সকালে ভাত খাওয়া কি স্বাস্থ্যের জন্য ভালো? জানুন পুষ্টিবিদের পরামর্শ
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পিএম
বাঙালির খাদ্যতালিকায় ভাতের প্রতি আলাদা আকর্ষণ রয়েছে।
|
ফলো করুন |
|
|---|---|
সকালের নাশতায় কী খাবেন, তা নিয়ে অনেকেরই থাকে নানা পছন্দ। কেউ রুটি, কেউ ওটস, আবার কেউ পাউরুটি কিংবা ফল দিয়ে দিনের শুরু করেন। তবে বাঙালির খাদ্যতালিকায় ভাতের প্রতি আলাদা আকর্ষণ রয়েছে। আগের রাতের বেঁচে যাওয়া ভাত কিংবা গরম ভাতের সঙ্গে ডিমভাজি—অনেকের কাছেই সকালের নাশতায় এমন খাবার বেশ পছন্দের। ভাত খেলে পেট ভরা থাকে এবং শরীরে শক্তি মেলে। কিন্তু সকালের নাশতায় ভাত খাওয়ার অভ্যাস কি স্বাস্থ্যের জন্য ভালো?
স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথশটসের এক প্রতিবেদনে পুষ্টিবিদ নেহা পাঠানিয়ার বরাত দিয়ে বলা হয়েছে, পরিমিত পরিমাণে ভাত খেলে তা সকালের নাশতার অংশ হতে পারে। তবে শুধু ভাত না খেয়ে এর সঙ্গে সবজি, ডিম কিংবা অন্যান্য পুষ্টিকর খাবার যোগ করলে নাশতাটি আরও সুষম হয়ে ওঠে।
সকালে ভাত খাওয়ার যেসব উপকারিতা রয়েছে
১. শরীরে শক্তি জোগায়
ভাত কার্বোহাইড্রেটের একটি গুরুত্বপূর্ণ উৎস। কার্বোহাইড্রেট শরীরে শক্তি জোগাতে সাহায্য করে। তাই সকালের নাশতায় ভাত খেলে দিনের শুরুতে দৈনন্দিন কাজকর্মের জন্য প্রয়োজনীয় শক্তি পাওয়া যেতে পারে। যারা ভাত খেতে পছন্দ করেন এবং ভাত ছাড়া নাশতায় তৃপ্তি পান না, তাদের জন্যও এটি একটি ভালো বিকল্প হতে পারে।
২. সবজি যোগ করলে বাড়ে পুষ্টিগুণ
শুধু ভাত না খেয়ে এর সঙ্গে মটরশুঁটি, শিম, গাজর, পালংশাক কিংবা কুমড়ার মতো সবজি যোগ করা যেতে পারে। এতে খাবারে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান যুক্ত হয়। চালের ধরন অনুযায়ী এর পুষ্টিগুণেও পার্থক্য থাকে। যেমন, লাল চালে কিছু পুষ্টি উপাদান বেশি থাকতে পারে। তাই ভাতের সঙ্গে বিভিন্ন সবজি মিশিয়ে খেলে সকালের নাশতায় পুষ্টির বৈচিত্র্য আনা সম্ভব।
৩. দিনের শুরুতে শক্তির চাহিদা পূরণে সহায়তা করে
সকালে ঘুম থেকে ওঠার পর দৈনন্দিন কাজ শুরু করতে শরীরের শক্তি প্রয়োজন হয়। এ সময় ভাতের মতো কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাবার শক্তির চাহিদা পূরণে সহায়তা করতে পারে। তবে কতটা ভাত খাওয়া উচিত, তা নির্ভর করে ব্যক্তির বয়স, শারীরিক অবস্থা, দৈনন্দিন কাজের ধরন ও শক্তির চাহিদার ওপর।
বিশেষ করে যাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে হয় কিংবা ডায়াবেটিস রয়েছে, তাদের ভাত খাওয়ার পরিমাণের দিকে খেয়াল রাখা জরুরি। কারণ, ভাতের পরিমাণ ও ধরন রক্তে শর্করার মাত্রায় প্রভাব ফেলতে পারে। এ ক্ষেত্রে ভাতের সঙ্গে আঁশসমৃদ্ধ সবজি ও প্রোটিনযুক্ত খাবার খাওয়া উপকারী হতে পারে।
দিনের কোন সময়ে ভাত খাওয়া ভালো?
অনেকের ধারণা, রাতে ভাত খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। তবে বিষয়টি এতটা সরল নয়। সকালের নাশতা কিংবা দুপুরের খাবারের মতো রাতের খাবারেও ভাত রাখা যেতে পারে। মূল বিষয় হলো, সারা দিনের খাদ্যতালিকায় পুষ্টির ভারসাম্য বজায় রাখা এবং প্রয়োজন অনুযায়ী খাবারের পরিমাণ নির্ধারণ করা।
দিনের প্রথম ভাগে শরীরের কর্মতৎপরতা বেশি থাকায় এ সময়ে কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাবার খাওয়া অনেকের জন্য সুবিধাজনক হতে পারে। তবে রাতে ভাত খেলেই ওজন বেড়ে যাবে, এমন ধারণার পক্ষে পর্যাপ্ত প্রমাণ নেই। বরং মোট ক্যালরি গ্রহণ, শারীরিক পরিশ্রম এবং সামগ্রিক খাদ্যাভ্যাস ওজন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ডায়াবেটিস কিংবা ওজনজনিত সমস্যা থাকলে নিজের শারীরিক চাহিদা অনুযায়ী ভাতের পরিমাণ নির্ধারণ করা ভালো। প্রয়োজনে পুষ্টিবিদের পরামর্শ নেওয়া যেতে পারে।
তাহলে সকালের নাশতায় ভাত খাওয়া কি স্বাস্থ্যকর?
সকালের নাশতায় ভাত খাওয়াকে অস্বাস্থ্যকর বলা যায় না। বরং পরিমিত ভাতের সঙ্গে ডিম, মাছ, ডাল কিংবা সবজি যোগ করলে তা সুষম নাশতার অংশ হতে পারে। তবে শুধু ভাত খেয়ে নাশতা শেষ না করে খাবারে পর্যাপ্ত প্রোটিন, আঁশ ও অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান রাখার দিকে নজর দেওয়া জরুরি।
তাই সকালে ভাত খেতে পছন্দ করলে অভ্যাসটি বাদ দেওয়ার প্রয়োজন নেই। নিজের শারীরিক চাহিদা অনুযায়ী ভাতের পরিমাণ ঠিক করুন এবং সঙ্গে রাখুন প্রোটিন ও সবজিসমৃদ্ধ খাবার। এতে পরিচিত এই খাবারই হয়ে উঠতে পারে সকালের নাশতার স্বাস্থ্যকর ও তৃপ্তিদায়ক বিকল্প।

