Logo
Logo
×

Advertisement

জাতীয়

সরকারি কর্মচারীদের পেনশন ও অবসরকালীন সুবিধায় নতুন হিসাব নির্ধারণ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পিএম

সরকারি কর্মচারীদের পেনশন ও অবসরকালীন সুবিধায় নতুন হিসাব নির্ধারণ

Advertisement

নতুন পে-স্কেলে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার পাশাপাশি অবসরভোগীদের পেনশন ও অবসরকালীন সুবিধাতেও পরিবর্তন আনা হয়েছে। নতুন কাঠামোয় কম পেনশন পাওয়া অবসরভোগীদের জন্য তুলনামূলক বেশি হারে পেনশন বাড়ানোর বিধান রাখা হয়েছে। একই সঙ্গে নিট পেনশনের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার ২০০ টাকা।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এতে পেনশনযোগ্য চাকরিকাল, নিট পেনশন, আনুতোষিক, পারিবারিক পেনশন ও ছুটি নগদায়নের নিয়ম নির্ধারণ করা হয়েছে। এসব বিধান ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৩০ জুন ২০২৬ তারিখে পাওয়া নিট পেনশনকে ভিত্তি ধরে নতুন কাঠামোয় পেনশন বৃদ্ধির হিসাব করা হবে। এ ক্ষেত্রে ৯ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনে ১০০ শতাংশ, ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ৭৫ শতাংশ, ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশনে ৫৫ শতাংশ বৃদ্ধির বিধান করা হয়েছে।

অর্থাৎ, যাদের নিট পেনশন তুলনামূলক কম, তাদের ক্ষেত্রে বৃদ্ধির হার বেশি রাখা হয়েছে। অন্যদিকে বেশি পেনশন পাওয়া অবসরভোগীদের ক্ষেত্রে শতাংশের হার কম হলেও নির্ধারিত সীমার মধ্যে তাদের নিট পেনশন বাড়বে।

নতুন হিসাব অনুযায়ী, ৯ হাজার টাকা নিট পেনশন পাওয়া কোনো অবসরভোগী সর্বোচ্চ ১৮ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন। আর ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশন পাওয়া অবসরভোগীদের জন্য সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার ২০০ টাকা।


তবে বর্তমানে কোনো অবসরভোগী এই সীমার চেয়ে বেশি নিট পেনশন পেয়ে থাকলে ১ জুলাই ২০২৭ পর্যন্ত তার বিদ্যমান নিট পেনশন বহাল থাকবে।

মৃত সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী পুনর্বিবাহ না করার শর্তে আজীবন পারিবারিক পেনশন পাবেন। এ জন্য বছরে একবার পুনর্বিবাহ না করার অঙ্গীকারনামা বা প্রত্যয়নপত্র সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়ে দাখিল করতে হবে।

তবে ৫০ বছরের বেশি বয়সী বিধবার ক্ষেত্রে এ অঙ্গীকারনামা বা প্রত্যয়নপত্র দেওয়ার শর্ত প্রযোজ্য হবে না।

নতুন কাঠামোয় পেনশনযোগ্য চাকরিকালও পাঁচ বছর থেকে শুরু করে ২৫ বছর বা তার বেশি সময় পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। অর্থ বিভাগের ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এ সরকারি কর্মচারীদের পেনশন ও অবসরকালীন সুবিধার এসব বিধান রাখা হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম