Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

৩০ পেরোলেই মা হওয়ার সম্ভাবনা কমে যায়, কতটা সত্যি?

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পিএম

৩০ পেরোলেই মা হওয়ার সম্ভাবনা কমে যায়, কতটা সত্যি?

ছবি: সংগৃহীত

Advertisement

৩০ বছর বয়স পার হলেই কি নারীর সন্তান ধারণের সক্ষমতা কমে যায়? মাতৃত্বের পরিকল্পনা করছেন, এমন অনেক নারীর মনেই এ নিয়ে নানা প্রশ্ন ও উদ্বেগ কাজ করে। প্রচলিত ধারণা অনুযায়ী, ত্রিশের কোঠায় পৌঁছানোর পর স্বাভাবিকভাবে গর্ভধারণ কঠিন হয়ে পড়ে।

তবে চিকিৎসকদের মতে, বিষয়টি পুরোপুরি এমন নয়। ৩০ বছর পেরিয়েও অনেক নারী স্বাভাবিকভাবে গর্ভধারণ করেন এবং সুস্থ সন্তানের জন্ম দেন। যদিও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রজননক্ষমতায় কিছু পরিবর্তন ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেছেন ভারতের কেয়ার হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের ক্লিনিক্যাল ডিরেক্টর এবং বন্ধ্যত্ব বিশেষজ্ঞ চিকিৎসক প্রভা আগরওয়াল।

৩০-এর পর স্বাভাবিক গর্ভধারণ কঠিন—এ ধারণা কতটা সত্য?

চিকিৎসক প্রভা আগরওয়ালের মতে, ৩০ বছর পার হলেই স্বাভাবিকভাবে সন্তান ধারণ কঠিন হয়ে যায়, এমন ধারণার ভিত্তি নেই। ত্রিশের দশকের শুরুর দিকে অধিকাংশ নারীর নিয়মিত ঋতুচক্র ও স্বাভাবিক ডিম্বস্ফোটন বজায় থাকে। ফলে এ সময়ে স্বাভাবিকভাবে গর্ভধারণের সুযোগও থাকে।

তবে নারীরা জন্মের সময় থেকেই নির্দিষ্টসংখ্যক ডিম্বাণু নিয়ে জন্মগ্রহণ করেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডিম্বাণুর সংখ্যা ও গুণগত মান কমতে থাকে। বিশেষ করে ৩৫ বছর বয়সের পর এই পরিবর্তন তুলনামূলক দ্রুত ও স্পষ্ট হয়ে ওঠে।

৩০ বছর পূর্ণ হলেই কি প্রজননক্ষমতা কমে যায়?

প্রজননক্ষমতা ৩০ বছর বয়সে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই হঠাৎ কমে যায় না। এটি একটি ধীরগতির প্রক্রিয়া। ত্রিশের দশকের শুরুর দিকে সাধারণত গর্ভধারণের সম্ভাবনা ভালো থাকে। তবে বয়স যত বাড়ে, বিশেষ করে ত্রিশের দশকের শেষভাগে, সন্তান ধারণের ক্ষেত্রে নানা জটিলতা দেখা দেওয়ার আশঙ্কা বাড়তে পারে।

শুধু বয়স নয়, জীবনযাপনও গুরুত্বপূর্ণ

সন্তান ধারণের সক্ষমতা নির্ধারণে বয়সের পাশাপাশি জীবনযাপনের অভ্যাসও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধূমপান, অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ, অনিয়মিত খাদ্যাভ্যাস, শরীরচর্চার অভাব, পর্যাপ্ত ঘুমের ঘাটতি এবং দীর্ঘস্থায়ী মানসিক চাপ প্রজননস্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এ কারণে প্রজননস্বাস্থ্য ভালো রাখতে পুষ্টিকর ও সুষম খাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম করা, পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

৩০-এর পর বন্ধ্যত্বের চিকিৎসা কি কার্যকর নয়?

৩০ বছর পার হলে বন্ধ্যত্বের চিকিৎসা কার্যকর হয় না—এ ধারণাও ভুল। চিকিৎসকের মতে, সন্তান ধারণে সমস্যা দেখা দিলে ওভুলেশন ইনডাকশন, আইইউআই (IUI) এবং আইভিএফ (IVF)-এর মতো চিকিৎসাপদ্ধতি কাজে আসতে পারে।

তবে এসব চিকিৎসার সফলতা নির্ভর করে নারীর বয়স, ডিম্বাণুর গুণগত মান, পুরুষ সঙ্গীর শুক্রাণুর স্বাস্থ্য এবং অন্যান্য শারীরিক অবস্থার ওপর। এছাড়া পিসিওএস, থাইরয়েডের সমস্যা, এন্ডোমেট্রিওসিস ও জরায়ুর ফাইব্রয়েডের মতো সমস্যাও গর্ভধারণে বাধা সৃষ্টি করতে পারে।

কখন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত?

বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী, ৩৫ বছরের কম বয়সি কোনো নারী নিয়মিত চেষ্টা করার পরও ১২ মাসের মধ্যে গর্ভধারণ করতে না পারলে বন্ধ্যত্ব বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। অন্যদিকে, বয়স ৩৫ বছর বা তার বেশি হলে ছয় মাস চেষ্টা করেও গর্ভধারণ না হলে চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে শুধু নারীর নয়, বরং নারী ও পুরুষ উভয়ের প্রজননস্বাস্থ্য পরীক্ষা করাও জরুরি।

৩০ বছর বয়সকে মাতৃত্বের পথে কোনো চূড়ান্ত সীমারেখা হিসেবে দেখার সুযোগ নেই। তবে বয়সের সঙ্গে প্রজননক্ষমতায় পরিবর্তন আসে—এ বিষয়টি মাথায় রেখে সন্তান নেওয়ার পরিকল্পনা করা প্রয়োজন। নিজের শারীরিক অবস্থা সম্পর্কে সচেতন থাকা এবং প্রয়োজন অনুযায়ী সময়মতো বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই হতে পারে সঠিক সিদ্ধান্ত।

Advertisement

Advertisement

আরও পড়ুন

৩০ পেরোলেই মা হওয়ার সম্ভাবনা কমে যায়, কতটা সত্যি?

৩০ পেরোলেই মা হওয়ার সম্ভাবনা কমে যায়, কতটা সত্যি?

শীতে ত্বকের রোগ সারাবে পেট্রোলিয়াম জেলি

শীতে ত্বকের রোগ সারাবে পেট্রোলিয়াম জেলি

ময়েশ্চারাইজার ব্যবহারের পরও ত্বক শুষ্ক? দায়ী যে ৫ অভ্যাস

ময়েশ্চারাইজার ব্যবহারের পরও ত্বক শুষ্ক? দায়ী যে ৫ অভ্যাস

শীতে এই ৭ অভ্যাস আপনার মাইগ্রেন বাড়িয়ে দিচ্ছে

শীতে এই ৭ অভ্যাস আপনার মাইগ্রেন বাড়িয়ে দিচ্ছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম