এআইয়ের ওপর নির্ভরতা নয়, জ্ঞান অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রী
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়লেও শিক্ষার্থীদের নিজস্ব জ্ঞান ও চিন্তাশক্তির বিকল্প হতে পারে না প্রযুক্তি। তাই এআইয়ের ওপর নির্ভরশীল না হয়ে নিজেদের মেধা, জ্ঞান ও প্রজ্ঞা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু তথ্য থাকলেই হবে না, সেই তথ্য বোঝার ও বিশ্লেষণ করার মতো জ্ঞান থাকতে হবে। একই সঙ্গে প্রয়োজন প্রজ্ঞা।
শিক্ষার্থীদের মুখস্থনির্ভরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ভর্তি পরীক্ষায় ভালো করেও অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে গিয়ে পড়াশোনার সঙ্গে তাল মেলাতে পারছে না। বুয়েটের উপাচার্য তাকে এমন পরিস্থিতির কথা জানিয়েছেন।
এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা মুখস্থ করে আসছে, কিন্তু পরবর্তী সময়ে পড়াশোনার চাপের সঙ্গে খাপ খাওয়াতে পারছে না। এভাবে আর চলবে না। এআই দিয়ে ঘন ঘন প্রতিবেদন তৈরি করলেই শিক্ষার উদ্দেশ্য পূরণ হবে না। বরং এআইয়ের দেওয়া তথ্য সঠিক কি না, তা যাচাই ও বিচার করার সক্ষমতা অর্জন করতে হবে।
শিক্ষার প্রচলিত কাঠামো পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে চলে আসা গতানুগতিক পদ্ধতি থেকে বেরিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের শেখার পদ্ধতি ও শিক্ষকদের পাঠদানে সময়োপযোগী পরিবর্তন আনতে হবে।
এ লক্ষ্যে প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়নে রোববার গুগলের সঙ্গে বৈঠক হয়েছে। শ্রেণিকক্ষের কার্যক্রম পর্যবেক্ষণ এবং আধুনিক প্রযুক্তি ও এআইয়ের মাধ্যমে পাঠদান সহজ করার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। শিক্ষামন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয়গুলোর পরিবহনব্যবস্থা উন্নয়নে ২০০টি বাস দেওয়া এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নিজ হাতে ১ হাজার ৫০০টি কম্পিউটার বিতরণ করেছেন প্রধানমন্ত্রী। শিক্ষার অগ্রগতি নিয়েও তিনি নিয়মিত খোঁজখবর রাখছেন।
তিনি আরও বলেন, চলতি বছর ১০৭ জন সেরা শিক্ষককে পুরস্কৃত করা হয়েছে। আগামীতে বিজ্ঞানীদেরও পুরস্কৃত করার উদ্যোগ নেওয়া হবে। দেশের শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

-6afacb7f2867d.jpg)