বছরে দুবার ইনজেকশনেই কমবে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:৪১ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বছরে মাত্র দুবার কোলেস্টেরল কমানোর ইনজেকশন নিলে হৃদরোগ, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমতে পারে। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে পরিচালিত বড় একটি ক্লিনিক্যাল পরীক্ষায় এমন ফল পাওয়া গেছে। গবেষণাটি হৃদরোগ প্রতিরোধে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে। বিশেষ করে যাদের আগে থেকেই হৃদরোগ রয়েছে এবং ওষুধ সেবনের পরও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখা কঠিন, তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ হতে পারে।
ভারতীয় একটি গণমাধ্যমের প্রতিবদেনে উঠে আসে, ইনক্লিসিরান নামের এই ওষুধটি নোভার্টিস কোম্পানি লেকভিও নামে বাজারজাত করে। প্রচলিত কোলেস্টেরল কমানোর ওষুধের পাশাপাশি এটি প্রয়োগ করলে হৃদরোগজনিত বড় ধরনের জটিলতার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে বলে গবেষণায় দেখা গেছে।
যা পাওয়া গেছে গবেষণায়
তৃতীয় পর্যায়ের (ফেজ-থ্রি) ওরিয়ন-৪ নামের এই পরীক্ষায় অংশ নেন ১৬ হাজারের বেশি ব্যক্তি। তাদের সবারই অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাসকুলার ডিজিজ (এএসসিভিডি) ছিল। এ রোগে ধমনির ভেতরের দেয়ালে চর্বিজাতীয় পদার্থ জমে রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে। এতে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে।
গবেষণায় দেখা গেছে, প্রচলিত চিকিৎসার পাশাপাশি ইনক্লিসিরান ব্যবহার করলে করোনারি হৃদরোগে মৃত্যু, প্রাণঘাতী নয় এমন হার্ট অ্যাটাক ও ইস্কেমিক স্ট্রোকের ঝুঁকি কমে। পাশাপাশি হৃদপিণ্ডে রক্ত চলাচল স্বাভাবিক করতে জরুরি চিকিৎসা বা অস্ত্রোপচারের প্রয়োজনীয়তাও হ্রাস পায়।
গবেষণার প্রধান অনুসন্ধানকারী ও অক্সফোর্ড পপুলেশন হেলথের অধ্যাপক লুইস বোম্যান বলেন, হৃদরোগের ব্যাপক বোঝা এবং ঝুঁকি কমাতে কার্যকর চিকিৎসার প্রয়োজনীয়তার পরিপ্রেক্ষিতে এ ফলাফল বিশেষ গুরুত্বপূর্ণ।
পরীক্ষাটি নির্ধারিত প্রধান লক্ষ্য অর্জন করেছে। তবে হৃদরোগের ঝুঁকি ঠিক কত শতাংশ কমেছে, তা এখনো প্রকাশ করেনি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোভার্টিস। গবেষণার পূর্ণাঙ্গ ফল ২০২৭ সালের প্রথমার্ধে প্রকাশিত হওয়ার কথা।
যেভাবে কাজ করে ইনজেকশন
স্ট্যাটিনের মতো প্রচলিত ওষুধের চেয়ে ভিন্ন পদ্ধতিতে কাজ করে ইনক্লিসিরান। এটি স্মল ইন্টারফেরিং আরএনএ (এসআইআরএনএ) প্রযুক্তি ব্যবহার করে পিসিএসকে৯ নামের একটি প্রোটিনের উৎপাদন কমায়। এই প্রোটিন লিভারের এমন কিছু রিসেপ্টর নষ্ট করে, যেগুলো রক্ত থেকে ক্ষতিকর এলডিএল কোলেস্টেরল সরাতে সাহায্য করে।
প্রোটিনটির উৎপাদন কমে গেলে লিভারে এসব রিসেপ্টর বেশি কার্যকর থাকে। ফলে রক্ত থেকে এলডিএল কোলেস্টেরল অপসারণ সহজ হয়।
চিকিৎসকের মাধ্যমে প্রথমে একটি ডোজ দেওয়ার পর তিন মাসের মাথায় দ্বিতীয় ডোজ নিতে হয়। এরপর প্রতি ছয় মাসে একবার ইনজেকশন নিতে হয়। আগের গবেষণায় দেখা গেছে, ১৮ মাসে ইনক্লিসিরান এলডিএল কোলেস্টেরলের মাত্রা প্রায় ৫০ শতাংশ কমাতে পারে।
রোগীদের জন্য কী বার্তা
ইনক্লিসিরানের অন্যতম সুবিধা হলো, প্রতিদিন ওষুধ খাওয়ার পরিবর্তে ছয় মাস পরপর ইনজেকশন নেওয়ার সুযোগ। এতে দীর্ঘমেয়াদে কোলেস্টেরল নিয়ন্ত্রণ সহজ হতে পারে। তবে এই গবেষণার ফল দেখে প্রচলিত ওষুধ বন্ধ করে শুধু ইনজেকশন নেওয়ার সুযোগ নেই। কারণ, পরীক্ষায় ইনক্লিসিরান ব্যবহার করা হয়েছে প্রচলিত কোলেস্টেরল কমানোর চিকিৎসার পাশাপাশি।
গবেষণার পূর্ণাঙ্গ ফল প্রকাশের পর চিকিৎসাটির কার্যকারিতা ও দীর্ঘমেয়াদি প্রভাব সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে। তবে হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধে নিয়মিত কোলেস্টেরল পরীক্ষা, দ্রুত রোগ শনাক্তকরণ, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন এবং স্বাস্থ্যকর জীবনযাপন এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

-6b0c3bfd91d97.jpg)