খাবারের পর কিছুক্ষণ হাঁটলে শরীরে যেসব পরিবর্তন আসে
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:০২ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
খাবার খাওয়ার পরপরই সোফায় বসে বিশ্রাম নেওয়া কিংবা শুয়ে পড়া অনেকেরই অভ্যাস। তবে চিকিৎসাবিজ্ঞান বলছে, এই অভ্যাসের পরিবর্তে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে শরীরের জন্য তা হতে পারে বেশ উপকারী। হজমের সমস্যা কমানো থেকে শুরু করে রক্তে শর্করা নিয়ন্ত্রণ, ওজন কমানো এবং হৃদস্বাস্থ্য ভালো রাখতেও ভূমিকা রাখতে পারে খাওয়ার পরের এই ছোট্ট হাঁটা।
স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথলাইন ও ভেরি ওয়েল হেলথের প্রতিবেদন অনুযায়ী, প্রতিবার খাবার খাওয়ার পর মাত্র ১০ থেকে ১৫ মিনিট হাঁটলেই শরীরে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। বিশেষ করে অতিরিক্ত খাবার খাওয়ার পর কিছুক্ষণ হাঁটলে হজম প্রক্রিয়ায় সহায়তা পাওয়া যায়।
খাওয়ার পর হাঁটার যত উপকারিতা
হজমে সহায়তা ও গ্যাসের সমস্যা কমায়: খাবার গ্রহণের পর হালকা হাঁটাহাঁটি পাকস্থলী ও অন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে সহায়তা করে। এতে খাবার হজমের প্রক্রিয়া সহজ হতে পারে। পাশাপাশি পেট ফাঁপা, গ্যাস ও ঢেকুরের মতো সমস্যাও কমতে পারে। ইরিটেবল বাওয়েল সিনড্রোমে (আইবিএস) আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রেও হালকা হাঁটা উপকারী হতে পারে।
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে: বিশেষ করে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য খাবারের পর হাঁটার অভ্যাস বেশ কার্যকর। খাবার গ্রহণের পর রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। এ সময় হাঁটলে পেশি গ্লুকোজ ব্যবহার করতে পারে, ফলে রক্তে শর্করার আকস্মিক বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। একবারে ৩০ মিনিট হাঁটার পরিবর্তে প্রতিবার খাবারের পর ১০ মিনিট হাঁটাও এ ক্ষেত্রে ভালো ফল দিতে পারে।
হৃদযন্ত্র সুস্থ রাখে: নিয়মিত হাঁটা রক্তচাপ নিয়ন্ত্রণ এবং ক্ষতিকর এলডিএল কোলেস্টেরল কমাতে সহায়তা করে। এর ফলে দীর্ঘমেয়াদে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমতে পারে। বিশেষ করে রাতের খাবারের পর হাঁটার অভ্যাস রক্তচাপ নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
ওজন কমাতে ও ঘুমের মান বাড়াতে সাহায্য করে: দুপুর ও রাতের খাবারের পর কিছুক্ষণ হাঁটলে অতিরিক্ত ক্যালরি খরচ হয়। নিয়মিত এই অভ্যাস ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। পাশাপাশি শারীরিক সক্রিয়তা বাড়ায় ঘুমের মানও ভালো হতে পারে।
মানসিক প্রশান্তি ও কর্মক্ষমতা বাড়ায়: দীর্ঘ সময় বসে থাকার ফলে শরীরের স্বাভাবিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়তে পারে। খাবারের পর হাঁটাহাঁটি এই নিষ্ক্রিয়তা কাটিয়ে শরীরকে সচল রাখে। একই সঙ্গে মন ভালো রাখতে এবং মানসিক অবসাদ কমাতেও সহায়তা করে।
খাওয়ার পর কতক্ষণ ও কীভাবে হাঁটবেন?
বিশেষজ্ঞদের মতে, খাবার খাওয়ার পরপরই দ্রুতগতিতে হাঁটা কিংবা ভারী ব্যায়াম করা ঠিক নয়। এতে পেটব্যথা, বমিভাব ও অ্যাসিড রিফ্লাক্সের মতো সমস্যা দেখা দিতে পারে। তাই হাঁটার ক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি।
হাঁটা শুরুর সময়: হালকা খাবারের পর স্বস্তি অনুযায়ী অল্প সময়ের মধ্যে হাঁটা শুরু করা যায়। ভারী খাবারের ক্ষেত্রে কিছুটা বিরতি নেওয়া ভালো।
সময় নির্ধারণ: শুরুতে ২ থেকে ৫ মিনিট হাঁটুন। পরে ধীরে ধীরে সময় বাড়িয়ে প্রতিবার খাবারের পর ১০ থেকে ১৫ মিনিট হাঁটার অভ্যাস গড়ে তুলুন।
হাঁটার গতি: স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্যপূর্ণ গতিতে হাঁটুন। এমন গতি বজায় রাখুন, যাতে হাঁটার সময় কথা বলতে বা স্বাভাবিকভাবে শ্বাস নিতে সমস্যা না হয়।
নিয়মিত অভ্যাস: সপ্তাহে পাঁচ দিন খাবারের পর হাঁটার চেষ্টা করুন। একবারে দীর্ঘ সময় হাঁটার চেয়ে দিনের বিভিন্ন সময়ে অল্প অল্প করে হাঁটাও উপকারী।
যেভাবে গড়ে তুলবেন হাঁটার অভ্যাস
প্রতিদিন হাঁটার জন্য আলাদা করে বড় কোনো পরিকল্পনার প্রয়োজন নেই। বরং ছোট কিছু পরিবর্তনের মাধ্যমেই এই অভ্যাস গড়ে তোলা সম্ভব।
প্রথমেই একটানা ৩০ মিনিট হাঁটার লক্ষ্য নির্ধারণ না করে অল্প সময় দিয়ে শুরু করুন। খাবার শেষে ঘরের বাইরে কিংবা ছাদে কয়েক মিনিট হেঁটে আসতে পারেন। হাঁটার সময় পায়ের আরামের জন্য উপযুক্ত জুতা ব্যবহার করুন।
এছাড়া প্রতিদিনের রুটিনে হাঁটার জন্য নির্দিষ্ট সময় রাখুন। পরিবারের সদস্যদের সঙ্গে হাঁটতে বের হওয়া কিংবা অফিসের বিরতিতে কিছুক্ষণ হেঁটে নেওয়াও ভালো উপায় হতে পারে।
