‘মহব্বতে’ সিনেমার শাহরুখের আইকনিক লুক, নেপথ্যে যে কথা শোনালেন হেয়ার স্টাইলিস্ট
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
এবার বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘মহব্বতে’ সিনেমায় কপালে ছড়ানো চুলের নেপথ্য কাহিনি ফাঁস হয়েছে। কীভাবে কিং খানপত্নী গৌরী খানের তত্ত্বাবধানে তৈরি হয়েছিল সেই লুক, এবার দীর্ঘ দুই দশক পর সেই কালজয়ী লুকের সৃষ্টির পেছনের অজানা গল্প ফাঁস করে দিলেন সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট দিলশাদ পাস্তাকিয়া।
২০০০ সাল। বলিউডে ব্লকবাস্টার হিট সিনেমা ‘মহব্বতে’। সেই সিনেমায় মিউজিক টিচার ‘রাজ আরিয়ান মালহোত্রা’-এর চরিত্রে দেখা যায় বাদশাহ শাহরুখ খানকে। ‘রাজ আরিয়ান’-এর পোশাক, চশমার ফ্রেম, বেহালা বাজানোর স্টাইল, তাকানোর ধরন এবং কপালের ওপর পড়ে থাকা চুলের গোছা, সেই সময় ব্যাপক ক্রেজ তৈরি করেছিল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ খানের সেই হেয়ারস্টাইলের অজানা কথা ফাঁস করলেন দিলশাদ পাস্তাকিয়া। তিনি বলেন, কীভাবে শাহরুখের স্ত্রী গৌরী খান প্রথম ‘বাদশাহ’কে তার সেলুনে নিয়ে এসেছিলেন। তার তত্ত্বাবধানেই তৈরি হয়েছিল ‘মহব্বতে সিনেমার সেই আইকনিক লুক।
দিলশাদ পাস্তাকিয়া বলেন, ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’ সিনেমার শুটিং চলাকালে শাহরুখ ‘মহব্বতে’ সিনেমার কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন। গৌরী অনেক দিন ধরেই আমার কাছে আসতেন। একদিন আমার কাছে এসে তিনি বললেন, ‘আমি শাহরুখকে তোমার কাছে নিয়ে আসছি। তখন শাহরুখ অলরেডি সুপারস্টার। কিন্তু আগের কিছু খারাপ অভিজ্ঞতার কারণে চুল কাটা বা লুক পরিবর্তন করা নিয়ে তিনি বেশ নার্ভাস ছিলেন। এ বিষয়টি নিয়ে আমাকেও তিনি খানিকটা নার্ভাস করে দিয়েছিলেন।’
তিনি বলেন, ‘আমি ওর মুখের গঠন এবং চুলের ধরন দেখে সিদ্ধান্ত নিই কী করতে হবে। ঠিক তখন গৌরী সামনে এসে আমাকে অভয় দিয়ে বলেন, দিলশাদ তুমি ভয় পেও না, তোমার যা মনে হয় সেটাই করো। আমার কাজ শেষ হওয়ার পর চুলের স্টাইল দেখে গৌরী দারুণ প্রশংসা করেন। সেদিনই প্রথম আমি নিজের দক্ষতার পরিচয় পেয়েছিলাম।’
বিখ্যাত হেয়ারস্টাইলিস্ট আয়ুষ মানোচা ব্যাখ্যা করেন যে, একজন অভিনেতার চরিত্র ফুটিয়ে তুলতে চুলের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। চুলের সিঁথি পরিবর্তন, ঘনত্ব কমানো-বাড়ানো কিংবা কপাল ঢেকে দেওয়ার মতো সামান্য কিছু পরিবর্তন পুরো চরিত্রের ভাবমূর্তি বদলে দেয়। তিনি আরও বলেন, একজন করপোরেট প্রধান এবং একজন সাধারণ সংগীতশিল্পীর চুলের কাটিং কখনো এক হতে পারে না।
‘মহব্বতে’ সিনেমায় শাহরুখের চরিত্রটিকে আরও বেশি কোমল ও রোমান্টিক করে তুলেছিল। মেকআপ, কস্টিউম ও হেয়ারস্টাইলিং—সবটা একসঙ্গে ক্লিক করে গেলে পর্দায় চরিত্র জীবন্ত হয়ে ওঠে।
