বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে পরিবর্তন এসেছে। বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামান।
রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন মেজর জেনারেল মো. এমদাদ উল বারী। তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ ১৫ নভেম্বর থেকে বাতিল করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এ ছাড়া নতুন প্রজ্ঞাপনে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী মেজর জেনারেল ওয়াহিদ-উজ-জামানকে বিটিআরসির ব্যবস্থাপনা ও প্রশাসন ক্যাটাগরিতে কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে কমিশনের চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তার এ নিয়োগ কার্যকর থাকবে। তবে নিয়োগের শর্ত অনুযায়ী, তার অবসর-উত্তর ছুটি (পিআরএল) ও এ-সংক্রান্ত সুযোগ-সুবিধা স্থগিত থাকবে। পাশাপাশি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। নতুন নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

