ্যাস না থাকলে বয়সের আগেই মেরুদণ্ডে ক্ষয়জনিত পরিবর্তন দেখা দিতে পারে।
বর্তমানে কাজের ধরনে পরিবর্তন আসায় দীর্ঘ সময় একটানা বসে থাকার প্রবণতা বেড়েছে। অনেককে প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত কম্পিউটারের সামনে কাটাতে হয়। পর্যাপ্ত বিরতি না নেওয়া এবং দীর্ঘক্ষণ একই ভঙ্গিতে বসে থাকা মেরুদণ্ডের ওপর বাড়তি চাপ তৈরি করে।
দিল্লির একটি বেসরকারি হাসপাতালের অস্থিরোগ বিশেষজ্ঞ আশিস চৌধুরী জানান, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড়ের ক্ষয় শুরু হয় এবং পেশিও দুর্বল হয়ে পড়ে। তবে সবার ক্ষেত্রে এই পরিবর্তন একই হারে ঘটে না। বংশগত কারণ, পুরোনো আঘাত, অতিরিক্ত ওজন, দীর্ঘক্ষণ বসে কাজ করা কিংবা কুঁজো হয়ে বসার অভ্যাসের কারণে মেরুদণ্ডে বয়সের আগেই ক্ষয়জনিত পরিবর্তন দেখা দিতে পারে।
তবে এক্স-রে বা স্ক্যানের প্রতিবেদনে মেরুদণ্ডে কোনো পরিবর্তন দেখা গেলেই সেটিকে শরীরের প্রকৃত বয়সের তুলনায় দ্রুত বার্ধক্যের লক্ষণ হিসেবে ধরে নেওয়া ঠিক নয়। শারীরিক উপসর্গ ও চিকিৎসকের মূল্যায়নও গুরুত্বপূর্ণ।
মেরুদণ্ডের বয়স বাড়ার প্রাথমিক লক্ষণ
মেরুদণ্ডে ক্ষয়জনিত পরিবর্তন হলে শুরুতে কিছু সাধারণ উপসর্গ দেখা দিতে পারে। যেমন—
- সকালে ঘুম থেকে ওঠার পর অথবা দীর্ঘক্ষণ বসে থাকার পর পিঠ ও কোমর শক্ত হয়ে যাওয়া।
- শরীরের নমনীয়তা কমে যাওয়া এবং সোজা হয়ে বসতে বা দাঁড়াতে অসুবিধা হওয়া।
- মাঝেমধ্যে ঘাড় ও পিঠে অস্বস্তি বা ব্যথা অনুভব করা।
- আগে সহজে করা যেত, এমন কাজ করতে গিয়ে এখন কষ্ট হওয়া বা দ্রুত ক্লান্ত হয়ে পড়া।
কখন চিকিৎসকের পরামর্শ নেবেন
অনেকে হালকা ব্যথা বা শরীরের জড়তাকে বয়সের স্বাভাবিক পরিবর্তন মনে করে অবহেলা করেন। কিন্তু ব্যথা দীর্ঘস্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিশেষ করে হাত-পা ঝিনঝিন করা, অবশ হয়ে আসা কিংবা কোমর থেকে পা পর্যন্ত অথবা ঘাড় থেকে হাতের দিকে ব্যথা ছড়িয়ে পড়লে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।
একটানা বসে কাজ করলে কি মেরুদণ্ড ক্ষয় হয়?
দীর্ঘক্ষণ বসে থাকাই মেরুদণ্ডের ক্ষয়ের একমাত্র কারণ নয়। তবে এটি অন্যতম ঝুঁকির কারণ। একই ভঙ্গিতে দীর্ঘ সময় বসে থাকলে ঘাড় ও পিঠের ওপর চাপ পড়ে। পাশাপাশি শরীরের নড়াচড়া কমে যাওয়ায় পেশি দুর্বল হতে পারে এবং মেরুদণ্ডের বিভিন্ন অংশে অস্বস্তি তৈরি হয়।
তাই অফিসে বা বাড়িতে কাজের সময় একটানা বসে না থেকে কিছুক্ষণ পরপর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ানো, হাঁটাচলা করা এবং বসার ভঙ্গি পরিবর্তন করা প্রয়োজন।
মেরুদণ্ড সুস্থ রাখবেন যেভাবে
বয়স বাড়ার সঙ্গে মেরুদণ্ডের সক্ষমতায় পরিবর্তন আসতে পারে। তবে নিয়মিত কিছু অভ্যাস গড়ে তুললে অকাল ক্ষয় ও বিভিন্ন সমস্যা হওয়ার ঝুঁকি কমানো সম্ভব।
নিয়মিত শরীরচর্চা: প্রতিদিন হাঁটা, পেশি শক্তিশালী করার ব্যায়াম এবং স্ট্রেচিংয়ের অভ্যাস করুন। এতে পেশির সক্ষমতা ও শরীরের নমনীয়তা বজায় রাখতে সহায়তা হয়।
ওজন নিয়ন্ত্রণ: অতিরিক্ত ওজন মেরুদণ্ডের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। তাই সুষম খাবার ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণে রাখুন।
কাজের জায়গায় সতর্কতা: ডেস্ক, চেয়ার ও কম্পিউটারের অবস্থান এমনভাবে ঠিক করুন, যাতে স্বাভাবিক ভঙ্গিতে বসে কাজ করা যায়। কাজের ফাঁকে নিয়মিত বিরতি নিন এবং কিছুক্ষণ হাঁটাচলা করুন।
স্বাস্থ্যকর জীবনযাপন: পর্যাপ্ত ঘুম, পুষ্টিকর খাবার এবং ধূমপান থেকে বিরত থাকা হাড় ও মেরুদণ্ডের সুস্থতা বজায় রাখতে সহায়ক।
মেরুদণ্ডের সমস্যা শুরুতেই শনাক্ত করা গেলে অনেক ক্ষেত্রে উপসর্গ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাই দীর্ঘস্থায়ী ব্যথা বা স্নায়ুজনিত উপসর্গ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো।
