Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

এক্সের প্রোফাইলে উঁকি দিতে মন চায়? ৫ উপায়ে মিলবে সমাধান

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পিএম

এক্সের প্রোফাইলে উঁকি দিতে মন চায়? ৫ উপায়ে মিলবে সমাধান

ছবি: সংগৃহীত

Advertisement

সম্পর্ক ভেঙে গেছে। হয়তো যোগাযোগও বন্ধ। তবু সাবেক প্রেমিক বা প্রেমিকার সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল দেখা বন্ধ করতে পারছেন না। কখনো তার নতুন পোস্ট দেখছেন, কখনো খোঁজ নিচ্ছেন জীবনে নতুন কেউ এসেছেন কিনা। আবার কখনো জানতে ইচ্ছা করছে, বিচ্ছেদের পর তিনি ভালো আছেন, নাকি আপনার মতোই পুরোনো স্মৃতি আঁকড়ে আছেন। 

সম্পর্কে ফিরতে চান না, তবু কেন বারবার সাবেক সঙ্গীর খোঁজ নেন? মনোবিজ্ঞানীরা বলছেন, এর পেছনে থাকতে পারে পুরোনো আবেগ, কৌতূহল, একাকিত্ব কিংবা নিজের সঙ্গে তার জীবনের তুলনা করার প্রবণতা। আর বারবার এই কাজ করতে করতে একসময় তা অভ্যাসেও পরিণত হতে পারে।

ভারতের বেঙ্গালুরুর মার্গা মাইন্ড কেয়ারের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সুহাস কে এর মতে, সাবেক সঙ্গীর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল দেখার পেছনে একাধিক কারণ থাকতে পারে। তবে এই অভ্যাসের অর্থ সব সময় এমন নয় যে আপনি আবার তাঁর কাছে ফিরতে চান।

কেন এক্সের প্রোফাইল দেখা বন্ধ করতে পারেন না?

বারবার সামনে চলে আসা স্মৃতি

সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুদের পোস্ট, পুরোনো ছবি কিংবা স্টোরিতে সাবেক সঙ্গীকে দেখলে তার কথা মনে পড়তে পারে। বাস্তবে যোগাযোগ না থাকলেও অনলাইনে বারবার তাঁকে দেখতে পাওয়ায় সম্পর্ক থেকে মানসিকভাবে দূরে সরে যাওয়া কঠিন হয়ে পড়ে। 

সে কেমন আছেন, তা জানার কৌতূহল

বিচ্ছেদের পর সাবেক সঙ্গীকে হাসিখুশি কিংবা বন্ধুদের সঙ্গে সময় কাটাতে দেখলে নিজের সঙ্গে তার অবস্থার তুলনা করতে ইচ্ছা হতে পারে। মনে প্রশ্ন জাগতে পারে, তিনি কি সত্যিই ভালো আছেন? সম্পর্ক ভাঙার কষ্ট কি তারও হয়েছিল?

সম্পর্কের অসমাপ্ত প্রশ্ন

সব সম্পর্কের শেষটা স্পষ্ট ব্যাখ্যা দিয়ে হয় না। তাই কেউ কেউ সাবেক সঙ্গীর পোস্টে পুরোনো সম্পর্কের ইঙ্গিত খোঁজেন। তিনি এখনো আপনাকে মনে করেন কিনা, বিচ্ছেদে কষ্ট পেয়েছিলেন কি না, এসব জানার আকাঙ্ক্ষা থেকেও প্রোফাইল দেখা চলতে পারে।

তার জীবন থেকে বাদ পড়ে যাওয়ার ভয়

সাবেক সঙ্গী নতুন মানুষের সঙ্গে মিশছেন, ঘুরছেন কিংবা জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন, এমন খবর জানার আগ্রহও এই অভ্যাসের কারণ হতে পারে। অন্যের জীবনে ঘটে যাওয়া অভিজ্ঞতা থেকে নিজে বাদ পড়ে যাওয়ার আশঙ্কাকে মনোবিজ্ঞানে বলা হয় ‘ফিয়ার অব মিসিং আউট’ বা ফোমো।

দেখতে দেখতে অভ্যাস হয়ে যাওয়া

প্রথমে হয়তো কৌতূহল থেকেই প্রোফাইল দেখা শুরু করেছিলেন। পরে একাকিত্ব, একঘেয়েমি কিংবা মন খারাপ হলেই অজান্তে তাঁর নাম সার্চ করতে শুরু করলেন। এভাবে একসময় এটি নিয়মিত অভ্যাসে পরিণত হতে পারে। 

এক্সের প্রোফাইল দেখা বন্ধ করবেন যেভাবে

কখন দেখতে ইচ্ছা করে, বুঝুন: একাকিত্ব, মন খারাপ নাকি বন্ধুর কোনো পোস্ট আপনাকে সাবেক সঙ্গীর কথা মনে করিয়ে দিচ্ছে, খেয়াল করুন। কারণ বুঝতে পারলে সেই মুহূর্তে অন্য কাজে মনোযোগ দেওয়া সহজ হবে।

চোখের সামনে আসার সুযোগ কমান: সাবেক সঙ্গীর পোস্ট ও স্টোরি মিউট বা আনফলো করুন। পুরোনো কথোপকথন আর্কাইভে রাখুন। প্রয়োজন হলে ব্লকও করতে পারেন।

ইচ্ছা হলেই প্রোফাইল খুলবেন না: তাগিদ তৈরি হলে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন। এ সময় হাঁটুন, গান শুনুন কিংবা বন্ধুর সঙ্গে কথা বলুন। এতে তাৎক্ষণিক ইচ্ছা অনুযায়ী কাজ করা থেকে নিজেকে বিরত রাখার সুযোগ পাবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের সবকিছুকে বাস্তব ভাববেন না: মানুষ সাধারণত নিজের জীবনের বেছে নেওয়া মুহূর্তগুলোই প্রকাশ করেন। সাবেক সঙ্গীকে হাসিখুশি দেখালেই তিনি সব কষ্ট কাটিয়ে উঠেছেন, এমন নয়। তার অনলাইন জীবনের সঙ্গে নিজের বাস্তব পরিস্থিতির তুলনা করাও ঠিক নয়। 

নিজের ওপর এর প্রভাব খেয়াল করুন: প্রোফাইল দেখার পর মন খারাপ, ঈর্ষা, উদ্বেগ কিংবা ঘুমের সমস্যা বাড়ছে কি না, লক্ষ করুন। এই অভ্যাস যদি বারবার মানসিক অস্থিরতা তৈরি করে, তাহলে তা থেকে বেরিয়ে আসার বিষয়ে সচেতন হোন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

এক্সের প্রোফাইলে উঁকি দিতে মন চায়? ৫ উপায়ে মিলবে সমাধান

এক্সের প্রোফাইলে উঁকি দিতে মন চায়? ৫ উপায়ে মিলবে সমাধান

দেশের আইনে ইচ্ছার বিরুদ্ধে গর্ভপাতের শাস্তি কী?

দেশের আইনে ইচ্ছার বিরুদ্ধে গর্ভপাতের শাস্তি কী?

খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা

খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা

যে ভিটামিনের অভাবে বাড়তে পারে থাইরয়েডের ঝুঁকি

যে ভিটামিনের অভাবে বাড়তে পারে থাইরয়েডের ঝুঁকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম