Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

ডিজিএফআইয়ের নাছেরকেও হত্যা মামলায় রিমান্ড চায় ডিবি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৪:০৫ পিএম

ডিজিএফআইয়ের নাছেরকেও হত্যা মামলায় রিমান্ড চায় ডিবি

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মো. আফজাল নাছের। ফাইল ছবি

Advertisement

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদের যে মামলায় রিমান্ড হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সেই দেলোয়ার হোসেন হত্যা মামলাতেই সংস্থার সাবেক পরিচালক মো. আফজাল নাছেরের রিমান্ড চাওয়া হয়েছে।

তার সাত দিনের রিমান্ড চেয়ে সোমবার (৩০ মার্চ) আদালতে আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই কফিল উদ্দিন।

প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম জানান, ঢাকার মহানগর হাকিম মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালতে এ বিষয়ে শুনানি হবে।

রোববার গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে আফজাল নাছেরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর গেয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।  

তিনি বলেন, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদকে মিরপুরের যে মামলায় গ্রেফতার করা হয়েছে, সেই মামলায় তাকে (আফজাল নাছের) আমরা গ্রেফতার করেছি। 

দেলোয়ার হত্যা মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকাল সাড়ে ৩টার দিকে মিরপুর ১০ নম্বর ফলপট্টি এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে দেশি অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামী লীগের ৫০০-৭০০ নেতাকর্মী। এসময় শেখ মামুন খালেদের নির্দেশে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে এলোপাতাড়ি গুলি চালানো হয়।

তাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন দেলোয়ার হোসেন। চিকিৎসাধীন অবস্থায় গত ২১ জুলাই শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

গত ২৫ মার্চ গভীররাতে মিরপুর এলাকা থেকে শেখ মামুন খালেদকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরদিন দেলোয়ার হোসেন হত্যা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়।   

এর আগে ২৩ মার্চ গভীররাতে সাবেক সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আলোচিত সেনা কর্মকর্তা, অবসরপ্রাপ্ত তিন তারকা জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে বারিধারা ডিওএইচএস এলাকার বাসা থেকে গ্রেফতার করা হয়।

পরে পল্টন থানার একটি মানব পাচার মামলায় আদালতে হাজির করে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয় গোয়েন্দা পুলিশ। এ মামলায় রোববার তাকে আরও ছয়দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।  

তাকে একটি দুর্নীতি মামলাতেও গ্রেফতার দেখানোর আবেদন করেছে দুদক। এছাড়া তার সম্পদের তথ্য তলবের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর মধ্যে রোববার মাসুদ উদ্দিন চৌধুরী ও শেখ মামুন খালেদকে মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় গ্রেফতার দেখাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আবেদন করেছে প্রসিকিউশন।  

গোয়েন্দা পুলিশের তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, অবসরপ্রাপ্ত দুই সেনাকর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ও শেখ মামুন খালেদের দেওয়া তথ্যে আফজাল নাছেরকে গ্রেফতার করা হয়েছে। 

তার বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার মজিরখিল এলাকায়। ১৯৮৪ সালের ৪ জুলাই তিনি সেনাবাহিনীতে যোগ দেন এবং ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের পরিচালক ছিলেন।

এর মধ্যে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় খালেদা জিয়া, শেখ হাসিনাসহ দেশের অনেক রাজনীতিক ও ব্যবসায়ীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়। 

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেও সে সময় গ্রেফতার করা হয় এবং বন্দি অবস্থায় তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে। 

বন্দি অবস্থায় বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ব্যবসায়ী মোসাদ্দেক আলী ফালুর ওপরও সে সময় নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম