ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ডায়াবেটিস বর্তমানে বিশ্বজুড়ে অন্যতম বড় স্বাস্থ্যঝুঁকি হয়ে উঠেছে। উদ্বেগের বিষয় হলো, প্রাথমিক পর্যায়ে এ রোগের লক্ষণ অনেক সময় স্পষ্ট হয় না। ফলে অসংখ্য মানুষ নিজের অজান্তেই ডায়াবেটিসে আক্রান্ত থাকেন।
বিশেষজ্ঞদের মতে, রোগের লক্ষণ প্রকাশের অপেক্ষায় থাকা ঝুঁকিপূর্ণ। বরং আগে থেকেই খাদ্যাভ্যাস ও জীবনযাপনে পরিবর্তন আনা জরুরি। প্রতিদিনের খাবারের তালিকায় কিছু বিষয়ে সচেতন হলে ডায়াবেটিসের ঝুঁকি কমানোর পাশাপাশি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
বিশেষজ্ঞরা বলছেন, ডায়াবেটিস এখন শুধু বয়স্কদের রোগ নয়। ২০ থেকে ৩০ বছর বয়সি তরুণদের মধ্যেও এ রোগের প্রকোপ বাড়ছে। আক্রান্তদের প্রায় অর্ধেকই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করানো পর্যন্ত রোগ সম্পর্কে জানতে পারেন না। তাই উপসর্গের অপেক্ষা না করে আগেভাগে সতর্ক হওয়া প্রয়োজন।
১. শুধু মিষ্টি নয়, রান্নার উপকরণেও নজর দিন
ডায়াবেটিস প্রতিরোধে শুধু মিষ্টি ও চকলেট এড়িয়ে চললেই হবে না। রান্নায় ব্যবহৃত তেল, পরিশোধিত শর্করা এবং খাবারের সামগ্রিক পুষ্টিমান নিয়েও সচেতন থাকতে হবে। অতিরিক্ত তেল ও পরিশোধিত কার্বোহাইড্রেট গ্রহণ রক্তে শর্করার ভারসাম্য নষ্ট করতে পারে।
২. একসঙ্গে বেশি খাবেন না
দিনে মাত্র দুবার অনেক বেশি খাবার খাওয়ার অভ্যাস বিপাকীয় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। এর পরিবর্তে পরিমিত খাবার কয়েক ভাগে ভাগ করে নির্দিষ্ট বিরতিতে খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এতে খাবারের পরিমাণ ও সময়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা সহজ হয়।
৩. খাবারে আঁশযুক্ত সবজি রাখুন
প্রতিবার খাবারের সঙ্গে সবুজ শাকসবজি, তাজা সালাদ ও আঁশসমৃদ্ধ খাবার রাখুন। খাদ্যতালিকায় পর্যাপ্ত আঁশ থাকলে খাবারের পুষ্টিমান বাড়ে। পাশাপাশি এটি রক্তে শর্করা শোষণের গতি ধীর করতে সহায়তা করে।
৪. ফলের রসের বদলে আস্ত ফল খান
ফলের রসের তুলনায় আস্ত ফল খাওয়া বেশি উপকারী। কারণ আস্ত ফলে থাকা খাদ্যআঁশ রক্তে শর্করা দ্রুত বেড়ে যাওয়া ঠেকাতে সহায়তা করে। তবে গুড় ও মধুর মতো প্রাকৃতিক মিষ্টিও পরিমিত খেতে হবে। এগুলোও রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে।
৫. প্যাকেটজাত খাবারের উপাদান যাচাই করুন
বাজারে পাওয়া অনেক প্যাকেটজাত খাবারে লুকানো চিনি থাকে। এসব খাবার নিয়মিত খেলে রক্তে শর্করা নিয়ন্ত্রণের প্রচেষ্টা ব্যাহত হতে পারে। তাই প্রক্রিয়াজাত খাবার কেনার আগে উপাদানের তালিকা ও পুষ্টিমানসংক্রান্ত তথ্য দেখে নেওয়া জরুরি।
৬. নিয়মিত শরীরচর্চা করুন
শুধু খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করলেই ডায়াবেটিসের ঝুঁকি পুরোপুরি কমানো যায় না। নিয়মিত শারীরিক পরিশ্রমও জরুরি। বিশেষজ্ঞদের পরামর্শ, সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মাত্রার ব্যায়াম করতে হবে। দীর্ঘক্ষণ একটানা বসে থাকা এড়িয়ে চলতে হবে। পাশাপাশি পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখাও গুরুত্বপূর্ণ।
বিশেষজ্ঞদের মতে, এসব অভ্যাস নিয়মিত চর্চা করলে ডায়াবেটিসের ঝুঁকি কমানোর পাশাপাশি সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখা সম্ভব। তবে ঝুঁকি থাকলে নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা করানোও জরুরি।
সূত্র: নিউজ ১৮

-6af48a04e2092.jpg)