নবদম্পতিদের মধ্যে যেসব ছোটখাটো বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া হয়
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বিয়ের পরের জীবন মানেই শুধু ভালোবাসা, রোমান্স আর আনন্দের মুহূর্ত নয়। নতুন সংসারে একসঙ্গে থাকতে গিয়ে প্রতিদিনের নানা অভ্যাস ও পছন্দ-অপছন্দের পার্থক্য সামনে আসে। কেউ টুথপেস্টের টিউব মাঝখান থেকে চাপ দেন, কেউ ভেজা তোয়ালে বিছানায় রেখে দেন, আবার কারও কাছে গভীর রাতে গল্প শুরু করাটাই স্বাভাবিক।
আলাদা পরিবেশে বড় হওয়া দুজন মানুষ যখন একই ঘর, রান্নাঘর কিংবা দৈনন্দিন ব্যবহারের জিনিস ভাগাভাগি করতে শুরু করেন, তখন এমন ছোটখাটো বিষয় নিয়ে মতবিরোধ হওয়াটা অস্বাভাবিক নয়।
তবে এসব কারণে সম্পর্কে বড় কোনো সমস্যা রয়েছে, এমনটা ভাবার কারণ নেই। বরং নতুন জীবনের সঙ্গে মানিয়ে নেওয়ার অংশ হিসেবেই অনেক দম্পতিকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সময়ের সঙ্গে পারস্পরিক বোঝাপড়া বাড়লে এসব ছোটখাটো ঝগড়াই একসময় হাসির খোরাক হয়ে ওঠে। নবদম্পতিদের মধ্যে সাধারণত যে বিষয়গুলো নিয়ে বেশি মনোমালিন্য হয়, সেগুলো হলো—
১. বাসন ধোয়া ও ঘরের কাজের দায়িত্ব
সংসারের কাজ কে কখন করবেন, তা নিয়ে নবদম্পতিদের মধ্যে প্রায়ই মতবিরোধ দেখা যায়। একজন হয়ত খাওয়ার পরপরই বাসন ধুয়ে ফেলতে চান, অন্যজন মনে করেন পরদিন সকালে করলেও সমস্যা নেই। সিঙ্কে একটি প্লেট পড়ে থাকা থেকেই কখনো কখনো শুরু হয় বড় তর্ক।
বিয়ের প্রথম দিকে ঘরের কাজের দায়িত্ব অনেক সময় নির্দিষ্ট করে ভাগ করা থাকে না। ফলে দুজনেরই প্রত্যাশা থাকে, অন্যজন নিজে থেকেই প্রয়োজনীয় কাজটি বুঝে নেবেন। এতে কারও মনে হতে পারে, তার পরিশ্রমের যথাযথ মূল্য দেওয়া হচ্ছে না। তাই মনে মনে ক্ষোভ জমিয়ে না রেখে আলোচনা করে কাজ ভাগ করে নেওয়াই ভালো।
২. রাতের খাবারে কী রান্না হবে
প্রতিদিনের খাবারের মেনু ঠিক করাও অনেক সময় দম্পতিদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। একজন পাস্তা খেতে চাইলে অন্যজন হয়ত ভাত বা ঘরোয়া খাবার পছন্দ করেন। আবার কারও ঝাল খাবার ভালো লাগে, অন্যজন পছন্দ করেন হালকা খাবার।
শুধু খাবারের পছন্দ নয়, কে রান্না করবেন, কে বাজার করবেন কিংবা সপ্তাহের খাবারের তালিকা কে তৈরি করবেন—এসব বিষয় নিয়েও মতবিরোধ হতে পারে। এ ধরনের ঝামেলা কমাতে দুজনের পছন্দকে গুরুত্ব দিয়ে আগেভাগেই খাবারের পরিকল্পনা করা যেতে পারে। এতে প্রতিদিনের সিদ্ধান্ত নেওয়ার চাপও কমবে।
৩. ঘুমের সময় ও অভ্যাসের পার্থক্য
একই বিছানায় দুজনের ঘুমানোর অভ্যাস এক রকম নাও হতে পারে। কেউ অন্ধকার ও ঠান্ডা ঘরে ঘুমাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, অন্যজন হয়ত হালকা আলো বা ফ্যান চালু রাখতে পছন্দ করেন। আবার একজন ঘুমানোর আগে ফোন ব্যবহার করেন, যা অন্যজনের বিরক্তির কারণ হতে পারে।
এর সঙ্গে নাক ডাকা, কম্বল টানাটানি কিংবা ঘুম থেকে ওঠার সময়ের পার্থক্য যুক্ত হলে সমস্যা আরও বাড়তে পারে। তবে কিছু ছোট পরিবর্তনের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। যেমন আলাদা কম্বল ব্যবহার, চোখে আই মাস্ক পরা কিংবা ঘুমানোর আগে ফোন ব্যবহারের সময় নির্ধারণ করা।
৪. ঘরের তাপমাত্রা ও এসি ব্যবহার
একই ঘরের তাপমাত্রায় একজন স্বস্তি পেলেও অন্যজনের অস্বস্তি হতে পারে। বিশেষ করে এসি ব্যবহারের ক্ষেত্রে এ নিয়ে প্রায়ই মতবিরোধ দেখা যায়। একজন হয়ত কম তাপমাত্রায় ঘর ঠান্ডা রাখতে চান, অন্যজনের কাছে সেটি অতিরিক্ত শীতল মনে হয়।
এ কারণে এসির রিমোট নিয়েও শুরু হতে পারে ছোটখাটো ‘শীতল যুদ্ধ’। দুজনের জন্য সহনীয় একটি তাপমাত্রা নির্ধারণ করা কিংবা প্রয়োজন অনুযায়ী বাড়তি পোশাক ও কম্বল ব্যবহার করা এ সমস্যা কমাতে পারে।
৫. অগোছালো অভ্যাস ও জিনিসপত্র রাখা
পরিচ্ছন্নতা ও গোছানোর বিষয়ে প্রত্যেকের ধারণা এক নয়। কেউ ব্যবহারের পরপরই জিনিসপত্র নির্দিষ্ট জায়গায় রাখতে পছন্দ করেন, আবার কেউ পরে গুছিয়ে নেওয়ার কথা ভাবেন। বিছানায় ভেজা তোয়ালে ফেলে রাখা, চেয়ারে কাপড় জমিয়ে রাখা কিংবা ঘরের মাঝখানে জুতা রেখে দেওয়ার মতো অভ্যাস সঙ্গীর বিরক্তির কারণ হতে পারে।
এ ধরনের বিষয় নিয়ে প্রতিদিন অভিযোগ না করে সংসারের জন্য কিছু সাধারণ নিয়ম তৈরি করা ভালো। যেমন জুতা রাখার নির্দিষ্ট জায়গা, ময়লা কাপড়ের জন্য লন্ড্রি বাস্কেট কিংবা ব্যবহৃত জিনিস গুছিয়ে রাখার অভ্যাস। তবে ছোটখাটো কিছু বিষয় উপেক্ষা করতেও শিখতে হবে।
৬. ফোন ব্যবহার, স্ক্রিন টাইম ও টিভির রিমোট
একসঙ্গে সময় কাটানোর সময়ও কেউ যদি সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকেন, তাহলে সঙ্গীর মধ্যে অবহেলিত হওয়ার অনুভূতি তৈরি হতে পারে। খাবার টেবিলে ফোন ব্যবহার, মেসেজের উত্তর দিতে দেরি করা কিংবা অবসর সময়ে কী দেখা হবে—এসব নিয়েও নবদম্পতিদের মধ্যে মনোমালিন্য দেখা যায়।
একজন হয়ত চান দুজনে মিলে গল্প করতে বা সময় কাটাতে, অন্যজন ব্যস্ত থাকেন নিজের ফোন কিংবা পছন্দের অনুষ্ঠান নিয়ে। আপাতদৃষ্টিতে রিমোট নিয়ে টানাটানি বা ফোন ব্যবহারের বিরোধ ছোট বিষয় মনে হলেও এর পেছনে থাকতে পারে সঙ্গীর কাছ থেকে মনোযোগ ও সময় পাওয়ার প্রত্যাশা।
এ সমস্যা কমাতে প্রতিদিন অন্তত ৩০ মিনিট ফোন ও অন্যান্য পর্দা থেকে দূরে থেকে দুজনের একান্ত সময় কাটানো যেতে পারে। এতে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্কের উষ্ণতা বজায় রাখতে সহায়তা করবে।
নতুন সংসারে মতের অমিল কিংবা ছোটখাটো ঝগড়া হওয়া স্বাভাবিক। তবে এসব বিষয়কে বড় করে না দেখে একে অপরের অভ্যাস ও পছন্দকে বোঝার চেষ্টা করাই গুরুত্বপূর্ণ। পারস্পরিক সম্মান, খোলামেলা আলোচনা এবং ছাড় দেওয়ার মানসিকতাই দাম্পত্য জীবনের শুরুর দিনগুলোকে আরও সুন্দর করে তুলতে পারে।

-6af6fd7bb4bcd.jpg)