Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

বাগেরহাটে প্রধানমন্ত্রী

শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে

হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারতের আগে বৃহস্পতিবার বাগেরহাটের কাটাখালী মোড়ে আয়োজিত পথসভায় আসা জনতার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময় -পিএমও

Advertisement

শ্রমিক ভাইবোনদের দাবিগুলো বিবেচনা ও পর্যালোচনার জন্য ইতোমধ্যে সরকার মজুরি বোর্ড গঠন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ইনশাআল্লাহ, আগামী ১-২ মাসের মধ্যে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে, যাতে তারা ভালো থাকতে পারেন।

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের কাটাখালী মোড়ে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে সকাল ১০টায় হেলিকপ্টারে করে মোংলা বন্দর এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী। তিনি বন্দরে ৪ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-

হাজার হাজার শিল্পকারখানা গড়তে চায় সরকার : কাটাখালীতে প্রধানমন্ত্রী বলেন, বাগেরহাট থেকে পঞ্চগড় পর্যন্ত হাজার হাজার শিল্পকারখানা গড়তে চায় সরকার। এর মাধ্যমে দেশের তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার গঠন করতে পারলে দেশের মানুষের জন্য কাজ করবে। এর অংশ হিসাবে বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা শিল্পকারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নতুন শিল্পকারখানা স্থাপনে উৎসাহিত করা হচ্ছে।

সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে : প্রধানমন্ত্রী বলেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা সীমান্তের ওপার থেকে শ্রমিকদের দাবির আড়ালে কলকাঠি নাড়ছে। তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। বিভিন্ন কলকারখানায় গিয়ে যন্ত্রপাতি ভাঙচুর করছে এবং শিল্পপ্রতিষ্ঠান ধ্বংসের চেষ্টা চালাচ্ছে, গাড়ি পুড়িয়ে দিচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত গার্মেন্ট শিল্প সরকার কোনো অবস্থায় ধ্বংস হতে দেবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একটি মহল গত ১৫-১৬ বছরেও দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি। তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছিল।

বাগেরহাট জেলা বিএনপির নেতা ব্যারিস্টার জাকির হোসেনের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহণ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, জলবায়ুবিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম প্রমুখ।

মোংলা বন্দরে উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন : মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে প্রায় ৪ হাজার ৯০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় বন্দরে আগামী চার বছরে ২ লাখ ২৭ হাজার বর্গমিটার এলাকায় নির্মাণ করা হবে দুটি আধুনিক জেটি, লোডেট কনটেইনার ইয়ার্ড, কনটেইনার হ্যান্ডেলিং ইয়ার্ড, বিপজ্জনক কনটেইনার ইয়ার্ড, অভ্যন্তরীণ সড়ক, প্রশাসনিক ভবন ও কনটেইনার ফ্রেইট স্টেশন।

এছাড়া ৪৯টি প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করা হবে। প্রকল্পটির মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। আন্তর্জাতিক বাণিজ্যে দেশের সক্ষমতা আরও বাড়বে। প্রধানমন্ত্রী দুপুরে হজরত খানজাহান (রহ.) মাজার শরিফ জিয়ারত করেন।

খুলনায় সাধারণ মানুষের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী : খুলনায় প্রটোকল ভেঙে সাধারণ মানুষের সঙ্গে মিশে হাত মিলিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে রূপসা উপজেলার তিলক কুদির বটতলায় আয়োজিত পথসভায় এ ঘটনা ঘটে। গাড়ি থেকে নেমেই প্রধানমন্ত্রী সরাসরি চলে যান অপেক্ষমাণ মানুষের কাছে।

দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের সঙ্গে তিনি হাত মেলান ও কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রীর এমন আচরণে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে মানুষের মাঝে।

দুপুর ২টা ১৬ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ‘সবার আগে বাংলাদেশ’ লেখা বাসটি পথসভা মঞ্চের পাশে এসে থামে। তবে অভ্যর্থনার দায়িত্বে থাকা নেতারা তার কাছে পৌঁছানোর আগেই গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের ভিড়ে চলে যান প্রধানমন্ত্রী। রূপসার পথসভা শেষে তিনি খুলনা স্টেডিয়ামে নতুন কুঁড়ি সিজন-২ উদ্বোধনের উদ্দেশ্যে যাত্রা করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

বাগেরহাটে প্রধানমন্ত্রী শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে

শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে

বাজারে প্রতিযোগিতা বাড়াতে ব্যর্থ বিপিসি কোটি সিলিন্ডার অলস দাম চড়ছে এলপিজির

কোটি সিলিন্ডার অলস দাম চড়ছে এলপিজির

তিন কারণে ভরাডুবি ট্রাম্পের ট্রাম্প কার্ড হাতছাড়া

ট্রাম্পের ট্রাম্প কার্ড হাতছাড়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম