Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

এক ক্লিকেই ভূমি নিবন্ধন, ঘরে বসে করা যাবে দলিলের কাজ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পিএম

এক ক্লিকেই ভূমি নিবন্ধন, ঘরে বসে করা যাবে দলিলের কাজ

ছবি: এআই

Advertisement

জমি কেনাবেচা ও দলিল নিবন্ধনে দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ডিজিটাল ব্যবস্থায় যাচ্ছে সরকার। প্রচলিত কাগজনির্ভর পদ্ধতির পরিবর্তে চালু হচ্ছে অনলাইনভিত্তিক স্বয়ংক্রিয় ভূমি নিবন্ধন ব্যবস্থা। নতুন এ পদ্ধতিতে ঘরে বসেই ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং নিবন্ধনের বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন নাগরিকরা। এতে নিবন্ধন কার্যালয়ে বারবার যাতায়াত, দীর্ঘসূত্রতা ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে বলে আশা করা হচ্ছে।

এ লক্ষ্যে বাস্তবায়ন করা হচ্ছে ‘ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প’। এর মাধ্যমে সারা দেশের দলিল নিবন্ধন কার্যক্রম ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। সেবার মান বাড়ানো, স্বচ্ছতা নিশ্চিত করা এবং নিবন্ধন প্রক্রিয়া সহজ ও দ্রুত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এর আগে জানিয়েছেন, ২০২৭ সালের দ্বিতীয়ার্ধ অথবা ২০২৮ সালের প্রথমার্ধের মধ্যে অনলাইন দলিল নিবন্ধন চালুর লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে চালু হলে নিবন্ধনসংক্রান্ত তথ্য ও সেবা পেতে নাগরিকদের প্রচলিত ব্যবস্থার ওপর নির্ভরতা কমবে। একই সঙ্গে দলিল যাচাই ও নিবন্ধন প্রক্রিয়ায় অনিয়ম, জালিয়াতি এবং হয়রানির সুযোগ কমে আসবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

কমতে পারে ভূমি নিয়ে মামলা

ভূমি নিবন্ধন ব্যবস্থার আধুনিকায়নের প্রভাব পড়তে পারে বিচার বিভাগেও। দেশের আদালতগুলোতে বিচারাধীন মামলার বড় একটি অংশ ভূমিসংক্রান্ত বিরোধ নিয়ে। জমির মালিকানা, দলিলের বৈধতা ও সম্পত্তি হস্তান্তর নিয়ে বিরোধের কারণে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে পড়ছেন বিচারপ্রার্থীরা। এসব মামলা নিষ্পত্তি করতে আদালতের ওপরও বাড়তি চাপ তৈরি হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, ডিজিটাল পদ্ধতিতে দলিল যাচাই ও নিবন্ধন করা হলে সম্পত্তির মালিকানাসংক্রান্ত নথির নির্ভুলতা বাড়বে। জালিয়াতির মাধ্যমে জমি হস্তান্তরের সুযোগ কমবে। এতে ভূমির মালিকানা নিয়ে বিরোধ এবং দীর্ঘমেয়াদে আদালতে মামলা বাড়ার আশঙ্কাও হ্রাস পেতে পারে।

অন্যদিকে, জাতীয় অর্থনীতিতেও নিবন্ধন অধিদপ্তরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিষ্ঠানটি বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা রাজস্ব আয় করে। সম্পত্তির মালিকানা সুরক্ষা, আইনগত নথি সংরক্ষণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার ক্ষেত্রে অধিদপ্তরের কার্যক্রম গুরুত্বপূর্ণ। ফলে এ খাতের আধুনিকায়ন রাজস্ব ব্যবস্থাপনা ও সুশাসনের জন্যও তাৎপর্যপূর্ণ।

অটোমেশনে বড় চ্যালেঞ্জ জনবল ও অবকাঠামো

তবে নতুন ব্যবস্থা চালুর ক্ষেত্রে মাঠপর্যায়ে বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। জনবল সংকট, প্রযুক্তিগত সরঞ্জামের অভাব, নথি সংরক্ষণের অপর্যাপ্ত ব্যবস্থা এবং অবকাঠামোগত দুর্বলতা অটোমেশন কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে পারে।

সম্প্রতি রাজধানীতে এক কর্মসূচির ফাঁকে এসব সমস্যার কথা তুলে ধরেন নিবন্ধন মহাপরিদর্শক (আইজিআর) শামীমা আফরোজ। তিনি জানান, দেশের বিভিন্ন সাব-রেজিস্ট্রি অফিসে প্রয়োজনের তুলনায় জনবল অনেক কম। গুরুত্বপূর্ণ দলিল ও নথি সংরক্ষণের জন্যও পর্যাপ্ত ব্যবস্থা নেই। অথচ এসব কার্যালয়ে নাগরিকদের মূল্যবান সম্পত্তির মালিকানাসংক্রান্ত দলিল রাখা হয়।

তিনি বলেন, অটোমেশন কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি দেশব্যাপী অটোমেটেড চালান বা এ-চালান ব্যবস্থা চালুর প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। তবে অনেক উপ-রেজিস্ট্রি অফিসে কম্পিউটার অপারেটর ও নৈশপ্রহরীসহ নিরাপত্তাকর্মীর অনুমোদিত পদও নেই। ফলে ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরের পাশাপাশি জনবল ও নথির নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।

নতুন পদ্ধতি কার্যকর করতে কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ, নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ এবং নির্ভরযোগ্য সার্ভার অবকাঠামো নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন নিবন্ধন মহাপরিদর্শক। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে নতুন নিবন্ধন পদ্ধতি সম্পর্কে সচেতনতা তৈরির প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি। কারণ, নিয়মকানুন ও সেবা গ্রহণের পদ্ধতি সম্পর্কে ধারণা না থাকলে প্রতারণা ও বিভ্রান্তির সুযোগ তৈরি হতে পারে।

নতুন সাব-রেজিস্ট্রি অফিস হচ্ছে ৪৫টি

এদিকে নিবন্ধন সেবার পরিধি বাড়াতে দেশের বিভিন্ন স্থানে প্রায় ৪৫টি নতুন সাব-রেজিস্ট্রি কার্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে নিবন্ধন কার্যক্রমের প্রশাসনিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নাগরিকদের সেবা আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

শামীমা আফরোজ আশা প্রকাশ করেন, মন্ত্রণালয়ের সহযোগিতা ও প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সহায়তা পাওয়া গেলে বিদ্যমান সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা সম্ভব হবে। তার মতে, নিবন্ধন অধিদপ্তরের ভবিষ্যৎ অঙ্গীকার তিনটি বিষয়ের ওপর প্রতিষ্ঠিত। এগুলো হলো স্বচ্ছতা নিশ্চিত করা, দ্রুত সেবা দেওয়া এবং জনসাধারণের হয়রানি সম্পূর্ণভাবে দূর করা। প্রযুক্তিগত আধুনিকায়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মাঠপর্যায়ের সমস্যাগুলো সমাধান করাই এখন বড় চ্যালেঞ্জ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জমির মৌজা কীভাবে বের করবেন? ঘরে বসেই জানুন অনলাইনে

জমির মৌজা কীভাবে বের করবেন? ঘরে বসেই জানুন অনলাইনে

জমি নিয়ে সমস্যায় ফোন করুন ১৬১২২ নাম্বারে, যেসব সেবা পাবেন

জমি নিয়ে সমস্যায় ফোন করুন ১৬১২২ নাম্বারে, যেসব সেবা পাবেন

জমি নিবন্ধনে কোন খাতে কত টাকা দিতে হয়?

জমি নিবন্ধনে কোন খাতে কত টাকা দিতে হয়?

দাদা অন্য ওয়ারিশ থেকে বাবাকে বেশি জমি লিখে দিয়ে গেছেন, এমতাবস্থায় করণীয় কি?

দাদা অন্য ওয়ারিশ থেকে বাবাকে বেশি জমি লিখে দিয়ে গেছেন, এমতাবস্থায় করণীয় কি?

মৌজা মূল্য বাদ, এবার জমির প্রকৃতমূল্য ঠিক করবে ৩ স্তরের কমিটি

মৌজা মূল্য বাদ, এবার জমির প্রকৃতমূল্য ঠিক করবে ৩ স্তরের কমিটি

নামজারি আছে কিন্তু দলিল নেই, জেনে নিন আপনার করণীয়

নামজারি আছে কিন্তু দলিল নেই, জেনে নিন আপনার করণীয়

আরও পড়ুন

যে ৭ লক্ষণে বুঝবেন শরীরে ভিটামিন 'এ' ঘাটতি

যে ৭ লক্ষণে বুঝবেন শরীরে ভিটামিন 'এ' ঘাটতি

ধূমপানে সন্তান ধারণের সক্ষমতা হারানোর ঝুঁকিতে নারী, সতর্ক করল ডব্লিউএইচও

ধূমপানে সন্তান ধারণের সক্ষমতা হারানোর ঝুঁকিতে নারী, সতর্ক করল ডব্লিউএইচও

এক ক্লিকেই ভূমি নিবন্ধন, ঘরে বসে করা যাবে দলিলের কাজ

এক ক্লিকেই ভূমি নিবন্ধন, ঘরে বসে করা যাবে দলিলের কাজ

অ্যাসিডিটি বাড়িয়ে দিতে পারে আপনার যে ৭ অভ্যাস

অ্যাসিডিটি বাড়িয়ে দিতে পারে আপনার যে ৭ অভ্যাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম