প্রতিমন্ত্রী ড. ফরিদ
মাদক, সন্ত্রাস ও দস্যুমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ১০ মে ২০২৬, ১০:২৯ পিএম
বাগেরহাট জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য দেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম
|
ফলো করুন |
|
|---|---|
বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বর্তমান বিএনপি সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজমুক্ত দেশ গড়ে তোলা। পাশাপাশি সুন্দরবনকে সম্পূর্ণ বনদস্যুমুক্ত করার বিষয়টিকেও অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষিত দেশকে একটি কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য অপরাধীর পরিচয় বা দলমত না দেখে সবার আগে বাংলাদেশ- এমনই দেশপ্রেম নিয়ে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী কর্মকর্তাদের কাজ করতে হবে।
রোববার দুপুরে কালেক্টরেট সম্মেলন কক্ষে বাগেরহাট জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ড. ফরিদ এখনো সুন্দরবনকে সম্পূর্ণ বনদস্যুমুক্ত করতে না পারায় কোস্টগার্ড সদস্যদের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, দরিদ্র জেলে, মৌয়ালসহ বনজীবীরা জীবিকার কারণে সুন্দরবনে যায়। এসব দরিদ্র মানুষদের অপহরণ করে বনদস্যুরা বিকাশের মাধ্যমে মুক্তিপণ আদায় করে। ঢাকায় একজন মানুষ অপহরণ হলে তোলপাড় সৃষ্টি হয়, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তৎপর হয়, আর সুন্দরবনে দিনের পর দিন দরিদ্র বনজীবীদের অপহরণ করা হলেও তাদের উদ্ধারে দৃশ্যমান তৎপরতা দেখা যায় না। মুক্তিপণ দিয়ে তারা ছাড়া পায়, এভাবে আর চলবে না। লোকালয়ে বসে বনদস্যুদের কারা খাবার সরবরাহ করছে তাদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। অতীতের মতো সুন্দরবনে আর মুক্তিপণের দাবিতে অপহরণ বাণিজ্য চলতে দেবে না সরকার।
মোবাইল ফোনে বিকাশের মাধ্যমে বনজীবীদের মুক্তিপণের পাঠানো ওই টাকা সেই লোকালয় থেকে উত্তোলন করা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী দ্রুত জেলে ও বনজীবীদের কাছ থেকে বনদস্যুদের সব মোবাইল নাম্বার নিয়ে তাদের গ্রেফতার করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মো. বাতেনের সভাপতিত্বে বাগেরহাট জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মো. মশিউর রহমান খান, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, প্রেস ক্লাব সভাপতি আবু সাঈদ শুনুসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা বক্তব্য রাখেন।
