Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

ঘুম থেকে উঠে দেরিতে নাশতা করেন? অজান্তেই বাড়াচ্ছেন যেসব স্বাস্থ্যঝুঁকি

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পিএম

ঘুম থেকে উঠে দেরিতে নাশতা করেন? অজান্তেই বাড়াচ্ছেন যেসব স্বাস্থ্যঝুঁকি

ছবি: সংগৃহীত

Advertisement

দিনের প্রথম খাবার হিসেবে নাশতা শরীরের জন্য বেশ গুরুত্বপূর্ণ। রাতভর না খেয়ে থাকার পর সকালে নাশতা শরীরে শক্তি জোগায় এবং সারাদিনের কাজের জন্য প্রস্তুত করে। তবে শুধু স্বাস্থ্যকর খাবার খেলেই হবে না, কখন নাশতা করছেন, সেটিও স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

একটি প্রতিবেদনে বলা হয়েছে, ঘুম থেকে ওঠার পর দীর্ঘ সময় নাশতা না করার অভ্যাস শরীরের স্বাভাবিক জৈবিক ছন্দ ও বিপাকপ্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। নিয়মিত দুপুর ১২টার পর কিংবা ঘুম থেকে ওঠার দুই ঘণ্টার বেশি সময় পর দিনের প্রথম খাবার খাওয়ার অভ্যাস স্বাস্থ্যের জন্য নেতিবাচক হতে পারে। এতে ক্ষুধার স্বাভাবিক সংকেত, হজমপ্রক্রিয়া এবং শরীরের শক্তির ভারসাম্য ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।

বিপাকপ্রক্রিয়ায় প্রভাব

রাতভর উপবাসের পর সকালে খাবার গ্রহণ শরীরের বিপাকপ্রক্রিয়াকে সক্রিয় রাখতে সহায়তা করে। কিন্তু নিয়মিত নাশতা করতে দেরি হলে শরীরের স্বাভাবিক জৈবিক ঘড়ি বা সার্কাডিয়ান রিদমের ওপর প্রভাব পড়তে পারে।

কিছু গবেষণায় সকালে দেরিতে খাবার খাওয়ার সঙ্গে ইনসুলিন প্রতিরোধক্ষমতা বেড়ে যাওয়ার সম্পর্ক পাওয়া গেছে। ইনসুলিন রেজিস্ট্যান্স ডায়াবেটিসের অন্যতম গুরুত্বপূর্ণ ঝুঁকির কারণ।

কমতে পারে কর্মশক্তি, বাড়তে পারে ক্ষুধা

যারা সকালে দেরি করে নাশতা করেন, তাদের অনেকেরই দুপুরে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা দেখা যায়। আবার কেউ কেউ মূল খাবারের মাঝখানে অপ্রয়োজনীয় স্ন্যাকস খেয়ে থাকেন। এতে রক্তে শর্করার মাত্রায় ওঠানামা হতে পারে এবং শরীরে শক্তির ঘাটতি অনুভূত হতে পারে। দীর্ঘদিন এমন অভ্যাস চলতে থাকলে ওজন বেড়ে যাওয়ার ঝুঁকিও তৈরি হতে পারে।

রাতভর না খেয়ে থাকার পর মস্তিষ্কেরও শক্তি ও প্রয়োজনীয় পুষ্টি দরকার হয়। দীর্ঘ সময় নাশতা না করলে কারও কারও ক্ষেত্রে ক্লান্তি, মনোযোগের ঘাটতি এবং চিন্তাভাবনার স্বাভাবিক কার্যক্ষমতা কমে যেতে পারে। অন্যদিকে, পুষ্টিকর নাশতা স্মৃতিশক্তি, মনোযোগ এবং সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বজায় রাখতে সহায়তা করে।

ব্যাহত হতে পারে ক্ষুধার স্বাভাবিক সংকেত

প্রতিদিন অনিয়মিত সময়ে খাবার খাওয়ার অভ্যাস শরীরের ক্ষুধা ও পেট ভরে যাওয়ার স্বাভাবিক সংকেতকে প্রভাবিত করতে পারে। ফলে কখনো অপ্রয়োজনীয় ক্ষুধা অনুভূত হতে পারে, আবার কখনো শরীরের প্রয়োজনের তুলনায় বেশি খাবার খাওয়ার প্রবণতা তৈরি হয়।

নাশতা করার উপযুক্ত সময় কখন?

প্রতিবেদনে বলা হয়েছে, ঘুম থেকে ওঠার এক থেকে দুই ঘণ্টার মধ্যে নাশতা করা ভালো। সকালের খাবারে প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি এবং আঁশযুক্ত খাবার রাখা উচিত। এসব পুষ্টি উপাদান দুপুর পর্যন্ত শরীরে শক্তি জোগাতে এবং রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সহায়তা করে।

বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য সুষম খাবারের পাশাপাশি নিয়মিত সময়ে খাবার গ্রহণের অভ্যাসও গুরুত্বপূর্ণ।

তবে প্রত্যেকের শারীরিক চাহিদা, স্বাস্থ্যগত অবস্থা ও দৈনন্দিন রুটিন এক নয়। তাই ব্যক্তিগত প্রয়োজন ও জীবনযাপনের ধরন বিবেচনা করেই নাশতার সময় নির্ধারণ করা উচিত।

সূত্র: সামা

Advertisement

Advertisement

আরও পড়ুন

ঘুম থেকে উঠে দেরিতে নাশতা করেন? অজান্তেই বাড়াচ্ছেন যেসব স্বাস্থ্যঝুঁকি

ঘুম থেকে উঠে দেরিতে নাশতা করেন? অজান্তেই বাড়াচ্ছেন যেসব স্বাস্থ্যঝুঁকি

পুরোনো শীতের কাপড়েও ফিরবে সতেজ ভাব, জেনে নিন কৌশল

পুরোনো শীতের কাপড়েও ফিরবে সতেজ ভাব, জেনে নিন কৌশল

শীতের খাবারের তালিকায় মিষ্টি আলু যে কারণে রাখবেন

শীতের খাবারের তালিকায় মিষ্টি আলু যে কারণে রাখবেন

লিপ বাম ব্যবহারের পরও ঠোঁট ফাটে? কারণ জানুন

লিপ বাম ব্যবহারের পরও ঠোঁট ফাটে? কারণ জানুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম