নাটোরে বিশ্বমানের পর্যটন ব্যবস্থা গড়ে তোলা হবে: আফরোজা খানম
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১০:৫৬ পিএম
বাংলাদেশের প্রত্নতত্ত্বের অহংকার উত্তরা গণভবন পরিদর্শন বক্তব্য দেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম
|
ফলো করুন |
|
|---|---|
বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বলনতা সেন, রানী ভবানী আর বিখ্যাত মিষ্টান্ন কাঁচাগোল্লা খ্যাত জেলা নাটোর হবে টুরিস্ট হাব। নাটোরে বিশ্বমানের পর্যটন ব্যবস্থা গড়ে তোলা হবে।
আফরোজা খানম বলেন, নাটোরের উত্তরা গণভবন, রাজবাড়ী, হালতি বিল ও চলনবিলসহ পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে; কিন্তু এখানে তেমন আবাসন ও পর্যটন গড়ে উঠেনি। অনেক মানুষ এখনো নাটোরের ব্যাপারে বিস্তারিত জানে না। তাই নাটোরের পর্যটনের এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে এখানে টুরিস্ট হাব গড়ে তোলা হবে। পর্যটকদের বসবাস ও অবস্থানের জন্য সকল সুবিধা সম্পন্ন প্রয়োজনীয় অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে।
শুক্রবার দুপুরের পর বাংলাদেশের প্রত্নতত্ত্বের অহংকার উত্তরা গণভবন পরিদর্শন শেষে তিনি এমন মন্তব্য করেন।
এ সময় নাটোর সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতে খায়ের আলমসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিকালে হালতি বিল পরিদর্শন শেষে স্থানীয় বাজারে পাটুল ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, দুলুর সহধর্মিণী ছাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, এমদাদুল হক আল মামুন, নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন ও শরিফুল ইসলাম বুলবুল প্রমুখ।
জনসভায় প্রধান বক্তার বক্তব্যে দুলু বলেন, প্রতি বছর নাটোরে সারা দেশ থেকে হাজার হাজার পর্যটক আসেন। এসব পর্যটকদের থাকা খাওয়া ও বসবাসের সুব্যবস্থা না থাকায় এতদিন অনেকে নিরুৎসাহিত হতো। ফলে এবার নাটোরে পর্যটকদের জন্য সকল সুবিধা সম্পন্ন প্রয়োজনীয় অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে।
