শীতে কেন বাড়ে বাতের ব্যথা, স্বস্তি পেতে যা করবেন
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পিএম
শীতকালে জয়েন্টের ব্যথা ও জড়তা কমাতে শরীর উষ্ণ রাখা জরুরি।
|
ফলো করুন |
|
|---|---|
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেরই জয়েন্ট বা অস্থিসন্ধিতে ব্যথা, শক্ত হয়ে যাওয়া এবং চলাফেরায় অসুবিধা দেখা দেয়। বিশেষ করে আর্থ্রাইটিস বা বাতের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের কষ্ট এ সময় বেড়ে যায়। বিছানা থেকে ওঠা, সিঁড়ি দিয়ে ওঠানামা, হাঁটাচলা কিংবা হাতে কোনো জিনিস ধরে রাখার মতো সাধারণ কাজও কঠিন হয়ে পড়ে। চিকিৎসকদের মতে, শীত সরাসরি বাতের রোগ সৃষ্টি না করলেও আগে থেকে থাকা জয়েন্টের সমস্যাকে আরও বাড়িয়ে দিতে পারে।
শীতে ব্যথা বাড়ার কারণ
১. ঠান্ডায় রক্তনালি সংকুচিত হওয়া: শরীরের তাপমাত্রা ধরে রাখতে ঠান্ডার সময় রক্তনালি সংকুচিত হয়ে যায়। এতে হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশে রক্তপ্রবাহ কমতে পারে। ফলে পেশি শক্ত ও কম নমনীয় হয়ে পড়ে। বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর কিংবা দীর্ঘক্ষণ একই অবস্থানে বসে থাকলে জয়েন্টে জড়তা বেশি অনুভূত হয়।
২. বায়ুচাপের পরিবর্তন: আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে বায়ুচাপেরও ওঠানামা হয়। কিছু বাতের রোগী আবহাওয়া পরিবর্তনের সময় জয়েন্টে ব্যথা বাড়ার কথা জানান। চিকিৎসকদের মতে, বায়ুচাপের পরিবর্তন সংবেদনশীল জয়েন্টের চারপাশের টিস্যুতে প্রভাব ফেলতে পারে। এতে আগে থেকে থাকা অস্বস্তি আরও বেশি অনুভূত হয়। তবে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে জয়েন্টের ব্যথার সুনির্দিষ্ট সম্পর্ক নিয়ে এখনো গবেষণা চলছে।
৩. শারীরিক পরিশ্রম কমে যাওয়া: শীতকালে অনেকেই ঠান্ডার কারণে ঘরের বাইরে বের হতে চান না। হাঁটাচলা ও ব্যায়ামও কমিয়ে দেন। দীর্ঘদিন শারীরিকভাবে নিষ্ক্রিয় থাকলে জয়েন্টকে সচল রাখতে সহায়তা করা পেশি দুর্বল হয়ে পড়ে। এতে চলাফেরা আরও কঠিন হয়। নিয়মিত শরীরচর্চা জয়েন্টের নমনীয়তা ও পেশির শক্তি ধরে রাখতে সাহায্য করে।
চিকিৎসকরা জানান, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা একধরনের অটোইমিউন রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রেও শীতকালে উপসর্গের পরিবর্তন হতে পারে। ঠান্ডা আবহাওয়া, শারীরিক কর্মকাণ্ড কমে যাওয়া এবং মৌসুমি অসুস্থতা তাদের শারীরিক অবস্থায় প্রভাব ফেলে। এ ছাড়া শীতকালে ঘুমের সমস্যা ও মেজাজের পরিবর্তন ব্যথা নিয়ন্ত্রণকে কঠিন করে তুলতে পারে।
ব্যথা কমাতে যা করবেন
শীতকালে জয়েন্টের ব্যথা ও জড়তা কমাতে শরীর উষ্ণ রাখা জরুরি। আরামদায়ক গরম পোশাক পরা এবং কুসুম গরম পানিতে গোসল করলে কিছুটা স্বস্তি পাওয়া যায়। পাশাপাশি নিয়মিত হাঁটা, হালকা ব্যায়াম, স্ট্রেচিং ও যোগব্যায়াম জয়েন্টের নমনীয়তা বাড়াতে এবং পেশির শক্তি ধরে রাখতে সহায়তা করে। প্রতিদিনের কাজ শুরু করার আগে ব্যথার স্থানে কিছুক্ষণ গরম সেঁক দিলেও চলাফেরা সহজ হতে পারে।
তবে জয়েন্টের ব্যথা দীর্ঘস্থায়ী হলে কিংবা ক্রমশ বাড়তে থাকলে অবহেলা করা উচিত নয়। ব্যথার পাশাপাশি জয়েন্ট ফুলে যাওয়া, শক্ত হয়ে থাকা বা দৈনন্দিন কাজকর্মে সমস্যা দেখা দিলে অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত ব্যথানাশক ওষুধ বা ঘরোয়া চিকিৎসার ওপর নির্ভর না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
সূত্র: হিন্দুস্তান টাইমস

-6b0c3acf907cd.jpg)