আরব দলগুলোর বিরুদ্ধে ভোটের ফল চুরির অভিযোগ নেতানিয়াহুর
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১০:১১ এএম
লিকুড পার্টির কার্যালয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: এপি
|
ফলো করুন |
|
|---|---|
ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনে আরব দলগুলোর বিরুদ্ধে ভোটের ফল চুরির অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বুধবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে নেতানিয়াহু এমন অভিযোগ তোলেন। খবর ওয়াশিংটন টাইমসের।
নেতানিয়াহু পার্লামেন্ট নির্বাচনে ঘুষ, জালিয়াতি, ভোটারদের সংগঠিত করতে নিষিদ্ধ সফটওয়্যারের ব্যবহার এবং সহিংসতার মাধ্যমে নির্বাচনি ফল চুরির অভিযোগ তুলেছেন দেশটির আরব দলগুলোর বিরুদ্ধে।
নেতানিয়াহুর লিকুদ নেতৃত্বাধীন জোট ৫৩টি আসন পেয়েছে। তিনি বলেছেন, আরব অধ্যুষিত কয়েকটি ভোটকেন্দ্রে নির্বাচনি ফল চুরির অভিযোগের পক্ষে শত শত প্রমাণ ও সাক্ষ্য ইসরাইলের আইন প্রয়োগকারী সংস্থা এবং নিরাপত্তা কর্মকর্তাদের কাছে হস্তান্তর করছে তার দল।
নেতানিয়াহু বলেন, ‘আরব দলগুলোর নির্বাচনি ফল চুরির বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত এবং অপরাধীদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ আইনি ব্যবস্থা নিতে আমরা পুলিশ ও শিন বেটের কাছে দাবি জানাচ্ছি।’
তিনি আরও বলেন, তার দলের কাছে আরব দল রা’আমের প্রতীকযুক্ত নগদ অর্থভর্তি খাম, ভোট দেওয়ার গোপন কক্ষে একাধিকবার ভোট দেওয়ার কয়েকটি ঘটনা এবং একাধিক পরিচয় ব্যবহার করে ভোট দেওয়ার প্রমাণ রয়েছে বলে দাবি করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নেতানিয়াহু বলেন, ‘এটি ইসরাইলের গণতন্ত্র এবং দেশটির নাগরিকদের ভোটাধিকারকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে কঠোর হাতে এবং অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।’
ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনে আরব দলগুলো ঐতিহাসিকভাবে ১৯টি আসন পেয়েছে। এর ফলে সরকার গঠনে তারা গুরুত্বপূর্ণ নির্ধারক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে।
নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী, ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর সাবেক প্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট পেয়েছে ৪৮টি আসন।
ইসরাইলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য কোনো জোটের অন্তত ৬১টি আসন প্রয়োজন।

