মৌজা মূল্য বাদ, এবার জমির প্রকৃতমূল্য ঠিক করবে ৩ স্তরের কমিটি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
জমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণ করার উদ্যোগ নিয়েছে সরকার। কর ফাঁকি রোধ, কালো টাকা বা অপ্রদর্শিত সম্পদ জমানো হ্রাস এবং সরকারের রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে এ ব্যবস্থা নিয়েছে সরকার।
এ বিশাল কর্মযজ্ঞ পরিচালনার জন্য তিন স্তরে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। সিটি করপোরেশনভুক্ত এলাকার জমির দাম ঠিক করবে বিভাগীয় কমিটি, যার সভাপতির দায়িত্বে থাকবেন বিভাগীয় কমিশনার।
অন্যদিকে, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার জমির মূল্য নির্ধারণের দায়িত্ব থাকবে জেলা কমিটির ওপর। এই কমিটির নেতৃত্ব দেবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি)। এছাড়া এসব এলাকার বাইরের অন্যান্য স্থানের জমির দাম নির্ধারণ করবে উপজেলা কমিটি, যেখানে সভাপতি হিসেবে থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
প্রতিটি কমিটিতে প্রশাসন, গণপূর্ত, স্থানীয় সরকার, ভূমি, কর এবং সংশ্লিষ্ট উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধিরা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন।
জমির ধরন, ব্যবহার, অবস্থান, যাতায়াত বা সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং আশপাশের অন্যান্য অবকাঠামোগত সুবিধা খতিয়ে দেখেই কমিটিগুলো সম্পত্তির এই নতুন মূল্য নির্ধারণ করবে। এ নির্ধারিত মূল্যতালিকা একটানা তিন বছর পর্যন্ত কার্যকর থাকবে।
গত বুধবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ‘সম্পত্তির সর্বনিম্ন বাজারমূল্য নির্ধারণ বিধিমালা, ২০১০’-এ প্রয়োজনীয় সংশোধনী এনেছে সরকার।
এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী গণমাধ্যমকে বলেন, আগের পদ্ধতিতে সম্পত্তির প্রকৃত বাজারমূল্য প্রতিফলিত হতো না। ফলে করের আওতার বাইরে থাকা অর্থ ও সম্পদ জমার সুযোগ তৈরি হয়েছিল।
‘মৌজা মূল্যের ভিত্তিতে সম্পত্তির মূল্য নির্ধারণ করা হয়’ উল্লেখ করে তিনি আরও বলেন, সাধারণত এ মূল্য প্রকৃত বাজারদরের তুলনায় অনেক কম। ফলে দুই মূল্যের মধ্যে বড় ব্যবধান তৈরি হয়।
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আরও বলেন, এ ব্যবধানের কারণে কর ফাঁকি দেওয়া এবং অপ্রদর্শিত সম্পদ গড়ে তোলার সুযোগ তৈরি হয়। নতুন পদ্ধতির লক্ষ্য রাজস্ব আদায় বাড়ানো এবং আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি জোরদার করা।
অর্থ মন্ত্রণালয়ের হিসাব বলছে, ২০২৪-২৫ অর্থবছরে জমি ও স্ট্যাম্প শুল্ক থেকে সরকারের কোষাগারে ১১ হাজার ৭৫৩ কোটি টাকা রাজস্ব জমা হয়েছে। সম্প্রতি সংশোধিত বিধিমালা থেকে ‘সর্বনিম্ন’ শব্দটি ছেঁটে ফেলা হয়েছে। এর ফলে দায়িত্বপ্রাপ্ত কমিটিগুলোকে এখন থেকে আর ন্যূনতম দর নয়, বরং সম্পত্তির আসল বা প্রকৃত বাজারমূল্য নির্ধারণ করতে হবে।
এমদাদুল হক চৌধুরী বলেন, প্রযুক্তিনির্ভর পূর্ণাঙ্গ মূল্যায়ন ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত কমিটির মাধ্যমে মূল্য নির্ধারণের এ পদ্ধতি অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে কাজ করবে।তিনি বলেন, ‘আমরা এখন বাজারভিত্তিক মূল্য নির্ধারণের দিকে এগোচ্ছি।’

