ঘুমানোর আগে রিলস দেখেন? জানুন মস্তিষ্কের কতটা ক্ষতি করছেন
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১০:০১ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সারাদিনের ব্যস্ততা শেষে বিছানায় গিয়ে মোবাইল ফোনে সময় কাটানো এখন অনেকের নিয়মিত অভ্যাস। সামাজিক যোগাযোগমাধ্যমে রিলস দেখা, খবর পড়া কিংবা একের পর এক ভিডিও স্ক্রল করতে গিয়ে রাতের অনেকটা সময় পার হয়ে যায়।
কিন্তু ঘুমানোর আগে দীর্ঘক্ষণ ফোন ব্যবহারের এই অভ্যাস মস্তিষ্কের স্বাভাবিক বিশ্রাম ব্যাহত করার পাশাপাশি ঘুমের মানেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। চলুন জেনে নেওয়া যাক-
ফোনের অতিরিক্ত ব্যবহার মস্তিষ্ককে রাখে ব্যস্ত
মোবাইল ফোন এখন বিনোদন, যোগাযোগ ও তথ্য পাওয়ার অন্যতম মাধ্যম। তবে দিনের শেষে বিশ্রামের জন্য বিছানায় যাওয়ার পরও ফোনে নতুন নতুন ছবি, ভিডিও ও তথ্য দেখতে থাকলে মস্তিষ্ক সহজে শান্ত হতে পারে না।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় ফোন ব্যবহার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত ব্যস্ত থাকার সঙ্গে মনোযোগ ও তাৎক্ষণিক আনন্দ পাওয়ার প্রবণতার পরিবর্তনের সম্পর্ক রয়েছে। একের পর এক নতুন কনটেন্ট দেখার অভ্যাস মস্তিষ্কে উদ্দীপনা তৈরি করে। ফলে ঘুমের জন্য প্রয়োজনীয় মানসিক প্রস্তুতি ব্যাহত হতে পারে।
ঘুমের মধ্যেও চলে মস্তিষ্কের গুরুত্বপূর্ণ কাজ
ঘুম কেবল শরীরের ক্লান্তি দূর করে না, বরং মস্তিষ্কের বিভিন্ন প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার সুযোগ তৈরি করে। এ সময় স্মৃতি সংরক্ষণ, আবেগ নিয়ন্ত্রণ এবং শরীরের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মস্তিষ্ক।
এছাড়া ঘুমের সময় সক্রিয় থাকে মস্তিষ্কের গ্লিম্ফ্যাটিক ব্যবস্থা। এটি মস্তিষ্কে জমে থাকা কিছু প্রোটিনজাত বর্জ্য অপসারণে সহায়তা করে। তাই সুস্থ থাকতে শুধু পর্যাপ্ত ঘুম নয়, ঘুমের গভীরতা ও মান বজায় রাখাও জরুরি।
নীল আলো ও নেতিবাচক কনটেন্টের প্রভাব
মোবাইল ফোনের পর্দা থেকে আসা নীল আলো শরীরের মেলাটোনিন হরমোনের নিঃসরণে বাধা সৃষ্টি করতে পারে। এই হরমোন ঘুম ও জাগরণের স্বাভাবিক ছন্দ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ। ফলে রাতে দীর্ঘ সময় ফোন ব্যবহার করলে ঘুম আসতে দেরি হতে পারে এবং ঘুমের স্বাভাবিক ধারাবাহিকতা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।
তবে সমস্যার পেছনে শুধু নীল আলো দায়ী নয়। ফোনে কী ধরনের বিষয় দেখা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। সহিংস খবর, উদ্বেগজনক ঘটনা, বিতর্ক কিংবা নেতিবাচক পোস্ট মস্তিষ্কে উত্তেজনা তৈরি করতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রমাগত নেতিবাচক খবর ও ঘটনা খুঁজে দেখার প্রবণতাকে বলা হয় ‘ডুমস্ক্রলিং’। এই অভ্যাস মানসিক প্রশান্তি কমিয়ে উদ্বেগ বাড়াতে পারে, যা ঘুমের ওপরও প্রভাব ফেলে।
ঘুমের আগে ফোন ব্যবহারের অভ্যাস কমাবেন যেভাবে
মোবাইল ফোনে অতিরিক্ত সময় কাটানোর কারণে অনেকেই নির্ধারিত সময়ে ঘুমাতে পারেন না। একটি ভিডিও দেখতে গিয়ে অন্য ভিডিও কিংবা নোটিফিকেশনে মনোযোগ চলে যায়। এভাবে বিছানায় যাওয়ার পরও দীর্ঘ সময় জেগে থাকতে হয়।
এই অভ্যাস নিয়ন্ত্রণে ঘুমানোর আগে ফোন ব্যবহার কমিয়ে আনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সম্ভব হলে বিছানায় মোবাইল ফোন না নেওয়া এবং অ্যালার্মের জন্য আলাদা ঘড়ি ব্যবহার করা যেতে পারে।
ফোনের পরিবর্তে বই পড়া, হালকা গান শোনা, পরিবারের সদস্যদের সঙ্গে গল্প করা কিংবা পরদিনের কাজের পরিকল্পনা করার মতো অভ্যাস গড়ে তোলা যেতে পারে। প্রকৃতির দৃশ্য দেখা, সবুজ পরিবেশে সময় কাটানো কিংবা পানির স্বাভাবিক শব্দ শোনাও মানসিক প্রশান্তিতে সহায়ক হতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ, ঘুমানোর আগের সময়টুকু সামাজিক যোগাযোগমাধ্যম ও নেতিবাচক সংবাদ থেকে দূরে থাকা উচিত। এতে মস্তিষ্ক ধীরে ধীরে বিশ্রামের জন্য প্রস্তুত হওয়ার সুযোগ পায়। মনে রাখতে হবে, শরীর বিছানায় গেলেই মস্তিষ্ক বিশ্রাম নিতে শুরু করে না। ভালো ঘুমের জন্য শারীরিক বিশ্রামের পাশাপাশি মানসিক প্রশান্তিও সমান গুরুত্বপূর্ণ।


