Logo
Logo
×

Advertisement

জাতীয়

দ্য হিন্দুর বিশ্লেষণ

শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পথে বাধা, ঝুঁকি ও রাজনৈতিক হিসাব-নিকাশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পিএম

শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পথে বাধা, ঝুঁকি ও রাজনৈতিক হিসাব-নিকাশ

Advertisement

বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তার দেশে ফেরার পথে রয়েছে আইনি জটিলতা, পাসপোর্ট-সংক্রান্ত বাধা, নিরাপত্তাঝুঁকি ও রাজনৈতিক হিসাব-নিকাশ। দেশে ফিরলে তাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মুখোমুখি হতে হবে। অন্যদিকে, তার প্রত্যাবর্তন ঘিরে আওয়ামী লীগ ও বিরোধী রাজনৈতিক দলগুলোর সমর্থকদের মধ্যে সংঘাতের আশঙ্কাও রয়েছে।

গত ৯ নভেম্বর বাংলাদেশ সরকারের কাছে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়েছেন শেখ হাসিনা। এর পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, ‘গ্রহণযোগ্য বন্দি হস্তান্তর প্রক্রিয়ার’ আওতায় তাকে প্রত্যর্পণ করতে চায় বাংলাদেশ। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকারের পতনের পর ভারতে আশ্রয় নেওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনাকে ঘিরে যে পরিস্থিতির শুরু, এটি তারই সর্বশেষ অধ্যায়।

দেশে ফিরতে কী কী বাধা রয়েছে?

শেখ হাসিনার সামনে বড় চ্যালেঞ্জ হলো—তিনি রাজনৈতিক নেতা হিসেবে দেশে ফিরে আওয়ামী লীগের নেতৃত্ব ও রাজনৈতিক অবস্থান পুনরুদ্ধার করতে চান। কিন্তু ২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলন দমনে পুলিশের অভিযানের নির্দেশ দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই ঘটনায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

ফলে দেশে ফিরলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। বিচারপ্রক্রিয়ার অংশ না হয়ে রাজনৈতিক অঙ্গনে ফিরে আসার সুযোগ তার জন্য নেই। অন্যদিকে, পুলিশের অভিযানের জন্য তিনি দায় স্বীকার বা ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন। 

মৃত্যুদণ্ডের রায় তার প্রত্যাবর্তনকে আরও জটিল করেছে। দেশে ফিরলে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের মুখোমুখি হতে হবে। ফলে তার প্রত্যাবর্তন শুধু রাজনৈতিক অবস্থান পুনরুদ্ধারের বিষয় নয়, বাংলাদেশের বিচারপ্রক্রিয়ার সঙ্গেও সরাসরি যুক্ত।

এ ছাড়া শেখ হাসিনার কাছে বাংলাদেশের বৈধ পাসপোর্ট নেই। ফলে বৈধ ভ্রমণ নথি ছাড়া তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও জটিল হতে পারে। প্রত্যর্পণ বা ফেরত পাঠানোর ক্ষেত্রে পাসপোর্টের বিষয়টি গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশ সরকার জানিয়েছে, তাকে ‘সন্ত্রাসী’ হিসেবে বিবেচনা করায় নতুন পাসপোর্ট দেওয়া হবে না।

সর্বশেষ গত ৯ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ বলে উল্লেখ করেছেন। জামায়াতে ইসলামীও একই ধরনের শব্দ ব্যবহার করেছে। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ, তার নির্দেশে পুলিশের অভিযানে কয়েক শত বেসামরিক মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে আন্দোলনকারী শিক্ষার্থীরাও ছিলেন।

২০২৬ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছিলেন। ডিসেম্বরে ফেরার ইঙ্গিতও দিয়েছিলেন। তবে কীভাবে ফিরবেন, সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানাননি।

১৯৮১ সালে বাণিজ্যিক বিমানে ঢাকায় ফিরেছিলেন শেখ হাসিনা। তবে তখনকার পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তার বাবা শেখ মুজিবুর রহমানসহ পরিবারের অধিকাংশ সদস্য নিহত হওয়ার পর তিনি ও তার বোন শেখ রেহানা নির্বাসনে যেতে বাধ্য হন। তখন তাকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হিসেবে দেখা হয়েছিল। কিন্তু এবার তার বিরুদ্ধে হত্যাকাণ্ডের নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে।

২০১৩ সালের প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করলে বিমানবন্দরে পৌঁছানোর পরই তাকে গ্রেফতার করা হবে। আর নিজ উদ্যোগে দেশে ফিরতে চাইলে পশ্চিমবঙ্গ সীমান্তের বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর ব্যবহার করতে পারেন তিনি।

প্রত্যাবর্তনে কী ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে?

শেখ হাসিনা বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে ফিরলে সেখানে তার সমর্থকদের বিপুল সমাগম হতে পারে। একই সঙ্গে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরাও সেখানে জড়ো হতে পারেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘাতের আশঙ্কা রয়েছে। সরকারের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণ করাও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

সাম্প্রতিক দিনগুলোতে দেশে কয়েকটি অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। বিভিন্ন যানবাহনে আগুন দেওয়ার এসব ঘটনার মধ্যে শেখ হাসিনার প্রত্যাবর্তনকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

বিশ্লেষকদের আশঙ্কা, তার দেশে ফেরা আওয়ামী লীগের সমর্থকদের আরও সক্রিয় করে তুলতে পারে। এতে সরকারের সঙ্গে সংঘাত তৈরি হওয়ার পাশাপাশি অভ্যুত্থান-পরবর্তী অস্থিতিশীলতা আরও বাড়তে পারে। 

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হলে তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় কিংবা পুনর্বিচার-সংক্রান্ত আইনি প্রক্রিয়ার অংশ হবে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ

হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ

আলোচনায় হাসিনার পাসপোর্ট, যা বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা

আলোচনায় হাসিনার পাসপোর্ট, যা বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা

দেশে ফিরলেই ফাঁসি, তাও কেন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা?

আল-জাজিরার বিশ্লেষণ দেশে ফিরলেই ফাঁসি, তাও কেন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা?

হাসিনার ‘পাসপোর্ট’: দেওয়া হচ্ছে পালটাপালটি যুক্তি

হাসিনার ‘পাসপোর্ট’: দেওয়া হচ্ছে পালটাপালটি যুক্তি

হাসিনার মৃত্যুদণ্ড: সংবিধানের ১০৪ ধারায় কী লেখা আছে?

হাসিনার মৃত্যুদণ্ড: সংবিধানের ১০৪ ধারায় কী লেখা আছে?

শেখ হাসিনার পাসপোর্টের আবেদন নয়, পরামর্শ চেয়েছে ম্যাট্রিক্স ল চেম্বার: শিশির মনির

শেখ হাসিনার পাসপোর্টের আবেদন নয়, পরামর্শ চেয়েছে ম্যাট্রিক্স ল চেম্বার: শিশির মনির

আরও পড়ুন

সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

নিম্নমানের উড়োজাহাজ ও সেবা বিদেশি এয়ারলাইন্সগুলোকে বেবিচকের চিঠি

বিদেশি এয়ারলাইন্সগুলোকে বেবিচকের চিঠি

ঢাবিতে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদারের দাবি এইচআরডিএস’র

ঢাবিতে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদারের দাবি এইচআরডিএস’র

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম