শেখ হাসিনাকে ডা. জাহিদ
পালিয়ে থাকার দরকার নেই, সাহস থাকলে আদালতের মুখোমুখি হন
Advertisement
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পিএম
পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হাসান
|
ফলো করুন |
|
|---|---|
শেখ হাসিনাকে উদ্দেশ করে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হাসান বলেছেন, এই যে পাখির মতো গুলি করে মানুষ মেরেছেন, এ দেশের সম্পদ লুণ্ঠন করেছেন এবং মেগা প্রকল্পের নামে ডাকাতি করেছেন- সেগুলোর হিসাব অবশ্যই বাংলার মাটিতে হবে। যদি সাহস থাকে আপনারা আইন আদালতের মাধ্যমে সেগুলোর মুখোমুখি হন। তাহলে তো পালিয়ে থাকার দরকার নাই, অন্য দেশে আশ্রয় নেওয়ার তো দরকার পড়ে না।
রোববার দুপুরে পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ হাসান বলেন, উনারা বুঝতে পারেন- দেশের অবস্থান আজ কোথায়। সেজন্য উনারা এআইয়ের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্নভাবে বিদেশ থেকে বিভিন্ন ধরনের উসকানি দিচ্ছে। কোনো সময় সারের নামে, কোনো সময় বিদ্যুতের নামে এবং কোনো সময় অন্য ইস্যুতে একটি মব কালচার সৃষ্টি করে দেশের স্থিতিশীলতাকে নষ্টের অপচেষ্টা করছে; কিন্তু বাংলাদেশের মানুষ এসব মেনে নেবে না। দলীয়ভাবে শুধু প্রতিহত নয়, প্রতিরোধ গড়ে তুলবে হবে।
তিনি বলেন, ১৭ বছর এ দেশের মানুষ অনির্বাচিত সরকার দেখেছে। রাতের সরকার দেখেছে, বিনা ভোটের সরকার দেখেছে এবং ডামি নির্বাচনের সরকার দেখেছে। তাদের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা ছিল না। তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষের ওপর এমন নির্যাতন করেছে যে, তাদের দেশে থাকার মতো কোনো সাহস ছিল না।
তিনি আরও বলেন, ওয়ান-ইলেভেনের পর থেকে যত স্বৈরাচার শাসনই উনারা করুন না কেন, বিএনপি কিন্তু এ দেশে থেকে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সব সময় মাঠে থেকে দায়িত্ব পালন করেছে। আমাদের শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে; তারপরও বিএনপির কোনো নেতাকর্মী দলের প্রতি আনুগত্যের কমতি দেখানি।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে তিনি পঞ্চগড় জেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির এক সভায় যোগ দেন।
