আমুসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পিএম
আমির হোসেন আমু।
|
ফলো করুন |
|
|---|---|
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীসহ সাত আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ সোমবার এই অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এই মামলার অন্য আসামিরা হলেন সাবেক মন্ত্রী মুহাম্মদ ফারুক খান, শাজাহান খান, দীপু মনি, আব্দুর রাজ্জাক ও সাবেক সংসদ সদস্য মির্জা আজম।
আসামিদের মধ্যে মির্জা আজম গ্রেফতার হননি। বাকি ছয় আসামি কারাগারে আছেন।
পরে এ বিষয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম বলেন, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে তৎকালীন সরকার রাষ্ট্রীয় নীতি হিসেবে এবং আওয়ামী লীগ ও ১৪–দলীয় জোট রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে আন্দোলন দমন করেছিল।
গাজী মোনাওয়ার হুসাইন তামীম বলেন, এই মামলার আসামিরা তৎকালীন সরকারের প্রভাবশালী ব্যক্তি হিসেবে এবং নীতিনির্ধারক হিসেবে আন্দোলন দমনে অংশগ্রহণ করেছেন, সহায়তা করেছেন, পরামর্শ দিয়েছেন, কন্ট্রিবিউট করেছেন। এর ফলে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে এক হাজার ৪০০ আন্দোলনকারী নিহত হয়েছে। ২৫ হাজার আন্দোলনকারী আহত হয়েছে। এটাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ।

