সোলার সরঞ্জামে আমদানি শুল্ক কমাল সরকার
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ এএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বৈশ্বিক জ্বালানি সংকট ও বিদ্যুৎ ঘাটতির মধ্যে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে সরকার সোলার সরঞ্জাম ও যন্ত্রপাতির আমদানি শুল্ক আরও কমিয়ে এনেছে। নতুন সুবিধায় যোগ্য সোলার সরঞ্জাম ও যন্ত্রপাতি আমদানিতে মোট ১ শতাংশ কর দিতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
এই সুবিধার আওতায় ১ শতাংশের বেশি কাস্টমস শুল্ক, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট), অগ্রিম কর এবং অগ্রিম আয়কর থেকে অব্যাহতি পাবেন আমদানিকারকরা। এনবিআর জানিয়েছে, সংশ্লিষ্ট এসআরও জারির তারিখ থেকে ১৮০ দিন এই সুবিধা কার্যকর থাকবে।
এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ২০২৬ সালের ৮ জুন জারি করা এসআরও নং ১৫৯-আইন/২০২৬/১৪/কাস্টমসের আওতায় এনবিআর সোলার খাতের প্রধান উপকরণে শুল্ক ও কর অব্যাহতি দিয়েছিল। সেই সুবিধায় আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি ও অগ্রিম কর মওকুফ করা হয়েছিল। তবে তখনও ১৫ শতাংশ ভ্যাট ও ২ শতাংশ অগ্রিম আয়করসহ মোট ১৭ শতাংশ কর দিতে হতো।
এবার এনবিআর সেই সুবিধা আরও বাড়িয়েছে। এতে সোলার সরঞ্জামের দাম আরও কমবে বলে আশা করা হচ্ছে। এই প্রথমবারের মতো বাণিজ্যিক আমদানিকারকরাও নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে এই সুবিধা পাবেন। এর আগে বাণিজ্যিক আমদানিকারকদের ক্ষেত্রে এই শুল্ক ও কর ছাড় প্রযোজ্য ছিল না।
এনবিআর বলেছে, কর কমানোর ফলে সোলার বিদ্যুৎ প্রকল্পের খরচ কমবে এবং নতুন বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত যোগ করা সম্ভব হবে। এ ছাড়া এই পদক্ষেপ জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাবে এবং দেশের জ্বালানি নিরাপত্তা ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন শক্তিশালী করবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।
