দ্বিতীয়বার ডেঙ্গু হলে হতে পারে প্রাণঘাতী, জ্বর কমার পরও যেসব লক্ষণে সতর্ক হবেন
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৭:২১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
একবার ডেঙ্গু থেকে সুস্থ হয়েছেন বলে নিশ্চিন্ত থাকার সুযোগ নেই। কারণ দ্বিতীয়বার ডেঙ্গুতে আক্রান্ত হলে গুরুতর অসুস্থতার ঝুঁকি বাড়তে পারে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, জ্বর কমে যাওয়ার পরও রোগীর শারীরিক অবস্থার অবনতি হতে পারে। তাই জ্বর নেমে গেলেই রোগী বিপদমুক্ত হয়েছেন—এমনটি মনে করা ঠিক নয়।
ভারতীয় চিকিৎসক হর্ষদ লিমায়ের মতে, দ্বিতীয়বার ডেঙ্গুতে আক্রান্ত হলে গুরুতর জটিলতার আশঙ্কা তুলনামূলক বেশি থাকে। তবে দ্বিতীয়বার সংক্রমণ হলেই যে সবার গুরুতর ডেঙ্গু হবে, তা নয়।
ডেঙ্গু একটি মশাবাহিত ভাইরাসজনিত রোগ। এতে জ্বর, মাথাব্যথা, শরীর ও হাত-পায়ে ব্যথাসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। কোনো কোনো ক্ষেত্রে রক্তে প্লাটিলেটের মাত্রাও কমে যায়। ডেঙ্গু ভাইরাসের চারটি ধরন রয়েছে—ডিইএনভি-১, ডিইএনভি-২, ডিইএনভি-৩ ও ডিইএনভি-৪।
চিকিৎসক হর্ষদ লিমায়ের জানান, ডেঙ্গুর একটি ধরনে আক্রান্ত হলে শরীরে ওই নির্দিষ্ট ধরনের বিরুদ্ধে প্রতিরোধক্ষমতা তৈরি হয়। কিন্তু অন্য তিনটি ধরনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সুরক্ষা তৈরি হয় না। ফলে একবার ডেঙ্গু থেকে সুস্থ হওয়ার পরও অন্য ধরনের ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। ভারতেও ডেঙ্গুর চারটি ধরনই শনাক্ত হয়েছে।
দ্বিতীয়বার ডেঙ্গু হলে ঝুঁকি কেন বাড়ে?
প্রথমবার ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয়, দ্বিতীয়বার ভিন্ন ধরনের ভাইরাসে আক্রান্ত হলে সেই অ্যান্টিবডি সব সময় ভাইরাসকে নিষ্ক্রিয় করতে পারে না। বরং কিছু ক্ষেত্রে ভাইরাসকে রোগপ্রতিরোধ ব্যবস্থার কোষে প্রবেশে সহায়তা করতে পারে। এতে শরীরে ভাইরাসের পরিমাণ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।
বিজ্ঞানের ভাষায় এ প্রক্রিয়াকে বলা হয় ‘অ্যান্টিবডি ডিপেনডেন্ট এনহ্যান্সমেন্ট’। অর্থাৎ, আগের সংক্রমণের ফলে তৈরি হওয়া অ্যান্টিবডিই পরবর্তী সংক্রমণে রোগের তীব্রতা বাড়াতে ভূমিকা রাখতে পারে। এ কারণেই দ্বিতীয়বার ডেঙ্গুতে আক্রান্ত হলে গুরুতর জটিলতার ঝুঁকি নিয়ে সতর্ক থাকতে বলেন চিকিৎসকেরা।
গুরুতর ডেঙ্গুর ক্ষেত্রে রক্তনালি থেকে রক্তের তরল অংশ বা প্লাজমা বেরিয়ে আসতে পারে। এতে ফুসফুসের চারপাশে কিংবা পেটের ভেতরে তরল জমতে পারে। পরিস্থিতি আরও জটিল হলে ডেঙ্গু শক সিনড্রোম দেখা দিতে পারে। তখন রক্তসঞ্চালন ব্যাহত হয় এবং শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতে পর্যাপ্ত রক্ত ও অক্সিজেন পৌঁছায় না।
জ্বর কমার পরও যেসব লক্ষণে সতর্ক হবেন
ডেঙ্গুতে জ্বর কমে যাওয়াকে অনেকেই সুস্থতার লক্ষণ মনে করেন। কিন্তু চিকিৎসকদের মতে, জ্বর কমার পরের সময়টিই অনেক ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হতে পারে। এ সময় রোগীর শারীরিক অবস্থার দিকে বিশেষ নজর রাখা জরুরি।
জ্বর কমার পর নিচের লক্ষণগুলোর কোনোটি দেখা দিলে দ্রুত হাসপাতালে নিতে হবে—
১. বারবার বমি হওয়া।
২. পেটে তীব্র বা অব্যাহত ব্যথা।
৩. দ্রুত শ্বাস নেওয়া বা শ্বাসকষ্ট।
৪. মাড়ি কিংবা নাক দিয়ে রক্ত পড়া।
৫. অতিরিক্ত ক্লান্তি, অস্থিরতা বা ছটফটানি।
৬. প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া কিংবা পানিশূন্যতার লক্ষণ দেখা দেওয়া।
চিকিৎসক হর্ষদ লিমায়ের সতর্ক করে বলেছেন, ডেঙ্গুতে রোগীর অবস্থা খুব দ্রুত খারাপ হতে পারে। তাই জ্বর কমে গেলেও বিপৎসংকেতগুলো অবহেলা করা যাবে না। এসব লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসা নিতে হবে।
