Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

যুগান্তরে সংবাদ প্রকাশ

শিশু নিবাস প্রকল্পের অনিয়ম নিয়ে তদন্তের নির্দেশ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৬:৫৮ পিএম

শিশু নিবাস প্রকল্পের অনিয়ম নিয়ে তদন্তের নির্দেশ

Advertisement

শিশু নিবাসের ৩৮৫ কোটি টাকার প্রকল্পে বড় অনিয়ম নিয়ে যুগান্তরে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর অবশেষে নড়েচড়ে বসেছে পরিকল্পনা মন্ত্রণালয়। 

এ বিষয়ে বর্ণিত অনিয়মের বিষয়ে জরুরি ভিত্তিতে তদন্তপূর্বক একটি প্রতিবেদন প্রদানের নির্দেশনা জারি করেছে পরিকল্পনা বিভাগ। গত ২৩ জুলাই সহকারী সচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। 

এতে বলা হয়, গত ১৫ জুন দৈনিক যুগান্তর পত্রিকায় ‘এতিম ও বাবা-মায়ের স্নেহবঞ্চিত শিশু নিবাস ৩৮৫ কোটি টাকার প্রকল্পে বড় অনিয়ম’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা পরিকল্পনা বিভাগের দৃষ্টিগোচর হয়েছে। 

প্রতিবেদনে ৩৮৫ কোটি টাকার প্রকল্পে অনেক আর্থিক অনিয়মের বিবরণ উল্লেখ করা হয়েছে, যেমন-৬৬ কোটি ৮২ লাখ ৭৩ হাজার টাকা ব্যয়ের বিপরীতে কোনো বিল-ভাউচার পাওয়া যায়নি। অডিট আপত্তি ২১৭ কোটি টাকার, অদক্ষ ও অযোগ্য প্রাতিষ্ঠানকে কাজের দায়িত্ব প্রদান এবং কাজ না করেই বিল পরিশোধ ইত্যাদি আরও অনেক অনিয়মের বিবরণ প্রতিবেদনে উল্লেখ আছে।

অফিস আদেশে আরও বলা হয়, প্রতিবেদনে প্রকল্পের নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। তবে পরীক্ষান্তে দেখা যায় যে, ‘সরকারি শিশু পরিবার এবং ছোটমনি নিবাস নির্মাণ/পুনঃনির্মাণ (২য় সংশোধিত)’ শীর্ষক একটি প্রকল্প সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি সর্বপ্রথম ২৯৬.৭১৯১ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে জুলাই ২০১৮ থেকে জুন ২০২১ পর্যন্ত ৩ (তিন) বছর মেয়াদে বাস্তবায়নের লক্ষ্যে অনুমোদিত হয়। পরবর্তীতে আরও ৩ (তিন) বছর মেয়াদ বৃদ্ধি করে অর্থাৎ জুন ২০২৪ পর্যন্ত প্রকল্প ব্যয় বৃদ্ধি করে ৩৮৫.২০৬৪ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ১ম সংশোধিত প্রস্তাব অনুমোদিত হয়। প্রকল্পের কাজ জুন ২০২৪ এর মধ্যে সমাপ্ত না হওয়ায় পুনরায় ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে জুন ২০২৬ পর্যন্ত প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়। 

সর্বশেষ ১৩-০৫-২০২৬ তারিখের একনেক সভায় প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় বৃদ্ধি করে অর্থাৎ ৫৯৩.৪৭৩৫ কোটি টাকায় জুন ২০২৮ পর্যন্ত বাস্তবায়নের জন্য অনুমোদিত হয়।

এমতাবস্থায়, দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বর্ণিত অনিয়মের বিষয়ে জরুরি ভিত্তিতে তদন্তপূর্বক একটি প্রতিবেদন প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম