মানসিক চাপ থেকে কেন পেটব্যথা ও হজমের সমস্যা হয়?
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
গুরুত্বপূর্ণ কোনো কাজের আগে বমি বমি ভাব, অতিরিক্ত দুশ্চিন্তায় পেটে মোচড় দেওয়া কিংবা মানসিক চাপে হজমের সমস্যা হওয়া বেশ পরিচিত ঘটনা। অনেকেই এমন অভিজ্ঞতার মুখোমুখি হন। চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, এসব সমস্যার পেছনে মস্তিষ্ক ও পরিপাকতন্ত্রের পারস্পরিক সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ মানসিক চাপের প্রভাব শুধু মস্তিষ্কেই সীমাবদ্ধ থাকে না, তা সরাসরি পাকস্থলী ও অন্ত্রের কার্যক্রমেও প্রভাব ফেলতে পারে।
যুক্তরাষ্ট্রের চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান হার্ভার্ড হেলথ পাবলিশিংয়ের স্বাস্থ্যবিষয়ক প্রকাশনা ‘হেলথবিট’-এর এক প্রতিবেদনে মানসিক চাপের সঙ্গে হজমের সমস্যার সম্পর্ক এবং এর বিভিন্ন লক্ষণ তুলে ধরা হয়েছে।
মানসিক চাপ কীভাবে হজমের সমস্যা তৈরি করে?
বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত মানসিক চাপ, বিষণ্নতা ও অন্যান্য মনস্তাত্ত্বিক সমস্যা পাকস্থলী এবং অন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে পারে। এর ফলে পরিপাকতন্ত্রের সংকোচন-প্রসারণ ও খাবার হজমের স্বাভাবিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়।
গবেষণায় আরও উঠে এসেছে, মানসিক ও সামাজিক চাপ অন্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্যে পরিবর্তন আনতে পারে। এর প্রভাবে শরীরে দীর্ঘমেয়াদি প্রদাহের ঝুঁকি তৈরি হয়।
এছাড়া পরিপাকতন্ত্রের কার্যগত সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে মস্তিষ্ক হজমপ্রক্রিয়া থেকে আসা ব্যথার সংকেত ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। ফলে সাধারণ অবস্থার তুলনায় তারা পেটের ব্যথা বেশি অনুভব করেন। মানসিক চাপ এই অস্বস্তি ও ব্যথার তীব্রতা আরও বাড়িয়ে দিতে পারে।
চিকিৎসায় কেন সমন্বিত পদ্ধতি জরুরি?
হার্ভার্ডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ৩২টি বৈজ্ঞানিক গবেষণার পর্যালোচনায় দেখা গেছে, প্রচলিত ওষুধের পাশাপাশি মানসিক চাপ নিয়ন্ত্রণে মনস্তাত্ত্বিক থেরাপি গ্রহণকারীদের হজমজনিত উপসর্গের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
এ কারণে বিশেষজ্ঞরা এ ধরনের সমস্যার চিকিৎসায় সমন্বিত পদ্ধতির ওপর গুরুত্ব দিচ্ছেন। এতে প্রয়োজন অনুযায়ী ওষুধ সেবনের পাশাপাশি খাদ্যাভ্যাসে পরিবর্তন এবং মানসিক চাপ কমানোর বিভিন্ন কৌশল অনুসরণ করা হয়।
মানসিক চাপের কারণে হজমের সমস্যা হচ্ছে, বুঝবেন যেভাবে
বুক জ্বালাপোড়া, পেটে খিঁচুনি কিংবা ডায়রিয়ার মতো উপসর্গের পাশাপাশি কিছু শারীরিক, আচরণগত ও মানসিক পরিবর্তন দেখা দিলে মানসিক চাপের বিষয়টি বিবেচনায় নেওয়া প্রয়োজন।
১. শারীরিক লক্ষণ
- ঘাড় ও কাঁধের পেশিতে অতিরিক্ত টান বা শক্তভাব।
- ঘন ঘন মাথাব্যথা ও ঘুমের সমস্যা।
- হাত-পা কাঁপা বা অস্থিরতা অনুভব করা।
- যৌন আগ্রহ কমে যাওয়া।
- হঠাৎ ওজন কমে যাওয়া বা বেড়ে যাওয়া।
- সারাক্ষণ শারীরিক অস্বস্তি ও অস্থিরতায় ভোগা।
২. আচরণগত পরিবর্তন
- কাজ ফেলে রাখা বা সময়মতো শেষ করতে না পারা।
- খাবার ও পানীয় গ্রহণের অভ্যাসে অস্বাভাবিক পরিবর্তন।
- ধূমপানের প্রবণতা বেড়ে যাওয়া।
- ঘুমের মধ্যে বা অজান্তে দাঁত ঘষা।
- দুশ্চিন্তার বিষয় নিয়ে বারবার ভাবা বা আলোচনা করা।
৩. আবেগীয় ও মানসিক লক্ষণ
- সামান্য কারণেই কান্না পাওয়া।
- অতিরিক্ত দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা।
- মানুষের সঙ্গ এড়িয়ে চলা কিংবা অতিরিক্ত সঙ্গ কামনা করা।
- অল্পতেই রেগে যাওয়া বা বিরক্ত হওয়া।
- বিষণ্নতা ও মনোযোগের ঘাটতি।
- ভুলে যাওয়ার প্রবণতা এবং সিদ্ধান্ত নিতে অসুবিধা।
- স্বাভাবিক আনন্দ ও রসবোধ হারিয়ে ফেলা।
মানসিক চাপের সঙ্গে হজমের সমস্যার সম্পর্ক থাকলেও সব পেটব্যথা বা পরিপাকজনিত সমস্যার কারণ মানসিক চাপ নয়। তাই উপসর্গ দীর্ঘস্থায়ী হলে বা তীব্র আকার ধারণ করলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। প্রয়োজন অনুযায়ী শারীরিক ও মানসিক—উভয় দিক বিবেচনায় নিয়ে চিকিৎসা করাই এ ধরনের সমস্যা নিয়ন্ত্রণের কার্যকর উপায়।

-6af5b74a53323.jpg)