Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

টিনএজার ছেলের মন বুঝতে চান? ভুলেও যে কথাগুলো বলবেন না

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পিএম

টিনএজার ছেলের মন বুঝতে চান? ভুলেও যে কথাগুলো বলবেন না

ছবি: সংগৃহীত

Advertisement

কৈশোরে পা দেওয়া সন্তানের সঙ্গে সম্পর্ক বজায় রাখা অনেক বাবা-মায়ের জন্যই বেশ চ্যালেঞ্জিং। এই বয়সে কখনো সন্তান থাকে হাসিখুশি, আবার পরক্ষণেই নিজেকে গুটিয়ে নেয় নিজের ঘরে। সামান্য প্রশ্নের উত্তরও দেয় বিরক্তি নিয়ে।

এমন পরিস্থিতিতে বাবা-মায়ের মনে প্রায়ই প্রশ্ন জাগে, সন্তানের সঙ্গে কথা বলতে গিয়ে কোনো ভুল করে ফেলছেন কি না। বিশেষজ্ঞদের মতে, কিশোর বয়সিরা বাবা-মায়ের কথার ধরন, বলার সময় এবং মন্তব্যের প্রতি বেশ সংবেদনশীল। তাই সন্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে কিছু বিষয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন।

অনেক সময় আলোচনার বিষয়বস্তুর চেয়ে সেটি কীভাবে উপস্থাপন করা হচ্ছে, সেটিই বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে কিছু মন্তব্য কিশোর সন্তানের আত্মবিশ্বাসে আঘাত করতে পারে এবং বাবা-মায়ের সঙ্গে তার মানসিক দূরত্ব বাড়িয়ে দিতে পারে। এমন পাঁচটি বিষয় নিয়ে কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

অন্য কারও সঙ্গে সন্তানের তুলনা করবেন না

‘তোমার কাজিনের মতো হতে পারো না?’ কিংবা ‘অমুকের ছেলে কত ভালো ফল করে’—এ ধরনের মন্তব্য বাবা-মায়ের কাছে সন্তানকে উৎসাহিত করার উপায় মনে হতে পারে। কিন্তু কিশোর সন্তানের কাছে এসব কথা নিজের অযোগ্যতা তুলে ধরার মতো মনে হতে পারে।

ভাইবোন, বন্ধু কিংবা আত্মীয়ের সন্তানের সঙ্গে তুলনা করলে তার আত্মবিশ্বাস কমে যেতে পারে। একই সঙ্গে যার সঙ্গে তুলনা করা হচ্ছে, তার প্রতিও নেতিবাচক মনোভাব তৈরি হতে পারে।

কৈশোরে শারীরিক গঠন, পড়াশোনা ও সামাজিক গ্রহণযোগ্যতা নিয়ে এমনিতেই নানা অনিশ্চয়তায় ভোগে কিশোররা। তাই অন্যের সঙ্গে তুলনা না করে সন্তানের নিজের উন্নতি ও প্রচেষ্টার প্রশংসা করুন। তার ছোট ছোট সাফল্যকেও গুরুত্ব দিন। এতে সে নিজের প্রতি আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে।

আবেগ প্রকাশকে দুর্বলতা হিসেবে দেখবেন না

‘ছেলেরা কাঁদে না’ কিংবা ‘আরও শক্ত হও’—এ ধরনের কথা অনেক ছেলেকেই ছোটবেলা থেকে শুনতে হয়। বাবা-মায়েরা হয়ত মনে করেন, এসব বলে সন্তানকে মানসিকভাবে শক্ত করছেন। কিন্তু বাস্তবে এর ফলে সে নিজের আবেগ ও কষ্ট লুকিয়ে রাখতে শিখতে পারে।

দুঃখ, ভয়, হতাশা কিংবা মানসিক চাপ অনুভব করা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য। এসব অনুভূতি প্রকাশ করতে না পারলে কিশোররা অনেক সময় রাগী, চুপচাপ কিংবা ঝুঁকিপূর্ণ আচরণের দিকে ঝুঁকে পড়তে পারে।

তাই সন্তান যখন নিজের কষ্টের কথা জানায়, তখন তাকে উপহাস না করে মনোযোগ দিয়ে শুনুন। সঙ্গে সঙ্গে উপদেশ বা সমাধান দেওয়ার প্রয়োজন নেই। বরং তাকে বোঝান, নিজের অনুভূতি প্রকাশ করার জন্য সে আপনার কাছে নিরাপদ।

সন্তানের বন্ধু ও ভালো লাগা নিয়ে ঠাট্টা করবেন না

কৈশোরে বন্ধুত্ব, পছন্দের মানুষ কিংবা প্রথম ভালো লাগার অনুভূতি একজন কিশোরের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়গুলো বড়দের কাছে তুচ্ছ মনে হলেও সন্তানের কাছে এগুলোর আবেগীয় মূল্য অনেক বেশি।

তার বন্ধুদের নিয়ে হাসাহাসি করা, পছন্দের মানুষকে নিয়ে মজা করা কিংবা আত্মীয়স্বজনের সামনে তার ব্যক্তিগত কথা প্রকাশ করে দেওয়া তাকে বিব্রত করতে পারে। এতে বাবা-মায়ের প্রতি তার বিশ্বাসও নষ্ট হতে পারে।

সন্তান কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে কিংবা কী পছন্দ করছে, তা নিয়ে বাবা-মায়ের উদ্বেগ থাকতেই পারে। তবে সমালোচনা না করে বন্ধুত্বপূর্ণ পরিবেশে তার বন্ধুদের সম্পর্কে জানতে চান। তার পছন্দের বিষয়গুলোতে আগ্রহ দেখান এবং ব্যক্তিগত কথার গোপনীয়তা বজায় রাখুন।

পুরোনো ভুল ও ব্যর্থতার কথা বারবার মনে করিয়ে দেবেন না

পরীক্ষায় খারাপ ফল, খেলাধুলায় পরাজয় কিংবা অতীতে করা কোনো ভুল—এসব বিষয় নিয়ে সন্তানের সঙ্গে আলোচনা করা প্রয়োজন হতে পারে। তবে একই ঘটনা বারবার মনে করিয়ে দেওয়া কিংবা নতুন কোনো ঝগড়ার সময় পুরোনো ভুল সামনে আনা তার মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এ ধরনের আচরণে কিশোরের মনে হতে পারে, বাবা-মা তাকে সব সময় অতীতের ব্যর্থতা দিয়েই বিচার করেন। এতে তার নতুন কিছু করার আগ্রহ ও আত্মবিশ্বাস কমে যেতে পারে।

বরং ভুলের কারণ বুঝতে তাকে সহযোগিতা করুন। কীভাবে পরিস্থিতির উন্নতি করা যায়, তা নিয়ে একসঙ্গে পরিকল্পনা করুন। এরপর অতীতের বিষয়টি পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে উৎসাহ দিন। বাড়িতে ভুল করার পরও যে নিরাপদে থাকা যায়, এই বিশ্বাস সন্তানকে ভুল থেকে শিক্ষা নিতে সাহায্য করে।

সন্তানের কথা বলার সুযোগ ও ব্যক্তিগত পরিসরকে গুরুত্ব দিন

কিশোর বয়সে অনেক সন্তানই নিজের মতো করে সময় কাটাতে চায়। কখনো একা থাকতে চাওয়া কিংবা সব প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে না দেওয়া মানেই যে সে বাবা-মায়ের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, তা নয়।

বারবার প্রশ্ন করা, জোর করে ব্যক্তিগত বিষয় জানতে চাওয়া কিংবা কথা বলতে না চাইলে রাগ দেখানো সন্তানের মধ্যে বিরক্তি তৈরি করতে পারে। এতে সে ধীরে ধীরে নিজের অনুভূতি ও সমস্যার কথা গোপন করতে শুরু করতে পারে।

তাই তাকে নিজের মতো সময় কাটানোর সুযোগ দিন। একই সঙ্গে বোঝান, যেকোনো প্রয়োজনে বাবা-মাকে পাশে পাবে। কথা বলার জন্য চাপ না দিয়ে এমন পরিবেশ তৈরি করুন, যেখানে সে স্বতঃস্ফূর্তভাবে নিজের মনের কথা জানাতে পারে।

সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে কী করবেন?

কৈশোর সন্তানের শারীরিক ও মানসিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে তার আচরণ, আবেগ ও চিন্তাভাবনায় নানা পরিবর্তন আসতে পারে। তাই শুধু শাসন বা উপদেশ দেওয়ার পরিবর্তে তার অনুভূতি বোঝার চেষ্টা করা জরুরি।

সন্তানের কথা মনোযোগ দিয়ে শোনা, তার মতামতকে গুরুত্ব দেওয়া, ভুল হলে শুধরে নেওয়ার সুযোগ দেওয়া এবং ব্যক্তিগত বিষয়গুলোর প্রতি সম্মান দেখানো—এসব অভ্যাস বাবা-মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক আরও দৃঢ় করতে পারে।

মনে রাখতে হবে, কিশোর সন্তানকে সব সময় নিয়ন্ত্রণ করার চেয়ে তার কাছে এমন একজন নির্ভরযোগ্য মানুষ হয়ে ওঠা বেশি জরুরি, যার সঙ্গে সে নির্দ্বিধায় নিজের আনন্দ, কষ্ট ও সমস্যার কথা ভাগ করে নিতে পারে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

টিনএজার ছেলের মন বুঝতে চান? ভুলেও যে কথাগুলো বলবেন না

টিনএজার ছেলের মন বুঝতে চান? ভুলেও যে কথাগুলো বলবেন না

পেট ফাঁপা সমস্যায় খান তিন মশলার জাদুকরী পানীয়

পেট ফাঁপা সমস্যায় খান তিন মশলার জাদুকরী পানীয়

৩০ পেরোলেই মা হওয়ার সম্ভাবনা কমে যায়, কতটা সত্যি?

৩০ পেরোলেই মা হওয়ার সম্ভাবনা কমে যায়, কতটা সত্যি?

শীতে ত্বকের রোগ সারাবে পেট্রোলিয়াম জেলি

শীতে ত্বকের রোগ সারাবে পেট্রোলিয়াম জেলি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম