Logo
Logo
×
   

জাতীয়

সালমান শাহ হত্যা মামলায় কারাগারে ডন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৮:৫৮ পিএম

সালমান শাহ হত্যা মামলায় কারাগারে ডন

ছবি: সংগৃহীত

সালমান শাহ হত্যা মামলায় খলঅভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে (৫৪) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার (৯ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। 

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আজ দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেফতার করা হয়। সালমান শাহ হত্যা মামলার কারণে ডনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। ইমিগ্রেশন থেকে বিষয়টি সিআইডিকে জানানোর পর তাকে হেফাজতে নেওয়া হয়। 

বিকেলে সিআইডির পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আরিফুর রহমান ডনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান। আবেদনে উল্লেখ করা হয়, আসামি দীর্ঘদিন পলাতক ছিলেন এবং জামিনে মুক্তি পেলে তিনি চিরতরে পালিয়ে যেতে পারেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জেলহাজতে রাখা একান্ত প্রয়োজন।

আদালতে শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি ওমর ফারুক ফারুকী জানান, এটি একটি অত্যন্ত চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ মামলা এবং ডন এজাহারনামীয় ৪ নম্বর আসামি। তিনি দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশন থেকে আটক হন। 

পিপি আরও উল্লেখ করেন, ঘটনার দিন সালমান শাহর পরিবার ইস্কাটনের বাসায় গেলে তার স্ত্রী সামিরা হক তাদের ভেতরে ঢুকতে দেননি। রাতে প্রোডাকশন ম্যানেজার সালমান শাহর পরিবারকে ডেকে জানান যে তার কিছু একটা করা হয়েছে। সেখানে গিয়ে পরিবার দেখে লাশ সিলিংয়ের সঙ্গে ঝুলছে।

রাষ্ট্রপক্ষ আদালতকে আরও জানায়, সালমান শাহর ছোট ভাইকে অপহরণের চেষ্টার মামলায় গ্রেফতার রেজভি আহমেদ ওরফে ফরহাদ আদালতে স্বীকারোক্তি দিয়েছিলেন যে সামিরার সঙ্গে ডনের অবৈধ সম্পর্ক ছিল। ডন, ফারুক ও রেজভি ১২ লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে হত্যা করেন। প্রথমে তাকে অচেতন করা হয় এবং পরে আত্মহত্যা হিসেবে দেখানোর জন্য লাশ ঝুলিয়ে রাখা হয়।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহ মারা যান। দীর্ঘ ২৯ বছর পর তার মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই আলমগীর কুমকুম গত বছরের অক্টোবর মাসে রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক ও অভিনেতা ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। বর্তমানে সিআইডি মামলাটি তদন্ত করছে এবং আগামী ৩০ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .