সৌদিতে মিসরের সেনা মোতায়েনের বিষয়ে যা জানা গেল
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সৌদি আরবের প্রতি প্রকাশ্যে সমর্থন জানানোর আগেই দেশটিতে সেনা ও সামরিক বিমান মোতায়েন করেছিল মিসর। একই সঙ্গে সৌদি আরবের বিভিন্ন কৌশলগত স্থানে আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও সরিয়ে নেওয়া হয়।
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি রিয়াদের প্রতি কায়রোর সমর্থন ঘোষণার অনেক আগেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন মিসরের সামরিক সূত্রগুলো।
বুধবার (১১ নভেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মিসরের এক সামরিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে মোতায়েন করা সামরিক সরঞ্জামের মধ্যে ছিল রাফাল যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন, আটটি হেলিকপ্টার এবং চারটি বড় পরিবহণ বিমান। তবে গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় ওই সূত্র নিজের পরিচয় প্রকাশ করতে চাননি।
ওই সূত্র আরও জানান, মিসরের নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলোও লোহিত সাগরের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হয়েছিল। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি এসব যুদ্ধজাহাজের অবস্থান নেওয়ার কথা জানা গেছে। এই প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে।
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার হুমকি এবং লোহিত সাগরে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে মিসরের উদ্বেগ বাড়ার মধ্যেই নৌবাহিনীর এসব তৎপরতা দেখা যায়।
এর আগে গত আগস্টেও বাব আল-মান্দেব প্রণালির কাছে নৌবাহিনীর উপস্থিতি বাড়িয়েছিল মিসর। সে সময় আধুনিক ফ্রিগেট ও করভেট যুদ্ধজাহাজ লোহিত সাগরের দক্ষিণ প্রবেশপথের দিকে মোতায়েনের খবর প্রকাশিত হয়েছিল।

