মাঝেমধ্যেই অন্যমনস্ক হয়ে যান? জানুন এর পেছনের মনস্তাত্ত্বিক কারণ
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পিএম
ছবি: এআই দিয়ে তৈরি
|
ফলো করুন |
|
|---|---|
কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসে আছেন, কারও সঙ্গে কথা বলছেন কিংবা দীর্ঘ পথ পাড়ি দিচ্ছেন ট্রেনে। হঠাৎ খেয়াল করলেন, আপনার মন বর্তমান পরিস্থিতি থেকে অনেক দূরে চলে গেছে। কখনো পুরোনো কোনো আনন্দের স্মৃতি, কখনো ভবিষ্যতের পরিকল্পনা, আবার কখনো সম্পূর্ণ কাল্পনিক কোনো ঘটনা নিয়ে ভাবতে শুরু করেছেন।
এমন অভিজ্ঞতা আমাদের অনেকেরই হয়। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘জোনিং আউট’ বা অন্যমনস্ক হয়ে যাওয়া।
অনেকেই অন্যমনস্কতাকে সময় নষ্ট কিংবা মনোযোগের অভাব হিসেবে বিবেচনা করেন। কিন্তু মনোবিজ্ঞানীদের মতে, এটি মানুষের মস্তিষ্কের স্বাভাবিক একটি প্রক্রিয়া। সব সময় এর নেতিবাচক প্রভাব পড়ে না; বরং কিছু ক্ষেত্রে সৃজনশীলতা, সমস্যা সমাধান এবং ভবিষ্যৎ পরিকল্পনায়ও ভূমিকা রাখতে পারে। গবেষণায় উঠে এসেছে অন্যমনস্কতার এমনই কিছু চমকপ্রদ দিক।
অন্যমনস্ক হওয়া খুবই স্বাভাবিক
আপনি যদি প্রায়ই চিন্তার জগতে হারিয়ে যান, তাহলে নিজেকে ব্যতিক্রম ভাবার কারণ নেই। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ম্যাথিউ কিলিংসওয়ার্থ ও ড্যানিয়েল গিলবার্ট একটি গবেষণায় স্মার্টফোন অ্যাপের মাধ্যমে হাজারো মানুষের দৈনন্দিন মানসিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
গবেষণার ফলাফল বলছে, অংশগ্রহণকারীরা দিনের প্রায় ৪৬.৯ শতাংশ সময় এমন চিন্তায় ব্যস্ত ছিলেন, যার সঙ্গে তাদের বর্তমান কাজের কোনো সম্পর্ক ছিল না। এমনকি নির্দিষ্ট কোনো কাজে ব্যস্ত থাকার সময়ও অন্তত ৩০ শতাংশ ক্ষেত্রে তাদের মন অন্যদিকে চলে গেছে।
অর্থাৎ, জেগে থাকার সময়ের বড় একটি অংশেই মানুষের মন বর্তমান পরিস্থিতির বাইরে বিচরণ করে। গবেষকদের মতে, এর সঙ্গে মস্তিষ্কের ‘ডিফল্ট মোড নেটওয়ার্ক’-এর সম্পর্ক রয়েছে। আমরা যখন কোনো নির্দিষ্ট কাজে গভীর মনোযোগ দিই না, তখন মস্তিষ্কের এই নেটওয়ার্ক সক্রিয় হয়ে ওঠে।
অন্যমনস্ক হলেও মস্তিষ্ক নিষ্ক্রিয় থাকে না
বাইরে থেকে কাউকে অন্যমনস্ক মনে হলেও তার মস্তিষ্ক কিন্তু তখনো নানা ধরনের কাজ চালিয়ে যায়। ডিফল্ট মোড নেটওয়ার্কের মাধ্যমে মানুষ স্মৃতি নিয়ে ভাবতে পারে, বিভিন্ন ঘটনার মধ্যে সম্পর্ক খুঁজে পেতে পারে এবং নতুন ধারণা তৈরি করতে পারে।
গবেষণায় এই নেটওয়ার্কের সঙ্গে সৃজনশীল চিন্তার সম্পর্কও পাওয়া গেছে। এ কারণেই গোসল করার সময়, হাঁটতে হাঁটতে কিংবা ঘরের সাধারণ কাজ করতে গিয়ে হঠাৎ কোনো নতুন চিন্তা বা সমস্যার সমাধান মাথায় আসতে পারে। অর্থাৎ, কোনো কাজে সরাসরি মনোযোগ না থাকলেও মস্তিষ্কের ভেতরে চিন্তার প্রক্রিয়া চলতে থাকে।
সৃজনশীলতা বাড়াতেও সাহায্য করে অন্যমনস্কতা
অন্যমনস্কতার সঙ্গে সৃজনশীলতার সম্পর্ক নিয়ে বেশ কিছু গবেষণা হয়েছে। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার একটি পরীক্ষায় অংশগ্রহণকারীদের প্রথমে সৃজনশীল সমস্যা সমাধানের দায়িত্ব দেওয়া হয়। এরপর তাদের বিরতি নিতে বলা হয়।
দেখা যায়, বিরতির সময় যারা সহজ কোনো কাজে যুক্ত থেকে মনকে স্বাধীনভাবে বিচরণ করার সুযোগ দিয়েছেন, তারা আগের সমস্যাগুলোর সমাধানে তুলনামূলক ভালো করেছেন। কঠিন কাজে ব্যস্ত থাকা, শুধু বিশ্রাম নেওয়া কিংবা কোনো বিরতি না নেওয়া অংশগ্রহণকারীদের তুলনায় তাদের ফলাফল ছিল ভালো।
মনোবিজ্ঞানে এই প্রক্রিয়াকে বলা হয় ‘ইনকিউবেশন ইফেক্ট’। অর্থাৎ, কোনো সমস্যা নিয়ে সরাসরি চিন্তা না করলেও মস্তিষ্ক পরোক্ষভাবে সেটির সমাধান খুঁজতে পারে। তাই কোনো সমস্যার সমাধান না পেয়ে কিছুক্ষণ অন্য কাজে মন দেওয়ার পর হঠাৎ উত্তর পেয়ে গেলে সেটি নিছক কাকতালীয় নাও হতে পারে।
সব ধরনের দিবাস্বপ্ন এক রকম নয়
মনোবিজ্ঞানী জেরোম সিঙ্গার দিবাস্বপ্ন নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন। তার গবেষণায় দিবাস্বপ্নের বিভিন্ন ধরন উঠে এসেছে। এর মধ্যে একটি হলো ‘পজিটিভ কনস্ট্রাকটিভ ডে-ড্রিমিং’। এ ধরনের কল্পনায় মানুষ আনন্দদায়ক অভিজ্ঞতা, ভবিষ্যৎ পরিকল্পনা, নতুন সম্ভাবনা কিংবা সৃজনশীল ধারণা নিয়ে ভাবেন।
অন্যদিকে রয়েছে ‘গিল্টি-ডিসফোরিক ডে-ড্রিমিং’। এতে মানুষ নেতিবাচক চিন্তা, অপরাধবোধ, দুশ্চিন্তা কিংবা কষ্টদায়ক কল্পনায় বারবার ডুবে যেতে পারেন।
দুই ধরনের দিবাস্বপ্নের মধ্যে পার্থক্য বোঝা গুরুত্বপূর্ণ। কারণ আনন্দদায়ক কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবা এবং অতীতের কোনো বিব্রতকর ঘটনা বারবার মনে করে অস্বস্তিতে ভোগা এক বিষয় নয়।
মন অন্যদিকে গেলেই কি মানুষ অসুখী হয়?
হার্ভার্ডের গবেষণায় দেখা গিয়েছিল, মানুষ যখন বর্তমান কাজ থেকে মন সরিয়ে অন্য চিন্তায় ব্যস্ত থাকে, তখন সাধারণত তাদের সুখের অনুভূতি কমে যায়। তবে পরবর্তী গবেষণাগুলোতে বিষয়টি আরও বিস্তারিতভাবে উঠে এসেছে।
২০২৪ সালের একটি গবেষণায় দেখা যায়, অন্যমনস্ক অবস্থায় মানুষের মানসিক অবস্থা অনেকটাই নির্ভর করে তারা কী নিয়ে ভাবছেন তার ওপর। নেতিবাচক চিন্তা মেজাজ খারাপ করতে পারে। বিপরীতে, ইতিবাচক কোনো বিষয় নিয়ে কল্পনা বা পরিকল্পনা করলে মেজাজ ভালো থাকতে পারে। এমনকি কিছু ক্ষেত্রে তা বর্তমান কাজে মনোযোগী থাকার সময়ের অনুভূতির কাছাকাছিও হতে পারে। অর্থাৎ, অন্যমনস্ক হওয়াটাই মূল সমস্যা নয়; বরং সেই সময় মনের ভেতরে কী ধরনের চিন্তা চলছে, সেটিই বেশি গুরুত্বপূর্ণ
ইতিবাচক চিন্তা মন ভালো রাখতে পারে
আরেকটি গবেষণাতেও দেখা গেছে, অন্যমনস্কতা অনেক সময় নেতিবাচক মেজাজের সঙ্গে সম্পর্কিত হলেও সব ক্ষেত্রে তা সত্য নয়। বিশেষ করে, মানুষ যখন নিজের পছন্দের কোনো বিষয় নিয়ে ভাবেন, তখন অন্যমনস্ক অবস্থাতেও ইতিবাচক অনুভূতি তৈরি হতে পারে।
তাই মন অন্যদিকে চলে গেলে সেটিকে সব সময় দুশ্চিন্তা বা নেতিবাচক স্মৃতির দিকে যেতে দেওয়ার প্রয়োজন নেই। বরং কোনো আনন্দদায়ক স্মৃতি, পছন্দের গল্প কিংবা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে ভাবা মানসিকভাবে ভালো অনুভূতি তৈরি করতে পারে।
ভবিষ্যতের প্রস্তুতিতেও ভূমিকা রাখে দিবাস্বপ্ন
দিবাস্বপ্ন শুধু কল্পনার জগতে হারিয়ে যাওয়ার বিষয় নয়। এটি অনেক ক্ষেত্রে ভবিষ্যতের জন্য মানসিক প্রস্তুতি নেওয়ার একটি উপায় হিসেবেও কাজ করতে পারে।
মানুষ যখন নিজের মনকে স্বাধীনভাবে বিচরণ করতে দেয়, তখন ভবিষ্যৎ নিয়ে নানা ইতিবাচক চিন্তা ও পরিকল্পনা মাথায় আসতে পারে। যেমন, আগামী দিনের কোনো গুরুত্বপূর্ণ কথোপকথন কেমন হবে, কোনো লক্ষ্য কীভাবে অর্জন করা যাবে কিংবা জীবনের কোনো সিদ্ধান্তের সম্ভাব্য পরিণতি কী হতে পারে—এসব বিষয় নিয়ে মনে মনে ভাবতে পারেন।
মনোবিজ্ঞানীদের ধারণা, এ ধরনের মানসিক অনুশীলন নিজের অনুভূতি বুঝতে এবং ভবিষ্যতের পরিস্থিতির জন্য প্রস্তুত হতে সাহায্য করতে পারে। তবে আবেগীয় প্রক্রিয়ায় এর ভূমিকা পুরোপুরি বুঝতে আরও গবেষণা প্রয়োজন।
কখন অন্যমনস্কতা উদ্বেগের কারণ হতে পারে?
মাঝেমধ্যে অন্যমনস্ক হয়ে পড়া সাধারণত স্বাভাবিক। তবে এটি যদি নিয়মিত জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করে, তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।
যেমন, কথোপকথনের গুরুত্বপূর্ণ অংশ বারবার ভুলে যাওয়া, প্রয়োজনীয় তথ্য খেয়াল না করা, দুশ্চিন্তামূলক চিন্তায় আটকে থাকা কিংবা দিবাস্বপ্নের কারণে পড়াশোনা ও কাজের ক্ষতি হওয়া—এসব ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত।
সুতরাং, অন্যমনস্ক হওয়াকে সব সময় খারাপ অভ্যাস হিসেবে দেখার সুযোগ নেই। কখনো এটি সৃজনশীল চিন্তার পথ তৈরি করে, কখনো ভবিষ্যৎ পরিকল্পনায় সাহায্য করে। তবে মনের এই বিচরণ যদি দৈনন্দিন জীবনের স্বাভাবিক ছন্দে বাধা সৃষ্টি করে, তখন সেটিকে গুরুত্ব দেওয়া জরুরি।
