ফেসবুক পোস্টে ফারুকী
বাংলাদেশে কয়েক দশক শিল্প-সাহিত্য নিয়ে হীনমন্যতার চর্চা হয়েছে
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০২:২৮ পিএম
মোস্তফা সরয়ার ফারুকী। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক আইকন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তার মতে, বাংলাদেশের সংস্কৃতিকে দুর্বল করার অন্যতম কৌশল হলো জাতির মধ্যে সাংস্কৃতিক হীনমন্যতা তৈরি করা। অথচ লালন, হাসন রাজা, রাধারমণ, শাহ আবদুল করিমসহ অসংখ্য গুণী স্রষ্টার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে এ দেশের।
শুক্রবার নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন মোস্তফা সরয়ার ফারুকী।
পোস্টে তিনি লেখেন, একটি জাতিকে রাজনৈতিকভাবে দুর্বল করার সবচেয়ে বড় অস্ত্র হলো তাকে সাংস্কৃতিকভাবে আত্মবিশ্বাসহীন করে তোলা। তাকে বোঝানো যে তার নিজস্ব সংস্কৃতি ও শিল্প নেই। বাংলাদেশেও কয়েক দশক ধরে এমন হীনমন্যতার চর্চা হয়েছে। একপর্যায়ে দেশের মুরুব্বিরাও তা মেনে নিয়ে সংস্কৃতির সন্ধানে বাইরের দিকে হাত বাড়িয়েছেন। অথচ এ দেশের মাটিতেই লালন, হাসন, রাধারমণ ও করিমসহ শত শত অসাধারণ কবি-স্রষ্টার জন্ম হয়েছে।
হুমায়ূন আহমেদের সাংস্কৃতিক প্রভাব তুলে ধরে ফারুকী বলেন, একসময় একদল হীনমন্য সাংস্কৃতিক ঠিকাদার হুমায়ূন আহমেদকেও বাতিলের খাতায় ফেলে দিতে চেয়েছিলেন। কিন্তু তার প্রজন্ম সেই প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছিল।
তিনি বলেন, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক আইকন হুমায়ূন আহমেদ। তার কাছাকাছি প্রভাব রাখতে পেরেছিল বাংলাদেশের রক সংগীতের প্রজন্ম—আজম খান, আইয়ুব বাচ্চু, জেমসসহ অন্যরা।
নিজস্ব সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্ব তুলে ধরে সাবেক এই সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা বলেন, একটি জাতির আনন্দ, দুঃখ, সংশয়, সংগ্রাম ও বৈপরীত্যের রং একান্তই তার নিজস্ব। সেই গল্প বলার জন্য প্রয়োজন নিজস্ব কথক। অন্যের কণ্ঠ ধার করে নিজেদের জীবনের গল্প বলতে গেলে একসময় নিজেদের জীবনও অন্যের মতো হয়ে পড়ে।
ফারুকী আরও বলেন, স্বাধীনতার আগের সময়ে বাংলাদেশের নিজস্ব সাংস্কৃতিক কণ্ঠস্বর ছিলেন লালন, রাধারমণ, আব্বাসউদ্দিন, আব্দুল আলীম, হাসন রাজা, শাহ আবদুল করিম ও জীবনানন্দ দাশসহ অনেকে। তাদের সৃষ্টিই বাঙালির পরিচয় নির্মাণে ভূমিকা রেখেছে। স্বাধীনতা-পরবর্তী সময়ে কথাসাহিত্যের ক্ষেত্রে হুমায়ূন আহমেদ সেই নিজস্ব কথকের জায়গা করে নিয়েছিলেন।
সাবেক এই উপদেষ্টা জানান, সরকারে থাকার সময় বাংলাদেশের কিংবদন্তিদের উদযাপন করতে ধারাবাহিক উদ্যোগ নেওয়া হয়েছিল। এর অংশ হিসেবে লালবাগের কেল্লায় আলাউদ্দিন খাঁ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাবিনা ইয়াসমিনকে নিয়েও একটি অনুষ্ঠান হয়েছিল। হুমায়ূন আহমেদকে নিয়ে তৈরি করা হয়েছিল একটি প্রামাণ্যচিত্র, যার লিংক তিনি মন্তব্যের ঘরে শেয়ার করবেন বলে জানিয়েছেন।
এ ছাড়া বাংলাদেশের কিংবদন্তিদের নিয়ে একটি ক্যালেন্ডার তৈরির কাজও শুরু হয়েছিল বলে জানান ফারুকী। সেটির বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত নন তিনি। তবে কাজটি শেষ করে এ ধরনের উদযাপন অব্যাহত রাখা উচিত বলে মনে করেন মোস্তফা সরয়ার ফারুকী।

