Logo
Logo
×

Advertisement

জাতীয়

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

নাট্যশালায় হল বরাদ্দে হযবরল অবস্থা

Advertisement

Icon

সাংস্কৃতিক প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পিএম

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

Advertisement

জাতীয় নাট্যশালার হল বরাদ্দের জটিলতা, রিহার্সাল কক্ষের সংকট, লাইট-সাউন্ডের দুরবস্থা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামগ্রিক অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নাট্যাঙ্গনের শিল্পীরা।

রোববার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ‘আসুন সকলে মিলিত হই, সংকট নিরসনে—সমাধান আনব মোরা সম্মিলিত প্রাণোচ্ছ্বাসে’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচকরা নাটকের জন্য হল বরাদ্দে স্বচ্ছ নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন, তিন মাসের বরাদ্দ একসঙ্গে দেওয়া এবং জাতীয় নাট্যশালার তিনটি হল নাট্যচর্চার জন্য ব্যবহারের সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

হল বরাদ্দে নেতিবাচক অভিজ্ঞতা তুলে ধরে বক্তারা বলেন, হল বরাদ্দ পাওয়ার পরও অনেক সময় নাট্য প্রযোজনা মঞ্চায়নের এক-দুই দিন আগে তা বাতিল করে দেওয়া হয়। বলা হয়, সরকারি আয়োজন থাকায় বাতিল করা হলো। এতে নাট্যদলগুলো আর্থিক ক্ষতির পাশাপাশি নাট্যচর্চা চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। এই অবস্থার উত্তরণ জরুরি।

আলোচনায় অংশ নিয়ে অনুস্বর নাট্যদলের প্রধান মোহাম্মদ বারী বলেন, হল বরাদ্দ নিয়ে দীর্ঘদিন ধরে নানা সংকট চলছে। অনেক সময় হল বরাদ্দ দেওয়ার পরও শো হওয়ার দুই দিন আগে জানিয়ে দেওয়া হয়, সেখানে অনুষ্ঠান করা যাবে না। প্রশ্ন তুলে তিনি বলেন, ‘এটা কোন সেন্স থেকে করা হয়? যাদের এসব বিষয়ে জ্ঞান নেই, তাদের কীভাবে এই জায়গায় বসানো হয়?’

এ সময় হল বরাদ্দের ক্ষেত্রে যোগ্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিন মাসের হল বরাদ্দ একসঙ্গে দেওয়ার প্রস্তাব করেন মোহাম্মদ বারী। শিল্পকলার বর্তমান ‘হযবরল’ পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

নাট্যব্যক্তিত্ব মাসুম রেজা বলেন, ‘আমি এখানে আসার কারণ জাতীয় নাট্যশালার কার্যকারিতা ও কোন প্রক্রিয়া নিয়ে চলে, তা নিয়ে কথা বলার জন্য। জাতীয় নাট্যশালার নামের মধ্যেই এর উদ্দেশ্য পরিষ্কার আছে। এখানে জাতীয় আঙ্গিক, প্রকৃতি ও সংস্কৃতি নিয়ে চর্চা হওয়ার কথা। অথচ এখানে তা হচ্ছে না।’

তার দাবি, জাতীয় নাট্যশালার তিনটি হল নাটকের জন্য নির্ধারিত থাকতে হবে। নাটকের বাইরে অন্য কোনো আয়োজনের জন্য এসব হল নিয়মিত বরাদ্দ দেওয়া উচিত নয়। স্কুল, টেলিভিশন চ্যানেলসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে দিনের পর দিন হল বরাদ্দ দেওয়ার সমালোচনা করেন তিনি।

মাসুম রেজা বলেন, ‘হল বরাদ্দ কমিটিকে স্ট্রং হতে হবে। একশোভাগ নাটকের জন্য ভাড়া দিতে হবে।’ জাতীয় নাট্যশালার এসি, পরিবেশসহ বিভিন্ন অব্যবস্থাপনার কথাও তুলে ধরেন তিনি।

তিনি আরও বলেন, ‘এখানে দাঁড়িয়ে অনেক আন্দোলন করেছি। যা করার এখানে দাঁড়িয়েই আদায় করব।’ গ্রুপ থিয়েটার ফেডারেশন কাউকে ধন্যা দিয়ে নয়, আন্দোলনের মাধ্যমে বিভিন্ন দাবি আদায় করেছে বলেও উল্লেখ করেন তিনি।

গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ বলেন, গ্ল্যামার মিডিয়া, দূতাবাস ও টেলিভিশন চ্যানেলকে হল ভাড়া দেওয়া হচ্ছে। এভাবে নাট্যচর্চার জন্য নির্ধারিত জায়গা অন্যরা ব্যবহার করতে পারে না। হল বরাদ্দের ক্ষেত্রে নাট্যদলগুলোর স্বার্থকে গুরুত্ব দেওয়ার জোর দাবি জানান তিনি।

তিনি জানান, গ্রুপ থিয়েটার ফেডারেশনের একটি ক্লাবের জন্য একটি কক্ষ বরাদ্দ ছিল। কিন্তু সেটিও ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। অথচ বাংলাদেশ মিউজিশিয়ান ফাউন্ডেশনের জন্য একটি কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে, যেখানে তাদের কোনো কার্যকারিতা নেই। থিয়েটার, নৃত্য ও গানের রিহার্সেল করার জন্য উপযুক্ত পরিবেশ নেই।

হল বরাদ্দ কমিটির গঠন নিয়েও প্রশ্ন তোলেন গ্রুপ থিয়েটারের নেতা ও নাট্যতীর্থের দলপ্রধান তপন হাফিজ। তিনি আয়োজন সঞ্চালনাকালে বলেন, হল বরাদ্দ কমিটিতে এনসিপি, ইনকিলাব মঞ্চ, জাসাসের পাশাপাশি শিল্পকলা ও নাট্যাঙ্গনের প্রতিনিধি আছে। আমিও আছি। এতে আমাদের সিদ্ধান্ত বহাল থাকে না।

গ্রুপ থিয়েটার ফেডারেশনের নেতা খন্দকার শাহ আলম বলেন, হল বরাদ্দ কমিটিতে নাটকের তিনজন এবং শিল্পকলার দুজন প্রতিনিধি থাকতে পারেন। তার মতে, এ ধরনের একটি কমিটি কার্যকর হতে পারে। তবে সরকার পরিবর্তনের পরও হল বরাদ্দের ক্ষেত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি বলে অভিযোগ করেন তিনি।

শিল্পকলা একাডেমির সদ্য সাবেক মহাপরিচালক শেখ রেজাউদ্দিন স্ট্যালিনের বিরুদ্ধেও অভিযোগ তোলেন তিনি। বলেন, ডিজি নিজেই বরাদ্দ নিয়ে নিজের বন্ধু-বান্ধবদের সুযোগ দেন এবং নিজে বিভিন্ন অনুষ্ঠানে অতিথি থাকেন। তাছাড়া তিনি যে কয়েকটি টেলিভিশনে কাজ করেন, তাদের জন্য নাট্যশালা বরাদ্দ দিয়ে দেন। এ ছাড়া হাসপাতাল, দূতাবাস, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও গ্ল্যামার শোর জন্য হল বরাদ্দ দিয়ে দেন। এদিকে নাটকের জন্য হল পাচ্ছেন না অনেকে। এই দুরবস্থা বন্ধ করতে হবে।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানজার চৌধুরী সুইট, লোকসঙ্গীতশিল্পী বিশ্বজিৎ রায়, নাট্যকর্মী চন্দ্রদ্বীপ নিয়াজ, তৌফিকুর রহমান, নাট্যকর্মী মশিউর রহমান রানা, আবৃত্তিশিল্পী মাসুম আজিজুল বাশার, জয়িতা মহলানবিশ, নৃত্যশিল্পী উজ্জ্বল মণ্ডল নাট্য, গান, নৃত্য ও আবৃত্তির জন্য উপযুক্ত পরিবেশ প্রত্যাশা করেন।

তাদের ভাষ্য, নাট্যচর্চার সংকট শুধু হল বরাদ্দের মধ্যে সীমাবদ্ধ নয়। রিহার্সাল কক্ষ, লাইট-সাউন্ড, এসি, পরিবেশসহ শিল্পকলার সামগ্রিক অবকাঠামোর উন্নয়ন প্রয়োজন। একই সঙ্গে হল বরাদ্দের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি ও সুনির্দিষ্ট নীতিমালা নিশ্চিত করতে হবে।

সভাপতির বক্তব্যে গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লাকী ইনাম বলেন, এই আয়োজনে যেসব অভিযোগ এসেছে, তা নিরসন করা সহজ কাজ নয়। তবে কঠিন কাজটি সবাইকে নিয়ে করতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

প্রায় দুই ঘণ্টাব্যাপী হওয়া অনুষ্ঠানে সিরাজগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, লালমনিরহাটসহ বিভিন্ন এলাকার নাট্যকর্মীরা যোগ দেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিনামূল্যে তিন দিনে ছয় সিনেমা দেখতে পাবেন শিল্পকলায়

বিনামূল্যে তিন দিনে ছয় সিনেমা দেখতে পাবেন শিল্পকলায়

বন্যার্তদের পাশে দাঁড়াতে গাইবেন রুনা লায়লা

বন্যার্তদের পাশে দাঁড়াতে গাইবেন রুনা লায়লা

শুক্রবার শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’ এর ৪৪তম মঞ্চায়ন

শুক্রবার শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’ এর ৪৪তম মঞ্চায়ন

সুরের মূর্ছনা সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহ্বান

সঙ্গীত দিবসে বক্তারা সুরের মূর্ছনা সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহ্বান

শিল্পকলা একাডেমিতে ডি-নথি ও ওয়েবসাইট ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ

শিল্পকলা একাডেমিতে ডি-নথি ও ওয়েবসাইট ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ

ঢাবির সিনেট সদস্য হলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন

ঢাবির সিনেট সদস্য হলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন

আরও পড়ুন

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

ক্যান্টনমেন্ট থানার সেই ওসির সঙ্গে আ.লীগের সংশ্লিষ্টতা আছে কিনা, যা জানালেন মন্ত্রী

ক্যান্টনমেন্ট থানার সেই ওসির সঙ্গে আ.লীগের সংশ্লিষ্টতা আছে কিনা, যা জানালেন মন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম