খাবার না খেয়ে ওষুধ গ্রহণ করছেন? ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ সতর্কবার্তা
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রক্তে শর্করার মাত্রা বা ব্লাড সুগার বিভিন্ন কারণে ওঠানামা করতে পারে। দৈনন্দিন জীবনের কিছু সাধারণ অভ্যাসও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে নির্দিষ্ট কিছু বিষয় সম্পর্কে সচেতন থাকা জরুরি।
খাবার দেরিতে খাওয়া বা বাদ দিলে কী হয়?
চিকিৎসকদের মতে, যারা ইনসুলিন অথবা ইনসুলিন উৎপাদন বাড়ায় এমন ওষুধ গ্রহণ করেন, তাদের খাবারের সময়সূচি মেনে চলা জরুরি। এসব ওষুধ নেওয়ার পর খাবার খেতে দেরি করলে কিংবা খাবার বাদ দিলে রক্তে শর্করার মাত্রা বিপজ্জনকভাবে কমে যেতে পারে। এর ফলে ঘাম হওয়া, শরীর কাঁপা, অতিরিক্ত ক্ষুধা, মাথা ঘোরা, বিভ্রান্তি ও হঠাৎ দুর্বলতা দেখা দিতে পারে।
অন্যদিকে, দীর্ঘ সময় না খেয়ে থাকলে অতিরিক্ত ক্ষুধা তৈরি হয়। তখন স্বাভাবিকের তুলনায় বেশি খাবার খাওয়ার প্রবণতা দেখা দিতে পারে। এতে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তবে এর প্রভাব ব্যক্তির চিকিৎসাপদ্ধতি, খাদ্যাভ্যাস ও সামগ্রিক ডায়াবেটিস নিয়ন্ত্রণের ওপর নির্ভর করে।
মিষ্টি খেলে কি সুগার বেড়ে যায়?
মিষ্টি ও ডেজার্টে সাধারণত চিনি, ময়দা এবং অন্যান্য শর্করাজাতীয় উপাদান থাকে। হজমের পর এগুলো গ্লুকোজে পরিণত হয়ে রক্তে মিশে যায়। ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে।
তবে ডায়াবেটিস থাকলেই সব ধরনের মিষ্টি সম্পূর্ণ বাদ দিতে হবে, এমন নয়। চিকিৎসকদের মতে, কতটুকু মিষ্টি খাওয়া হচ্ছে, তাতে কতটা কার্বোহাইড্রেট রয়েছে এবং দৈনিক খাদ্যতালিকার সঙ্গে তা কীভাবে সামঞ্জস্যপূর্ণ—এসব বিষয়ে সতর্ক থাকতে হবে। অল্প পরিমাণ মিষ্টির তুলনায় বেশি পরিমাণ মিষ্টি বা চিনিযুক্ত পানীয় রক্তে গ্লুকোজের মাত্রা বেশি বাড়াতে পারে।
ওষুধের নিয়মে পরিবর্তন হলে কী প্রভাব পড়ে?
ডায়াবেটিসের বিভিন্ন ওষুধ শরীরে ভিন্নভাবে কাজ করে। কোনোটি ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়, আবার কোনোটি ইনসুলিন উৎপাদন বাড়ায় কিংবা গ্লুকোজ তৈরি ও শোষণের প্রক্রিয়ায় প্রভাব ফেলে।
তাই ওষুধের ডোজ বাদ দেওয়া, সময় পরিবর্তন করা বা চিকিৎসকের পরামর্শ ছাড়া মাত্রা কমানো-বাড়ানো রক্তে শর্করার ভারসাম্য নষ্ট করতে পারে। বিশেষ করে ইনসুলিন ও সালফোনাইলইউরিয়া-জাতীয় ওষুধ গ্রহণকারীদের খাবার কম খাওয়া বা বাদ দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এতে রক্তে শর্করা অতিরিক্ত কমে যেতে পারে। অন্যদিকে, ওষুধ বাদ দিলে সুগার বেড়ে যেতে পারে।
সুগার নিয়ন্ত্রণে রাখতে করণীয়
বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী, কয়েকটি অভ্যাস ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে—
১. প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।
২. খাবার বাদ দেবেন না। বিশেষ করে ইনসুলিন গ্রহণকারীদের খাবারের বিষয়ে সতর্ক থাকতে হবে।
৩. মিষ্টি খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণ করুন। মিষ্টি, ডেজার্ট ও চিনিযুক্ত পানীয়ের পরিমাণ এবং কার্বোহাইড্রেট সম্পর্কে সচেতন থাকুন।
৪. নিয়ম মেনে ওষুধ খান। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধের মাত্রা বা সময় পরিবর্তন করবেন না।
৫. রক্তে গ্লুকোজ পরীক্ষা করুন। নিয়মিত সুগার মাপুন এবং খাবার, ব্যায়াম ও ওষুধ গ্রহণের সময় লিখে রাখুন।
৬. বারবার সুগার ওঠানামা করলে চিকিৎসকের পরামর্শ নিন। ঘন ঘন সুগার কমে যাওয়া বা বেড়ে যাওয়ার বিষয়টি অবহেলা করবেন না।
বিশেষজ্ঞরা জানান, সবার জন্য রক্তে শর্করার লক্ষ্যমাত্রা এক নয়। বয়স, চিকিৎসাপদ্ধতি, অন্যান্য শারীরিক সমস্যা এবং সুগার অতিরিক্ত কমে যাওয়ার ঝুঁকি অনুযায়ী এই লক্ষ্যমাত্রা ভিন্ন হতে পারে।
সূত্র: হিন্দুস্তান টাইমস

-6af5d149b269a.jpg)