কেন প্রশংসা শুনলেই আমরা অস্বস্তিতে পড়ি? জেনে নিন মনস্তাত্ত্বিক কারণ
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০১:০০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বন্ধুর মুখে নিজের চুলের প্রশংসা শুনেই আপনি হয়তো অবচেতনভাবেই বলে ওঠেন—‘আরে ধুর, চুলের জন্য তো তেমন কিছু ব্যবহারই করি না!’ কেউ হয়তো এই অতিরিক্ত তথ্য জানতে চায়নি, তবুও আমাদের অনেকেই কারো প্রশংসার জবাবে প্রায় সহজাতভাবেই কোনো না কোনো কৌতুক বা পাশ কাটানোর চেষ্টা করি।
বাইরে থেকে এই আচরণগুলোকে অতি-বিনয় বলে মনে হতে পারে, তবে এর পেছনের অনুভূতির গভীরে রয়েছে সুনির্দিষ্ট কিছু মনস্তাত্ত্বিক কারণ। যখন কেউ আমাদের ভালো দিকটি হঠাৎ করে সবার সামনে তুলে ধরেন, তখন আমাদের অবচেতন মন স্বস্তির বদলে অদ্ভুত এক অস্বস্তি বা দ্বিধায় ভুগে থাকে।
কেন এমনটি ঘটে এবং প্রশংসা গ্রহণের এই অস্বস্তির নেতিবাচক মনস্তত্ত্ব ঠিক কীভাবে কাজ করে, তা নিয়ে ভারতের একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিস্তারিত আলোচনা করেছেন দেশটির বিশিষ্ট সাইকোথেরাপিস্ট এবং লাইফ কোচ ডা. চাঁদনী তুগনাইত।
প্রশংসায় নিজেকে খুব বেশি উন্মুক্ত মনে হয়
প্রশংসা মুহূর্তের জন্য হলেও আপনার ওপর সরাসরি স্পটলাইট ফেলে। এমনকি প্রশংসার চোখে হলেও যখন কেউ আপনাকে লক্ষ্য করে, তখন মনে হয় আপনাকে কেউ গভীরভাবে দেখছে ও মূল্যায়ন করছে।
যারা একটু আড়ালে থাকতে ভালোবাসেন, তাদের কাছে এই মনোযোগ কোনো উপহারের চেয়ে হুট করে লাইট জ্বালিয়ে দেওয়া ঘরে দাঁড়িয়ে থাকার মতো অস্বস্তিকর মনে হতে পারে। এ কারণেই লজ্জা পাওয়া, হেসে উড়িয়ে দেওয়া বা দ্রুত বিষয় বদলে ফেলার প্রবণতা দেখা যায়।
অতীতের অভিজ্ঞতার প্রভাব
শৈশবে বা অতীতে যদি প্রশংসা পাওয়া বিরল ঘটনা হয়, কিংবা তা কোনো শর্ত বা ফলাফলের ওপর নির্ভরশীল থাকে অথবা প্রশংসার ঠিক পরেই সমালোচনা আসে, তবে মন সবসময় এর পেছনের ‘ফাঁদ’ খুঁজতে অভ্যস্ত হয়ে ওঠে।
প্রাপ্তবয়স্ক হওয়ার পর কোনো ভালো কথা শুনলেও মনে সামান্য সন্দেহের জন্ম হতে পারে যে, ‘সে আসলে কী চায়?’—যদিও বক্তা সম্পূর্ণ আন্তরিকভাবেই কথাটি বলে থাকেন।
অস্পষ্ট প্রশংসা কৃত্রিম মনে হয়
কেউ যখন খুব বেশি বা সাধারণ মানের প্রশংসা করেন (যেমন—‘তুমি দারুণ!’), তখন তা আমাদের নিজেদের ধারণার সঙ্গে মেলে না, ফলে তা কিছুটা মিথ্যা বলে মনে হয়। কিন্তু নির্দিষ্ট বিষয়ের প্রশংসা (যেমন—‘তুমি যেভাবে শান্ত থেকে ওই কঠিন পরিস্থিতি সামলেছ’) গ্রহণ করা সহজ, কারণ তা বাস্তব কোনো কাজের সঙ্গে মিলে যায়।
প্রভাবের তারতম্য
যিনি প্রশংসা করছেন তিনি হয়তো এটিকে একটি ছোট্ট ও সাধারণ বিষয় হিসেবেই দেখেন। কিন্তু প্রাপকরা এর গুরুত্ব অনেক বেশি দিয়ে থাকেন এবং তা দীর্ঘ সময় মনে রাখেন।
আমাদের এই অস্বস্তি অনেক সময়ই প্রশংসার উদ্দেশ্যের চেয়ে বেশি মাত্রায় প্রকাশ পায়।
উত্তরণের উপায় কী?
এর মানে এই নয় যে, কেউ প্রশংসা করলেই আপনাকে জোর করে পুরোপুরি স্বচ্ছন্দ হতে হবে। এর চেয়ে একটি সহজ উপায় হলো—উত্তর কেবল একটি সাধারণ ‘ধন্যবাদ’-এ সীমাবদ্ধ রাখা এবং কথাটিকে আর বাড়িয়ে বা সংশোধন করে জটিল না করা।
শুরুতে এটি কিছুটা অদ্ভুত লাগতে পারে, তবে এটিই উভয় পক্ষের জন্য সবচেয়ে সুন্দর প্রতিক্রিয়া।

