Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

নতুন পে স্কেলে বার্ষিক ইনক্রিমেন্ট হবে যেভাবে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পিএম

নতুন পে স্কেলে বার্ষিক ইনক্রিমেন্ট হবে যেভাবে

Advertisement

জাতীয় বেতনস্কেল, ২০২৬ অনুযায়ী সরকারি কর্মচারীদের বার্ষিক বেতনবৃদ্ধি বা ইনক্রিমেন্টের তারিখ নির্ধারণ করা হয়েছে প্রতি অর্থবছরের প্রথম দিন ১ জুলাই। নতুন নিয়োগ পাওয়া কোনো কর্মচারীর কোয়ালিফাইং চাকরির মেয়াদ কমপক্ষে ছয় মাস হলে তিনি বার্ষিক ইনক্রিমেন্টের সুবিধা পাবেন।

প্রকাশিত জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেটে বেতন নির্ধারণ, প্রথম নিয়োগ এবং অগ্রিম ইনক্রিমেন্টের বিভিন্ন বিধান তুলে ধরা হয়েছে।

গেজেট অনুযায়ী, সংশ্লিষ্ট বিধান অনুসারে প্রথমে বেতন নির্ধারণ করে ১ জুলাই ২০২৬ তারিখে একটি বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়া হবে। তবে নতুন নিয়োগপ্রাপ্ত কোনো কর্মচারীর কোয়ালিফাইং চাকরির মেয়াদ ন্যূনতম ছয় মাস না হলে তিনি ওই বার্ষিক ইনক্রিমেন্টের সুবিধা পাবেন না।

প্রথম নিয়োগে যেভাবে বেতন নির্ধারণ

১ জুলাই ২০২৬ বা তার পরে নিয়োগ পাওয়া কোনো কর্মচারীকে বদলি বা পদোন্নতি ছাড়া নিয়োগকৃত পদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এ নির্ধারিত স্কেলের প্রারম্ভিক বেতন দেওয়া হবে। এ ক্ষেত্রে গেজেটে বেতন নির্ধারণের সংশ্লিষ্ট বিধান অনুসরণ করতে হবে।

তবে প্রথম নিয়োগের পদটি জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা (৯ম গ্রেড) বা এর ওপরে হলে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অতিরিক্ত ইনক্রিমেন্টের সুযোগ রাখা হয়েছে।

এ ক্ষেত্রে এমবিবিএস, ব্যাচেলর অব আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং বা সরকার স্বীকৃত সমপর্যায়ের ডিগ্রিধারীকে একটি অগ্রিম ইনক্রিমেন্ট দেওয়া হবে। তবে সংশ্লিষ্ট ডিগ্রিটি ওই পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে নির্ধারিত থাকতে হবে।

এ ছাড়া ইঞ্জিনিয়ারিং বা স্থাপত্যবিদ্যায় ডিগ্রি, মাস্টার্স ডিগ্রিসহ সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ফিজিক্যাল প্ল্যানিংয়ে ডিগ্রি অথবা আইন বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকলে দুইটি অগ্রিম ইনক্রিমেন্ট দেওয়া হবে। এ ক্ষেত্রেও সংশ্লিষ্ট ডিগ্রিকে পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে নির্ধারিত থাকতে হবে।

কোনো কর্মচারী চিকিৎসা অনুষদের লাইসেন্সধারী হলে এবং ওই লাইসেন্স সংশ্লিষ্ট পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে নির্ধারিত থাকলে নিয়োগের সময় তিনি একটি অগ্রিম ইনক্রিমেন্ট পাবেন।

পুরোনো বিধানও বহাল

গেজেটে বলা হয়েছে, উচ্চতর শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে অগ্রিম বর্ধিত বেতন মঞ্জুরির সঙ্গে সম্পর্কিত ১৯৭০ সালের তৎকালীন শিক্ষা বিভাগের কয়েকটি স্মারক এবং অর্থ বিভাগের ১৯৭৮ ও ১৯৮১ সালের সংশ্লিষ্ট আদেশে আরোপিত শর্তগুলো বহাল থাকবে।

একই সঙ্গে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের প্রবেশ পদে উচ্চতর প্রারম্ভিক বেতন দেওয়ার বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ২২ জানুয়ারি ১৯৯৪ সালের স্মারক এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বেতনসংক্রান্ত অর্থ বিভাগের ১১ অক্টোবর ২০২১ সালের এসআরওর বিধানও কার্যকর থাকবে।

গেজেট অনুযায়ী, ১ জুলাই ২০২৬ তারিখে প্রথম নিয়োগপ্রাপ্ত কোনো কর্মচারীর বেতন প্রথমে জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর সংশ্লিষ্ট স্কেলের প্রারম্ভিক ধাপে নির্ধারণ করতে হবে। এরপর প্রযোজ্য ক্ষেত্রে অনুমোদিত অতিরিক্ত ইনক্রিমেন্ট যোগ করে চূড়ান্ত বেতন নির্ধারণ করা হবে।

তবে এসব অগ্রিম ইনক্রিমেন্ট কেবল চাকরিতে প্রথম নিয়োগের সময় পাওয়া যাবে। পরবর্তী সময়ে পদোন্নতি হলে এই সুবিধা প্রযোজ্য হবে না।

বিসিএস ক্যাডারে অতিরিক্ত ইনক্রিমেন্ট

জাতীয় বেতনস্কেল, ২০২৬-এ বিসিএস ক্যাডারভুক্ত হিসেবে ৯ম গ্রেডে সরাসরি নিয়োগ পাওয়া কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। তাদের বেতন ৯ম গ্রেডের নির্ধারিত স্কেলে একটি অতিরিক্ত অগ্রিম ইনক্রিমেন্টসহ নির্ধারণ করা হবে।

অন্যদিকে বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে ক্যাডার পদে নিয়োগ না পেলেও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সুপারিশে ৯ম গ্রেডের নন-ক্যাডার পদে নিয়োগ পাওয়া কর্মচারীদের বেতন ৯ম গ্রেডের প্রারম্ভিক ধাপেই নির্ধারণ করা হবে।

১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত নিয়োগে বিশেষ বিধান

গেজেটে ১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭ সময়ের মধ্যে প্রথম নিয়োগ পাওয়া কর্মচারীদের জন্যও একটি বিশেষ বিধান রাখা হয়েছে।

এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মচারী যদি ৩০ জুন ২০২৬ তারিখে যোগদান করতেন, তাহলে বর্তমান বেতন হিসেবে যে অর্থ পেতেন, তার সঙ্গে জাতীয় বেতনস্কেল, ২০২৬ অনুযায়ী নির্ধারিত বেতন ও বর্তমান বেতনের পার্থক্যের প্রযোজ্য শতাংশ যোগ করে তার প্রাপ্য বেতন নির্ধারণ করা হবে।

অর্থাৎ নতুন পে স্কেলে প্রথম নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রেডের প্রারম্ভিক বেতন, শিক্ষাগত যোগ্যতা ও ক্যাডারভেদে অনুমোদিত অগ্রিম ইনক্রিমেন্ট এবং নির্ধারিত সময়ের বিশেষ বিধান—সবকিছু বিবেচনায় নেওয়া হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম