Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

মুখে কিছু না বললেও যেসব আচরণে ধরা পড়ে আপনার মনের কথা

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পিএম

মুখে কিছু না বললেও যেসব আচরণে ধরা পড়ে আপনার মনের কথা

ছবি: এআই দিয়ে তৈরি

Advertisement

কারও প্রতি বিশেষ আকর্ষণ তৈরি হলে মানুষের আচরণেও আসে অদ্ভুত কিছু পরিবর্তন। যিনি সাধারণত মেসেজের উত্তর দিতে বেশ সময় নেন, পছন্দের মানুষটির বার্তা এলেই হয়তো মুহূর্তের মধ্যে রিপ্লাই দেন। আবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পোস্ট কে দেখল, তা নিয়ে কখনো মাথা না ঘামালেও বিশেষ একজন স্টোরি দেখেছেন কি না, সেটি নিয়ে শুরু হয় অপেক্ষা।

মজার ব্যাপার হলো, পছন্দের মানুষের সামনে নিজের অনুভূতি গোপন রাখার চেষ্টা করলেও অনেক সময় দৈনন্দিন আচরণেই তা প্রকাশ পেয়ে যায়। ছোট ছোট বিষয়েও তৈরি হয় বাড়তি আগ্রহ, শুরু হয় অকারণ অপেক্ষা কিংবা সামান্য কথোপকথন নিয়েও চলে নানা হিসাব-নিকাশ।

কাউকে ভালো লাগলে মানুষ নিজের অজান্তেই এমন কিছু আচরণ করে, যা অন্যদের কাছে বেশ মজার মনে হতে পারে। চলুন জেনে নেওয়া যাক এমন পাঁচটি অভ্যাসের কথা।

হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠা

যিনি সাধারণত সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা সময় কাটান না, পছন্দের মানুষ জীবনে আসার পর তিনিও হয়ে উঠতে পারেন বেশ সক্রিয়। হঠাৎ কফির কাপ, পছন্দের গান, ঘুরতে যাওয়ার মুহূর্ত কিংবা সূর্যাস্তের ছবি দিয়ে স্টোরি দেওয়ার প্রবণতা বেড়ে যায়।

যদিও এসব পোস্ট সবার জন্যই দেওয়া হয়, তবে মনের ভেতর অপেক্ষা থাকে বিশেষ একজনের প্রতিক্রিয়ার। তিনি স্টোরি দেখেছেন কি না, কোনো ইমোজি পাঠিয়েছেন কি না কিংবা রিপ্লাই দিয়েছেন কি না, সেদিকেই থাকে বাড়তি নজর। আর পছন্দের মানুষটির কাছ থেকে সামান্য প্রতিক্রিয়া পেলেই যেন দিনটি হয়ে ওঠে অন্য রকম।

কথা বলার জন্য খুঁজতে থাকেন অদ্ভুত সব অজুহাত

কাউকে ভালো লাগলে তার সঙ্গে কথা বলার ইচ্ছা থেকেই তৈরি হয় নানা অজুহাত। এমন প্রশ্নও করা হয়, যার উত্তর আগে থেকেই জানা। কখনো অপ্রাসঙ্গিক কোনো মিম পাঠানো, আবার কখনো পুরোনো কোনো প্রসঙ্গ টেনে কথোপকথন শুরু করার চেষ্টা চলে।

এমনকি কোনো সিনেমা বা টিভি সিরিজ দেখেছেন কি না, কিংবা কোনো গান শুনেছেন কি না—এমন সাধারণ প্রশ্নও দীর্ঘ সময় কথা বলার উপলক্ষ হয়ে ওঠে। মূল উদ্দেশ্য থাকে একটাই, যেভাবেই হোক কথোপকথনটা যেন একটু দীর্ঘ হয়।

মনে রাখতে শুরু করেন ছোট ছোট সব তথ্য

নিজের দৈনন্দিন জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় ভুলে গেলেও পছন্দের মানুষটির ছোটখাটো পছন্দ-অপছন্দ ঠিকই মনে থাকে। তার প্রিয় খাবার কী, কোন গান শুনতে ভালোবাসেন, সপ্তাহের কোন দিন গুরুত্বপূর্ণ কাজ রয়েছে কিংবা কোন বিষয়টি তিনি একেবারেই পছন্দ করেন না—সবকিছুই যেন অজান্তে স্মৃতিতে জমা হতে থাকে।

কথার ফাঁকে এসব বিষয় স্বাভাবিকভাবে তুলে ধরারও চেষ্টা করেন অনেকে। এতে একদিকে যেমন বোঝানো যায় যে তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনা হয়েছে, অন্যদিকে পছন্দের মানুষটির কাছেও বিশেষ হয়ে ওঠার একটা নীরব প্রত্যাশা কাজ করে।

সামনে এলেই বদলে যায় স্বাভাবিক আচরণ

বন্ধুদের সঙ্গে যিনি সব সময় হাসিখুশি ও প্রাণবন্ত, পছন্দের মানুষটি সামনে এলেই হয়ত তিনি হয়ে যান অস্বাভাবিক শান্ত। কেউ আবার উলটো অকারণে বেশি কথা বলতে শুরু করেন কিংবা সামান্য বিষয়েও হাসতে থাকেন।

অনেকে আবার এমনভাবে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, যেন সেখানে খুব গুরুত্বপূর্ণ কোনো কাজ করছেন। নিজের হাঁটাচলা, বসার ধরন, পোশাক কিংবা কথা বলার ভঙ্গি নিয়েও তৈরি হয় বাড়তি সচেতনতা। অথচ আশপাশের বন্ধুরা অনেক আগেই বুঝে ফেলেন, আচরণ বদলে যাওয়ার পেছনে আসল কারণ কী!

সামান্য ঘটনাও বন্ধুদের আলোচনার বড় বিষয় হয়ে ওঠে

পছন্দের মানুষের কাছ থেকে পাওয়া একটি সাধারণ মেসেজ, ছোট্ট প্রশংসা কিংবা একটি ইমোজিও তখন বিশেষ অর্থ বহন করে। এমনকি সামান্য কথোপকথনের স্ক্রিনশটও চলে যেতে পারে বন্ধুদের গ্রুপ চ্যাটে।

এরপর শুরু হয় নানা বিশ্লেষণ। কেন এমন কথা বললেন, ওই ইমোজির অর্থ কী, উত্তর দিতে এত সময় নিলেন কেন—এসব প্রশ্নের উত্তর খুঁজতে বন্ধুরাও হয়ে ওঠেন সমান আগ্রহী। একটি সাধারণ হাসি কিংবা ছোট্ট বার্তাকে ঘিরে তৈরি হয় দীর্ঘ আলোচনা। অনেক সময় বন্ধুরা এমন সব ব্যাখ্যা দাঁড় করান, যা হয়ত সংশ্লিষ্ট ব্যক্তির নিজের মাথাতেও আসেনি।

ভালো লাগার অনুভূতি লুকানো কি সত্যিই সম্ভব?

কাউকে ভালো লাগা মানুষের স্বাভাবিক অনুভূতি। তবে সেই অনুভূতি আড়াল করার চেষ্টা করলেও আচরণে তার কিছুটা প্রকাশ ঘটতে পারে। কখনো বাড়তি আগ্রহ, কখনো অকারণ অপেক্ষা, আবার কখনো ছোট ছোট বিষয় মনে রাখার মধ্য দিয়েই ফুটে ওঠে মনের কথা। তাই মুখে কিছু না বললেও পছন্দের মানুষটির প্রতি বিশেষ মনোযোগ ও আচরণের পরিবর্তন অনেক সময় অনুভূতির নীরব প্রকাশ হয়ে দাঁড়ায়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

নরম তুলতুলে চিতই পিঠা বানাবেন যেভাবে

নরম তুলতুলে চিতই পিঠা বানাবেন যেভাবে

মুখে কিছু না বললেও যেসব আচরণে ধরা পড়ে আপনার মনের কথা

মুখে কিছু না বললেও যেসব আচরণে ধরা পড়ে আপনার মনের কথা

ঘুম থেকে উঠে দেরিতে নাশতা করেন? অজান্তেই বাড়াচ্ছেন যেসব স্বাস্থ্যঝুঁকি

ঘুম থেকে উঠে দেরিতে নাশতা করেন? অজান্তেই বাড়াচ্ছেন যেসব স্বাস্থ্যঝুঁকি

পুরোনো শীতের কাপড়েও ফিরবে সতেজ ভাব, জেনে নিন কৌশল

পুরোনো শীতের কাপড়েও ফিরবে সতেজ ভাব, জেনে নিন কৌশল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম