ওজন বাড়লেই কি পিত্তথলিতে পাথরের ঝুঁকি বাড়ে? যেসব লক্ষণে সতর্ক হবেন
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
পিত্তথলিতে পাথর হওয়ার সমস্যা অনেকের মধ্যেই দেখা যায়। তবে সব ক্ষেত্রে এর লক্ষণ প্রকাশ পায় না। অন্য কোনো রোগের চিকিৎসা নিতে গিয়ে পরীক্ষা-নিরীক্ষায়ও ধরা পড়তে পারে এ সমস্যা।
চিকিৎসকদের মতে, পিত্তথলিতে পাথর হওয়ার অন্যতম কারণ অতিরিক্ত ওজন বা স্থূলতা। শুধু ডায়াবেটিস ও হৃদরোগ নয়, স্থূলতা পরিপাকতন্ত্রের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে পেটের ভেতরে অতিরিক্ত চর্বি জমলে পিত্তথলিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়তে পারে।
লিভারের ঠিক নিচে অবস্থিত ছোট অঙ্গটির নাম পিত্তথলি বা গলব্লাডার। লিভারে তৈরি হওয়া পিত্তরস এখানে জমা থাকে। এই রস খাবার হজমে, বিশেষ করে চর্বিজাতীয় খাবার ভাঙতে সাহায্য করে। পিত্তরসের উপাদানগুলোর স্বাভাবিক ভারসাম্য নষ্ট হলে তা শক্ত হয়ে পাথরে পরিণত হতে পারে। সাধারণত কোলেস্টেরল জমে এক ধরনের পাথর তৈরি হয়, যা সবচেয়ে বেশি দেখা যায়। এ ছাড়া রক্তের লোহিত কণিকা ভেঙে তৈরি হওয়া বিলিরুবিন জমেও পাথর হতে পারে।
ওজন বাড়লে ঝুঁকি কেন
স্থূল ব্যক্তিদের ক্ষেত্রে পিত্তথলি থেকে পিত্তরস ঠিকমতো বের হতে না পারলে তা জমে ঘন হয়ে যায়। এতে পাথর তৈরির অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। অন্যদিকে, অতিরিক্ত ওজন বিশেষ করে পেটের ভেতরে জমে থাকা চর্বি ইনসুলিনের কার্যকারিতা কমিয়ে দিতে পারে। ফলে লিভারে কোলেস্টেরল বিপাকের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়। অতিরিক্ত কোলেস্টেরল পিত্তরসে জমে পাথর তৈরির ঝুঁকি বাড়ায়।
শুধু ওজন বাড়াই নয়, দ্রুত ওজন কমানোর চেষ্টাও বিপদের কারণ হতে পারে। কড়া ডায়েট, দীর্ঘ সময় না খেয়ে থাকা কিংবা বেরিয়াট্রিক সার্জারির পর দ্রুত ওজন কমলে পিত্তথলিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ে। কারণ, কম খাবার খেলে পিত্তথলি যথেষ্ট সংকুচিত হতে পারে না। ফলে পিত্তরস জমে ঘন হয়ে যায়।
যেসব লক্ষণে সতর্ক হবেন
পিত্তথলিতে পাথর হলেও অনেকের প্রাথমিক পর্যায়ে কোনো উপসর্গ দেখা যায় না। তবে পাথর পিত্তনালি আটকে দিলে পেটের ওপরের ডান দিকে তীব্র ব্যথা হতে পারে। এ ব্যথা পিঠ বা ডান কাঁধ পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। পাশাপাশি বমি বমি ভাব, তৈলাক্ত খাবার খাওয়ার পর অস্বস্তি, জ্বর, কাঁপুনি এবং চোখ বা ত্বক হলুদ হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে।
সময়মতো চিকিৎসা না করালে পিত্তথলিতে প্রদাহ, পিত্তনালি বন্ধ হয়ে যাওয়া, অগ্ন্যাশয়ে প্রদাহ কিংবা গুরুতর সংক্রমণের মতো জটিলতা দেখা দিতে পারে।
রোগ নির্ণয় ও চিকিৎসা
সাধারণত পেটের আলট্রাসনোগ্রাম ও রক্ত পরীক্ষার মাধ্যমে পিত্তথলিতে পাথরের উপস্থিতি শনাক্ত করা হয়। উপসর্গ না থাকলে অনেক ক্ষেত্রে তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন হয় না। তবে ব্যথা বা জটিলতা দেখা দিলে চিকিৎসকের পরামর্শে ল্যাপারোস্কোপিক অস্ত্রোপচারের মাধ্যমে পিত্তথলি অপসারণ করা হতে পারে। পিত্তথলি ছাড়াও মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারে।
ঝুঁকি কমাতে করণীয়
চিকিৎসকদের মতে, ওজন নিয়ন্ত্রণে রাখতে গিয়ে হঠাৎ কঠোর ডায়েট বা দীর্ঘ সময় উপোস করা উচিত নয়। বরং ধীরে ধীরে ওজন কমাতে হবে। প্রতিদিনের খাদ্যতালিকায় শাকসবজি, ফলমূল, ডাল ও দানাশস্যের মতো আঁশযুক্ত খাবার রাখতে হবে। বাদাম ও অলিভ অয়েলের মতো স্বাস্থ্যকর চর্বি গ্রহণ করা যেতে পারে।
এ ছাড়া নির্দিষ্ট সময় পরপর খাবার খাওয়া, নিয়মিত হাঁটা ও ব্যায়াম করা জরুরি। এসব অভ্যাস ইনসুলিনের কার্যকারিতা ও বিপাকীয় স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। সব মিলিয়ে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা এবং ধীরে ধীরে ওজন কমানোর মাধ্যমে পিত্তথলিতে পাথর হওয়ার ঝুঁকি কমানো সম্ভব।

