প্রাক্তনের সঙ্গে দেখা হলে যে ভুল করবেন না
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সাবেক প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সম্পর্কের ইতি টানার পর অনেকেই চান, জীবনে আর কখনো তার মুখোমুখি হতে না হয়। কিন্তু চাইলেই কি সব সময় তা সম্ভব? দীর্ঘদিন এড়িয়ে চলার পর হঠাৎ কোনো রেস্তোরাঁ, বার কিংবা জনসমাগমস্থলে সাবেক সঙ্গীর সঙ্গে দেখা হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে কী করা উচিত? এ বিষয়ে সম্পর্ক বিশেষজ্ঞদের রয়েছে কিছু পরামর্শ।
বিশেষজ্ঞেদের মতে, সাবেক সঙ্গীর সঙ্গে অস্বস্তিকর পরিস্থিতি এড়ানোর সবচেয়ে সহজ উপায় হলো আলাদা পথে চলে যাওয়া। তাদের মতে, ‘সে যদি উত্তরে যায়, আপনি দক্ষিণে যান। সে পূর্ব দিকে গেলে আপনি পশ্চিমে যান।’ দীর্ঘদিন সম্পর্কসংক্রান্ত বিরোধ নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে তারা মনে করেন, পুরোনো প্রেমের সম্পর্ক নিয়ে আবার কথাবার্তা শুরু করলেই ভালো কিছু হবে, এমন নিশ্চয়তা নেই।
তবে দম্পতি ও সম্পর্কবিষয়ক থেরাপিস্ট জিনেট রেমন্ডের পরামর্শ কিছুটা ভিন্ন। তার মতে, সাবেক সঙ্গীর মুখোমুখি হলে সিদ্ধান্ত নেওয়ার আগে তিনটি বিষয় বিবেচনা করা প্রয়োজন।
বিচ্ছেদের পর কত দিন পেরিয়েছে: সম্পর্কের অবসান যদি খুব বেশি দিন আগে না হয়ে থাকে, তাহলে সাবেক সঙ্গীকে দেখে বিস্মিত বা অস্বস্তি বোধ করা স্বাভাবিক। এ ক্ষেত্রে চোখাচোখি হলে হালকা মাথা নেড়ে বা সামান্য ইশারা করে নিজের পথে চলে যাওয়াই ভালো।
সাবেক সঙ্গীকে দেখে আপনার মানসিক প্রতিক্রিয়া কেমন হয়: তাকে দেখলে যদি এখনো তীব্র আবেগ, কষ্ট কিংবা প্রত্যাখ্যাত হওয়ার অনুভূতি তৈরি হয়, তাহলে বুঝতে হবে বিচ্ছেদের মানসিক প্রক্রিয়া এখনো পুরোপুরি শেষ হয়নি। এ অবস্থায় হালকা হাসি দিয়ে শুভেচ্ছা বিনিময় করা যেতে পারে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে পুরোনো পরিচিতের মতো সামান্য কথাবার্তাও বলা যেতে পারে। এতে বিচ্ছেদের বাস্তবতা মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে সহায়তা করবে।
সাবেক সঙ্গীর প্রতি আপনার বর্তমান অনুভূতি কেমন: অনেকেই মনে করেন, তারা আগের সম্পর্কের স্মৃতি কাটিয়ে উঠেছেন। কিন্তু হঠাৎ দেখা হলে পুরোনো আবেগ আবার জেগে উঠতে পারে। এমন হলে শুধু তার উপস্থিতি স্বীকার করে নিজের পথে চলে যাওয়াই ভালো। প্রয়োজন হলে থেরাপির মাধ্যমে মনের ভেতরের অমীমাংসিত কষ্টগুলো সামলানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
অন্যদিকে, প্রতিক্রিয়া যদি খুব বেশি তীব্র না হয়, তাহলে নিজের বর্তমান অবস্থান উপলব্ধি করে স্বাভাবিকভাবে কথা বলা যেতে পারে। বিচ্ছেদের পর আপনি কতটা এগিয়েছেন, সেটিও নিজেকে বোঝার সুযোগ হতে পারে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নিজের প্রকৃত অনুভূতি লুকিয়ে অন্য কিছু প্রকাশ করার চেষ্টা না করা। স্বাচ্ছন্দ্য বোধ না করলে চোখাচোখি বা কথাবার্তায় জড়ানোর প্রয়োজন নেই। সাবেক সঙ্গী কথা বলতে আগ্রহী হলেও আপনি প্রস্তুত না থাকলে স্পষ্টভাবে নিজের অস্বস্তির কথা জানিয়ে সরে আসতে পারেন।
বিশেষজ্ঞদের মতে, অনেকেই সাবেক সঙ্গীর সামনে নিজেকে সুখী ও সম্পূর্ণ স্বাভাবিক প্রমাণ করতে চান। কিন্তু এমন আচরণের পেছনে কখনো কখনো পুরোনো কষ্ট বা প্রতিশোধের আকাঙ্ক্ষা কাজ করে। তাই লোক দেখানো স্বাভাবিকতা নয়, বরং নিজের অনুভূতিকে স্বীকার করা এবং ধীরে ধীরে অতীত থেকে বেরিয়ে আসাই সবচেয়ে জরুরি।
সূত্র: মেল ম্যাগাজিন

-6af5b4dfd3be9.jpg)