আঙুলে যে ৫ ধরনের পরিবর্তন হতে পারে আর্থ্রাইটিসের লক্ষণ
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পিএম
সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
পানির গ্লাস হাতে নেওয়া, জামার বোতাম লাগানো কিংবা বোতলের ঢাকনা খোলার মতো পরিচিত কাজগুলো করতে কি আগের চেয়ে বেশি কষ্ট হচ্ছে? আঙুলে ব্যথা, ফোলাভাব কিংবা জড়তা দেখা দিলে অনেকেই একে সাধারণ ক্লান্তি বা অতিরিক্ত কাজের চাপ বলে মনে করেন।
তবে এ ধরনের সমস্যা দীর্ঘদিন স্থায়ী হলে সতর্ক হওয়া প্রয়োজন। কারণ, এগুলো হাতের আর্থ্রাইটিস বা বাতের প্রাথমিক লক্ষণ হতে পারে।
হাতের ছোট ছোট জয়েন্টে আর্থ্রাইটিস দেখা দিলে ধীরে ধীরে আঙুলের স্বাভাবিক নড়াচড়া, কোনো কিছু শক্ত করে ধরা এবং সূক্ষ্ম কাজ করার সক্ষমতা কমে যেতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে অর্থোপেডিক ও জয়েন্ট রিপ্লেসমেন্ট বিশেষজ্ঞ ডা. আশিস ফাদনিস হাতের আর্থ্রাইটিসের লক্ষণ, দৈনন্দিন জীবনে এর প্রভাব এবং কখন চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন, তা তুলে ধরেছেন।
হাতের আর্থ্রাইটিসের ৫টি প্রাথমিক লক্ষণ
১. আঙুলে ব্যথা: আঙুলের জয়েন্ট কিংবা বুড়ো আঙুলের গোড়ায় ব্যথা অনুভূত হওয়া এই রোগের অন্যতম লক্ষণ। শুরুতে ব্যথা হালকা থাকলেও কোনো কিছু শক্ত করে ধরা, বোতলের ঢাকনা খোলা কিংবা মুঠো করার সময় তা বেড়ে যেতে পারে।
২. জয়েন্টে ফোলাভাব: আঙুলের বিভিন্ন জোড়ায় ফোলা দেখা দিতে পারে। আক্রান্ত স্থানে চাপ দিলে বা স্পর্শ করলে ব্যথাও অনুভূত হতে পারে।
৩. সকালে আঙুল শক্ত হয়ে যাওয়া: ঘুম থেকে ওঠার পর আঙুলে জড়তা বা শক্তভাব দেখা দিতে পারে। হাত নাড়াচাড়া শুরু করলে ধীরে ধীরে তা কমে আসে। তবে এই সমস্যা এক ঘণ্টার বেশি স্থায়ী হলে রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো প্রদাহজনিত রোগের ইঙ্গিত হতে পারে।
৪. আঙুলের নমনীয়তা কমে যাওয়া: আর্থ্রাইটিসের কারণে আঙুল আগের মতো সহজে বাঁকানো বা সোজা করা কঠিন হয়ে উঠতে পারে। ফলে হাতের স্বাভাবিক কর্মক্ষমতা ব্যাহত হয়।
৫. আঙুল নাড়ানোর সময় ঘর্ষণের অনুভূতি: আঙুলের জয়েন্ট নাড়ানোর সময় ঘষা লাগার মতো অনুভূতি হতে পারে। একই সঙ্গে আঙুলের স্বাভাবিক নড়াচড়ার পরিসরও কমে আসতে পারে।
দৈনন্দিন জীবনে যেসব সমস্যা তৈরি হয়
হাতের আর্থ্রাইটিস ধীরে ধীরে দৈনন্দিন কাজকর্মে বাধা সৃষ্টি করে। বিশেষ করে যেসব কাজে আঙুলের সূক্ষ্ম নড়াচড়া কিংবা শক্ত করে কিছু ধরার প্রয়োজন হয়, সেগুলো কঠিন হয়ে ওঠে।
ডা. ফাদনিসের মতে, আক্রান্ত ব্যক্তিদের জামার বোতাম লাগানো, লেখালেখি করা, কাপ হাতে নেওয়া, চাবি ঘোরানো কিংবা মোবাইল ফোন ব্যবহার করতেও সমস্যা হতে পারে। রোগের প্রকোপ বাড়লে ব্যথা ও জড়তার কারণে আঙুলের নড়াচড়ার স্বাভাবিক সক্ষমতা আরও কমে যায়।
হাতের আর্থ্রাইটিস অন্য জয়েন্টের বাত থেকে কতটা আলাদা?
হাঁটু বা কোমরের মতো শরীরের ভার বহনকারী জয়েন্টে আর্থ্রাইটিস হলে হাঁটাচলা, দাঁড়িয়ে থাকা কিংবা স্বাভাবিক চলাফেরায় সমস্যা দেখা দেয়। অন্যদিকে, হাতের আর্থ্রাইটিস মূলত কোনো কিছু ধরার শক্তি, আঙুলের সমন্বয় এবং হাতের সূক্ষ্ম কাজ করার ক্ষমতাকে প্রভাবিত করে।
বিশেষজ্ঞদের মতে, অস্টিওআর্থ্রাইটিস সাধারণত আঙুলের ডগার কাছের জয়েন্ট, মাঝের জয়েন্ট এবং বুড়ো আঙুলের গোড়ায় বেশি দেখা যায়।
অন্যদিকে, রিউমাটয়েড আর্থ্রাইটিস সাধারণত দুই হাতের একই ধরনের জয়েন্টে প্রভাব ফেলে। ফলে দুই হাতেই প্রায় একই ধরনের ব্যথা ও ফোলাভাব দেখা দিতে পারে। সকালে এক ঘণ্টার বেশি সময় আঙুল শক্ত হয়ে থাকাও এ রোগের অন্যতম লক্ষণ।
কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?
আঙুলের ব্যথা, ফোলাভাব কিংবা জড়তাকে সাধারণ সমস্যা ভেবে দীর্ঘদিন অবহেলা করা ঠিক নয়। এসব উপসর্গ কয়েক সপ্তাহের বেশি স্থায়ী হলে অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
বিশেষ করে সকালে দীর্ঘ সময় আঙুল শক্ত হয়ে থাকা, কোনো কিছু ধরতে অসুবিধা, জয়েন্টে দৃশ্যমান ফোলাভাব কিংবা আঙুলের স্বাভাবিক আকৃতিতে পরিবর্তন দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।
ডা. ফাদনিসের মতে, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে কোন ধরনের আর্থ্রাইটিস হয়েছে, তা নির্ধারণ করে যথাযথ চিকিৎসা শুরু করা সম্ভব। এতে জয়েন্টের গুরুতর ক্ষতি এবং হাতের স্বাভাবিক কর্মক্ষমতা হারানোর ঝুঁকি কমানো যায়।

