বিদেশে পাঠানোর নামে ২৮ লাখ টাকা আত্মসাৎ, এজেন্সি মালিকের ৫ বছরের কারাদণ্ড
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিদেশে লোক পাঠানোর কথা বলে ২৮ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের মামলায় রিক্রুটিং এজেন্সি ‘সাইদ রোমানিয়া ওভারসিজ লিমিটেড’-এর স্বত্বাধিকারী উজ্জ্বল আলমগীর হোসেন ওরফে সাঈদ আহমেদকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ রায় ঘোষণা করেন। একই মামলায় অপর দুই আসামি উজ্জ্বল আলমগীরের স্ত্রী আশাফিয়া বেগম ও ভাই শরীফ আহমেদকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সায়েম জানান, কারাদণ্ডের পাশাপাশি উজ্জ্বল আলমগীরকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। অন্যদিকে আশাফিয়া বেগম ও শরীফ আহমেদকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায় ঘোষণার আগে কারাগার থেকে উজ্জ্বল আলমগীরকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে। অপর দুই আসামি জামিনে গিয়ে পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলার নথি ও রায় থেকে জানা যায়, আসামিরা ‘সাইদ রোমানিয়া ওভারসিজ লিমিটেড’-এর মাধ্যমে বিদেশে লোক পাঠানোর কথা বলে বাদী ও সাক্ষীদের সঙ্গে চুক্তিপত্র সম্পাদন করেন। এরপর তাদের কাছ থেকে মোট ২৮ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করেন। তবে পরবর্তীতে তাদের বিদেশে না পাঠিয়ে ওই টাকা আত্মসাৎ করেন আসামিরা।
দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এর পরিপ্রেক্ষিতে আদালত তিন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের সাজা দেন।
