Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

বাজারে প্রতিযোগিতা বাড়াতে ব্যর্থ বিপিসি

কোটি সিলিন্ডার অলস দাম চড়ছে এলপিজির

Icon

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কোটি সিলিন্ডার অলস দাম চড়ছে এলপিজির

Advertisement

এলপি গ্যাসের বাজার প্রতিযোগিতামূলক করতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও জ্বালানি বিভাগ। বাজারে ৩৫টি বেসরকারি কোম্পানির এলপিজি আমদানির লাইসেন্স থাকলেও নিয়মিত আমদানি করছে হাতেগোনা কয়েকটি কোম্পানি। আর্থিক সংকট ও এলসি জটিলতার কারণে বাকি কোম্পানিগুলোর বিপুল ধারণক্ষমতার মজুত ট্যাংক এবং প্রায় এক কোটি ৬০ লাখ সিলিন্ডার অলস পড়ে আছে।

সরকার বারবার এলপিজি আমদানি করে বাজারে প্রতিযোগিতা বাড়ানোর তাগিদ দিলেও বিপিসি গত দেড় বছরে এক ছটাক এলপিজিও আমদানি করতে পারেনি। ফলে পুরো বাজার নিয়ন্ত্রণ করছে গুটিকয় বেসরকারি কোম্পানি, যার প্রভাবে আন্তর্জাতিকবাজারে সামান্য দাম বাড়লেও নানা অজুহাতে দেশে কয়েকগুণ দাম বাড়ানো হচ্ছে।

এ বিষয়ে বিপিসির চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম মঙ্গলবার যুগান্তরকে বলেন, আর্থিকসহ নানা কারণে অনেক এলপিজি অপারেটর বন্ধ হয়ে গেছে। তাদের কোনো প্ল্যান্ট কিনে নেওয়া বা চুক্তির মাধ্যমে চালানো যায় কিনা, তা নিয়ে বিপিসি চিন্তা করছে। বিপিসি জানায়, এলপিজি খাতে প্রবেশ করতে ইতোমধ্যে মোংলায় বটলিং প্ল্যান্টসহ বিভিন্ন এলাকায় প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট একাধিক সংস্থার তথ্য অনুযায়ী, এলপিজির বাজার পুরোপুরি নিয়ন্ত্রণ করছে ১২ থেকে ১৪টি কোম্পানি। এর মধ্যে সেপ্টেম্বরে এলপিজি আমদানি করেছে মাত্র ১০টি। দেশে প্রতি মাসে দেড় লাখ টনের বেশি এলপিজি ব্যবহার হয়, যার ৯৮ শতাংশই আমদানি করে বেসরকারি কোম্পানিগুলো। এর মধ্যে মাত্র চারটি কোম্পানি-ওমেরা পেট্রোলিয়াম, পেট্রোম্যাক্স, মেঘনা ও যমুনা স্পেসটেক পুরো বাজারের ৬৮ শতাংশ সরবরাহ করে।

এরপর বিএম এনার্জি ৮ শতাংশ, ইউনাইটেড আয়গ্যাস ৭ শতাংশ, ডেল্টা ৪ শতাংশ এবং জেএমআই ও প্রিমিয়াম এলপিজি ৩ শতাংশ গ্যাস সরবরাহ করে।

সবশেষ ২ নভেম্বর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে। আন্তর্জাতিকবাজারে দাম বাড়ার কারণে বেড়েছে মাত্র ৭৪ টাকা; বাকি ১৪৯ টাকাই বেড়েছে মজুত, ডিস্ট্রিবিউশন ও খুচরা বিক্রেতার কমিশন বাড়ানোর কারণে। কিন্তু বাজারে এই নির্ধারিত দামেও এলপিজি পাওয়া যাচ্ছে না।

রাজধানীর তেজগাঁওয়ের এলপিজি ডিস্ট্রিবিউটর তাহের এন্টারপ্রাইজের মালিক আবু তাহের কোরাইশী যুগান্তরকে বলেন, বাজারে অনেক কোম্পানির ১২ কেজির সিলিন্ডার আড়াই হাজার টাকার নিচে বিক্রি করা সম্ভব নয়। কারণ, অনেক কোম্পানি বটলিং ফ্যাক্টরি (বোতলজাতকরণ কারখানা) থেকে ২ হাজার ৩০০ টাকায় গ্যাস বিক্রি করলেও মেমো দিচ্ছে ১ হাজার ৯০৫ টাকার। তাহলে ডিস্ট্রিবিউটররা কীভাবে সরকারি দামে গ্রাহকদের গ্যাস দেবেন?

বিইআরসি সূত্র জানায়, দেশে এলপিজি ব্যবসার লাইসেন্স আছে ৩৫টি কোম্পানির, যার মধ্যে আমদানির অবকাঠামো ও অনুমতি আছে ২৩টির। এই কোম্পানিগুলোর মোট মজুত সক্ষমতা ১ লাখ ৪৫ হাজার টন। এরমধ্যে সবচেয়ে বড় ট্যাংক রয়েছে বিএম এনার্জির (৯৪০০ টন)। বেঙ্গল, সিটি এলপিজি, ইউনিটেক্স ও জেএমআইয়ের মতো কোম্পানি আর্থিক সমস্যা ও ঋণখেলাপি হয়ে এলসি খুলতে না পারায় তাদের মজুত ট্যাংকগুলো অনেকটা খালি পড়ে আছে।

একইভাবে জেএমআই ও ইউনিগ্যাসসহ অনেক কোম্পানির সিলিন্ডার বাজারে অলস পড়ে আছে। এসব অবকাঠামো কাজে লাগানোর কোনো দৃশ্যমান সরকারি উদ্যোগ নেই।

জ্বালানি বিভাগ ও বিইআরসির সূত্র জানিয়েছে, চাহিদামতো এলপিজি আমদানি হচ্ছে না। দেশে প্রতি মাসে দেড় লাখ টনের বেশি চাহিদা থাকলেও সেপ্টেম্বরে আমদানি হয়েছে ১ লাখ ৫৭ হাজার টন। আর অক্টোবরে আমদানি হয়েছে ১ লাখ ৪১ হাজার টন। অথচ প্রতি মাসে এলপিজির চাহিদা অনেক বাড়ছে। বিশেষ করে শিল্প খাতে এলপিজির ব্যবহার ২০ শতাংশের বেশি। ২ বছর আগেও এই ব্যবহার ৫ শতাংশের বেশি ছিল না।

বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ মঙ্গলবার যুগান্তরকে বলেন, বিশ্ববাজারে এলপিজির দামে অস্থিরতা চলছে। মার্কিন মধ্যবর্তী নির্বাচন এবং ইসরাইলের নির্বাচন-পরবর্তী ক্ষমতা গ্রহণের বিষয় রয়েছে। তাই চলতি মাসে আন্তর্জাতিকবাজার গভীরভাবে পর্যবেক্ষণ করা দরকার।

ব্যবসায়ীদের একটি সূত্র জানায়, এলপিজি ব্যবসা এখন আগের মতো সহজ নয়। আগে বেশির ভাগ গ্যাস মধ্যপ্রাচ্য থেকে এলেও এখন চাহিদার ৮৫ শতাংশই আসছে যুক্তরাষ্ট্র থেকে। এরপর রিপাবলিক অব কঙ্গো এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো থেকে কিছু গ্যাস আসছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

বাগেরহাটে প্রধানমন্ত্রী শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে

শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে

বাজারে প্রতিযোগিতা বাড়াতে ব্যর্থ বিপিসি কোটি সিলিন্ডার অলস দাম চড়ছে এলপিজির

কোটি সিলিন্ডার অলস দাম চড়ছে এলপিজির

তিন কারণে ভরাডুবি ট্রাম্পের ট্রাম্প কার্ড হাতছাড়া

ট্রাম্পের ট্রাম্প কার্ড হাতছাড়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম