মাস শেষের আগেই বেতন শেষ, ঠেকাবেন যেভাবে
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
মাসের প্রথম দিন বেতন পাওয়ার পর স্বস্তি ফিরে আসে চাকরিজীবীদের জীবনে। বাড়িভাড়া বা বাড়ির ঋণের কিস্তি পরিশোধ, ক্রেডিট কার্ডের বিল, সন্তানের স্কুলের বেতনসহ প্রয়োজনীয় খরচ মিটিয়ে মনে হয়, মাসের বাজেট নিয়ন্ত্রণেই রয়েছে।
কিন্তু মাসের তৃতীয় সপ্তাহে এসে অনেকেই ঘন ঘন ব্যাংক হিসাবের ব্যালেন্স পরীক্ষা করতে থাকেন। প্রশ্ন জাগে, পুরো মাসের বেতন এত দ্রুত শেষ হয়ে গেল কীভাবে?
বিশেষজ্ঞদের মতে, বেতন দ্রুত শেষ হওয়ার অর্থ এই নয় যে মানুষ বেহিসাবি খরচ করছেন কিংবা তাদের আয় খুব কম। বরং নির্দিষ্ট খরচ বৃদ্ধি, জীবনযাত্রার মানের সঙ্গে ব্যয়ের পরিমাণ বেড়ে যাওয়া এবং সময়ের সঙ্গে জমে ওঠা আর্থিক দায়বদ্ধতা এর পেছনে ভূমিকা রাখতে পারে।
যে ৭ কারণে দ্রুত শেষ হয় বেতন
১. নির্দিষ্ট খরচের চাপ: বাড়িভাড়া, ঋণের কিস্তি, সন্তানের শিক্ষার ব্যয়, বিমার প্রিমিয়াম, গৃহকর্মীর বেতন ও ইউটিলিটি বিল পরিশোধ করতেই বেতনের বড় অংশ চলে যায়।
২. ছোট ছোট অদৃশ্য খরচ: বারবার ডিজিটাল লেনদেন, প্রতিদিনের কফি, খাবার অর্ডার ও বিভিন্ন অ্যাপের খরচ অল্প অল্প করে ব্যাংক হিসাবের টাকা কমিয়ে দেয়।
৩. জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি: বেতন বাড়লে অনেকেই জীবনযাত্রার মান বাড়াতে চান। নতুন ফোন কেনা, ব্যয়বহুল ভ্রমণ কিংবা দামি রেস্তোরাঁয় খাওয়ার অভ্যাস তৈরি হয়।
৪. ক্রেডিট কার্ডের ফাঁদ: বাকিতে কেনাকাটা ও নো-কস্ট কিস্তির সুবিধা খরচের বাস্তব চাপ আড়াল করে। পরে একাধিক কার্ডের বিল পরিশোধ করতে গিয়ে পরবর্তী মাসের বেতনের ওপর চাপ পড়ে।
৫. সাবস্ক্রিপশনের খরচ: ওটিটি প্ল্যাটফর্ম, গান শোনার অ্যাপ, বিভিন্ন সফটওয়্যার ও সদস্যপদের স্বয়ংক্রিয় বিল আলাদাভাবে সামান্য মনে হলেও সব মিলিয়ে বড় অঙ্ক দাঁড়ায়।
৬. জরুরি তহবিল না থাকা: হঠাৎ চিকিৎসা ব্যয়, গাড়ি মেরামত, পারিবারিক অনুষ্ঠান কিংবা সন্তানের স্কুলের অতিরিক্ত খরচ সামলাতে সঞ্চয় ভাঙতে হয়।
৭. মানসিক ও আচরণগত অভ্যাস: অনেকেই বেতন পাওয়ার পর সেটিকে ইচ্ছামতো খরচ করার অর্থ হিসেবে বিবেচনা করেন। ফলে প্রয়োজনীয় খরচের বাইরে ব্যয় বাড়তে থাকে।
ঠেকাবেন যেভাবে
এ পরিস্থিতি এড়াতে বেতন পাওয়ার সঙ্গে সঙ্গেই নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয়ে রাখতে হবে। অন্তত ৩০ দিন প্রতিটি খরচের হিসাব রাখলে কোথায় কত টাকা যাচ্ছে, তা বোঝা সহজ হবে। যেসব সাবস্ক্রিপশন ব্যবহার করা হয় না, সেগুলো বন্ধ করতে হবে। প্রয়োজনীয় খরচ ও শখের খরচ আলাদা করে বাজেট নির্ধারণ করাও জরুরি।
পাশাপাশি ক্রেডিট কার্ডের সুদ ও ঋণের বোঝা কমানোর দিকে নজর দিতে হবে। অন্তত তিন থেকে ছয় মাসের প্রয়োজনীয় খরচের সমপরিমাণ জরুরি তহবিল গড়ে তুলতে হবে।
বেতন হারিয়ে যাওয়ার সমস্যা সব সময় কম আয় কিংবা অতিরিক্ত ব্যয়ের কারণে হয় না। অনেক সময় আয়ের তুলনায় মানুষের আর্থিক দায়বদ্ধতা ও জীবনযাত্রার ব্যয় জটিল হয়ে ওঠে। বেতন বাড়লেও অর্থ কোথায় যাচ্ছে, তা বুঝতে না পারলে একই সমস্যা আরও বেশি আয়েও ফিরে আসতে পারে।
সূত্র: এনডিটিভি

-6af5b74a53323.jpg)